Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভব্য)-র মাধ্যমে নতুন যুগের শিল্পোন্নয়নে উৎসাহদানে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


 

নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভব্য)-র প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শিল্পোন্নয়নে গতি আসবে। দেশজুড়ে ১০০টি অত্যাধুনিক শিল্প পার্ক গড়ে তোলার জন্য ৩৩,৬৬০ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের যে শিল্প পরিকাঠামো গড়ে তোলা হবে তার সাহায্যে উৎপাদন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানো হবে, ভারতের উন্নয়ন যাত্রার জন্য যেটি সহায়ক ভূমিকা পালন করবে।

বিকশিত ভারতের জন্য ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর আওতায় ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি গড়ে তোলার সাফল্য অর্জিত হওয়ার পর ‘ভব্য’ প্রকল্পটি একইভাবে বাস্তবায়িত হবে। 

‘ভব্য’ প্রকল্পটি সহজে ব্যবসা-বাণিজ্য করার জন্য ‘এক জানালা’ ব্যবস্থাপনায় শিল্প স্থাপনের জন্য বিভিন্ন ক্ষেত্রের অনুমোদনকে নিশ্চিত করবে। আগে থেকেই প্রকল্পের জন্য জমি নির্ধারণ করা থাকবে। শিল্প স্থাপনের প্রয়োজনীয় পরিকাঠামোও সংশ্লিষ্ট শিল্প পার্কে মজুত থাকবে। এই প্রকল্পে ১০০ থেকে ১,০০০ একর জমি পাওয়া যাবে। একর পিছু ১ কোটি টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পের বাহ্যিক পরিকাঠামোর ক্ষেত্রে ২৫ শতাংশ ব্যয়ভার বহন করবে সংশ্লিষ্ট পার্ক কর্তৃপক্ষ। সংস্কারমুখী, বিনিয়োগ-বান্ধব প্রকল্পগুলিকে বাছাই করা হবে। 

পিএম গতিশক্তি নীতি অনুসরণ করে বহুক্ষেত্রীয় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ‘ভব্য’ প্রকল্পে পরিবেশ-বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে। এক অর্থে এই পার্কগুলি শিল্প সংক্রান্ত পরিকাঠামোর ক্ষেত্রে নতুন নির্ণায়ক ভূমিকা পালন করবে। এই প্রকল্পের ফলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রকল্পগুলির প্রাথমিক সুবিধাপ্রাপক হবে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, নতুন উদ্যোগ, আন্তর্জাতিক বিনিয়োগকারী – যাঁরা তৈরি একটি শিল্প পরিকাঠামো সহজেই ব্যবহার করতে পারবেন। প্রকল্পের দ্বিতীয় স্তরের সুবিধাপ্রাপকরা হলেন কর্মী, পণ্য পরিবহণকারী সংস্থার প্রতিনিধি, পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দারা।

শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের অধীনস্ত ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ১৩টি রাজ্যে ২০টি প্রকল্প বাস্তবায়িত করছে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক মানের শিল্প-বান্ধব স্মার্ট-সিটি গড়ে উঠবে। ভবিষ্যতে এই সংস্থা অত্যাধুনিক শিল্প পার্ক তৈরি করবে যেখানে জমি এবং অন্যান্য পরিকাঠামোর অনুমোদন আগেই পাওয়া যাবে। ফলে, শিল্প সংস্থাগুলিকে জমি অধিগ্রহণ অথবা পরিকাঠামো নির্মাণের জন্য সময় নষ্ট করতে হবে না। তারা দ্রুত উৎপাদন শুরু করবে।

SC/CB/DM