পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৫ মার্চ, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান ভূমি অধিগ্রহণ আইনের সংশোধন গ্রামাঞ্চলের সড়ক, হাসপাতাল, সেচ প্রকল্প, বিদ্যালয় ও অন্যান্য পরিকাঠামো, দরিদ্রদের জন্য বাসস্থান প্রভৃতির নির্মাণে বিশেষ প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী রাজ্যসভার সর্বস্তরের ও দলের সদস্যদের প্রতি কেন্দ্রীয় সরকারের সেই সব প্রয়াসকে সমর্থনের জন্য জোরালো আবেদন রাখেন যা উন্নয়নের লক্ষ্য পূরণে দেশের মানুষ যে রায় দিয়েছেন তা সম্পন্ন করতে পারে। এই সঙ্গেই যারা সরকারের উন্নয়ন প্রয়াসকে কৃষক বিরোধী বলে অপপ্রচার করছে তাদের কথায় বিভ্রান্ত হলে চলবে না বলে প্রধানমন্ত্রী কৃষকদের প্রতি আহ্বান জানান। শ্রী নরেন্দ্র মোদী, মধ্যপ্রদেশের খান্ডোয়ায় আজ শ্রী সিংগাজি তাপবিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়টিকে জাতির উদ্দেশে উৎসর্গ করার পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের কাজের শিলান্যাস করে ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বিপুল সংখ্যক মানুষের এই অনুষ্ঠানে উপস্থিতি প্রমাণ করে যে মানুষ উন্নয়নের প্রতি কতটা অঙ্গীকারবদ্ধ। শক্তিকে উন্নয়নের চাবিকাঠি বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, শক্তি হল আধুনিক জীবনের অচ্ছেদ্য অঙ্গ। আর, সেইজন্যই সকলকে বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে তাঁর অঙ্গীকারের কথা প্রধানমন্ত্রী আবার উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর গত ৯-১০ মাসে দেশে বিদ্যুৎ উৎপাদন প্রায় ১১ শতাংশ বেড়ে গেছে। বিদ্যুৎ সঞ্চয়ের গুরুত্বের উল্লেখ করে প্রধানমন্ত্রী বাড়ি-ঘর ও রাস্তার আলোর ক্ষেত্রে এল.ই.ডি. বাল্ব লাগানো সম্পর্কে সরকারি কর্মসূচির কথা বলেন এবং এর মাধ্যমে বিদ্যুৎ সঞ্চয়ের প্রয়োজনীয়তার কথা সকলকে স্মরণ করিয়ে দেন। সরকার দুর্নীতি রুখতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়ে শ্রী মোদী বলেন, কয়লা ব্লকের সফল নিলাম এর এক সার্থক উদাহরণ যা থেকে মধ্যপ্রদেশের বিরাট সুবিধা হবে। শ্রী সিংগাজি তাপবিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ে ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট চালু করা হচ্ছে আর দ্বিতীয় পর্যায়ে ৬৬০ মেগাওয়াটের দুটি ইউনিটের শিলান্যাসও হল এই সঙ্গেই। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান এবং কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।