Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে নরওয়ের যুবরাজ হাকন এবং সেদেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরও যোগ দেন। ৫০টিরও বেশি সংস্থার সিইও এবং নরওয়ে ও ভারতের ব্যবসা ও গবেষণা ক্ষেত্রের আড়াইশোরও বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নমুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার পর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় যে গতির সঞ্চার হয়েছে, তা এই সম্মেলনে প্রতিফলিত হয়। 

এই সম্মেলনের আগে অসলোর ৪টি জায়গায় গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে স্বাস্থ্য সেবা সংক্রান্ত উদ্ভাবন, সামুদ্রিক সহযোগিতা, ব্যাটারি ও শক্তি সঞ্চয় পদ্ধতি, ডিজিটাইজেশন ও বৈদ্যুতিকীকরণ এবং বায়ুশক্তি নিয়ে আলোচনা হয়। 

প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তব্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার পর দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রশংসা করেন। বিনিয়োগের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া এবং ভারতে ১০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়ে ভারতের উচ্চ বিকাশ, জনবিন্যাসগত সুবিধা, প্রতিভা ও উচ্চাকাঙ্খাসম্পন্ন যুবশক্তি, সুদৃঢ় ব্যবসায়িক ব্যবস্থা এবং প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার উল্লেখ করেন তিনি। ভারতের সমুদ্র অর্থনীতি, জাহাজ নির্মাণ, দূষণমুক্ত শক্তির দিকে রূপান্তর, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য-প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ ও স্টার্ট আপ ক্ষেত্রে নরওয়ের সংস্থাগুলিকে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী মোদী ভারতের বিশাল আকার, ক্রমবর্ধমান জ্বালানী চাহিদা, জলবায়ু সংক্রান্ত অঙ্গীকার, পুনর্নবীকরণযোগ্য শক্তির দ্রুত বিস্তার, গ্রিড পরিকাঠামো, গ্রীন হাইড্রোজেন ও দূষণমুক্ত শক্তির ওপর জোর দিয়ে দূষণমুক্ত জ্বালানীর দিকে ভারতের রূপান্তরের আকাঙ্খা তুলে ধরেন। দূষণমুক্ত শক্তি ক্ষেত্রে বিনিয়োগ, সামুদ্রিক কার্বন নি:সরণ হ্রাস, সামুদ্রিক সুস্থিতি এবং জলবায়ুর জন্য অর্থ যোগানে নরওয়ের বিশ্বব্যাপী নেতৃত্বের প্রশংসা করেন তিনি। দুই দেশের ব্যবসায়িক মহলকে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার, সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করার এবং অর্থনৈতিক সহযোগিতা সুদৃঢ় করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

শীর্ষ সম্মেলনে ভারত ও নরওয়ের সংস্থাগুলির মধ্যে বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়। 

 

SC/SD/CS…