পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও নরওয়ের মধ্যে মহাসাগর সম্পর্কিত বিষয়ে আলাপ-আলোচনার জন্য দু’দেশের মধ্যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরে অনুমোদন মিলেছে। এই মউ স্বাক্ষরের ফলে নীল অর্থনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি তথা উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে সহযোগিতা আরও বাড়বে। উল্লেখ করা যেতে পারে, নীল অর্থনীতির ক্ষেত্রে নরওয়ে বিশ্বের অগ্রণী দেশগুলির একটি। এমনকি, এ ধরণের অর্থনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্র যেমন – মৎস্যচাষ, হাইড্রো কার্বন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সামুদ্রিক সম্পদের সুস্থায়ী ব্যবহার ও নৌ-পরিবহণে এই দেশটির বিপুল অভিজ্ঞতা এবং সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে। প্রস্তাবিত এই মউ ভারতের হাইড্রো কার্বন, সামুদ্রিক সম্পদ, বন্দর পরিচালনা এবং পর্যতনের বিকাশে সহায়ক হবে। একই সঙ্গে, এই ক্ষেত্রগুলিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সুমেরু অঞ্চলে মহাসাগরীয় বাস্তুতন্ত্রের সমীক্ষা চালানোর ক্ষেত্রেও দু’দেশের বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে আশা করা যাচ্ছে।
CG/BD/SB