পিএমইন্ডিয়া
২০২০ সালে ৩৬তম আন্তর্জাতিক ভূ-বিজ্ঞান আলোচনা সম্মেলন (ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল কংগ্রেস) আয়োজনের লক্ষ্যে ‘৩৬তম আন্তর্জাতিক ভূতাত্ত্বিক কংগ্রেস (আই জি সি)’ গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতীয় সমিতি নথিভুক্তি আইন, ১৮৬০ অনুসারে এই কংগ্রেস গঠন করা হবে। বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই কংগ্রেস গঠনের বিষয়টিতে সম্মতি দেওয়া হয়। ভারতীয় উপমহাদেশে ভূতত্ত্ব বিজ্ঞানের প্রসার ও উন্নয়নের লক্ষ্যে এই সম্মেলনটি আয়োজিত হবে দিল্লিতে ২০২০ সালের ২-৬ মার্চ পর্যন্ত। এজন্য ৫২ কোটি টাকার বাজেট বরাদ্দের বিষয়টিও অনুমোদন লাভ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার। সম্মেলনের উদ্যোগ আয়োজনের প্রস্তুতিপর্ব সেরে ফেলতে এই অর্থ ব্যয় করা হবে ২০১৮-১৯ সাল পর্যন্ত। মূল সম্মেলনের এক বছর আগে সংশোধিত ব্যয় বরাদ্দের হিসাব পেশ করে অতিরিক্ত সংস্থানের মঞ্জুরি চাওয়া হবে।
‘৩৬তম আন্তর্জাতিক ভূ্-বিজ্ঞান কংগ্রেস (আই জি সি)’ আয়োজনের যৌথ দায়িত্বে রয়েছে – কেন্দ্রীয় খনি এবং কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান এই দুটি মন্ত্রক। এদেশের বিজ্ঞানের পঠন-পাঠন ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করবে এর উদ্যোগ আয়োজনে। প্রতিবেশী দেশগুলির সহযোগিতাও পাওয়া যাবে এই সম্মেলন উপলক্ষে। আশা করা হচ্ছে, ৭ হাজারেরও বেশি ভূ-বিজ্ঞানী যোগ দেবেন ৫ দিনের এই সম্মেলনে।
খনিজ অনুসন্ধান, খনন কাজ, পরিবেশ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সমীক্ষা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা সহ ভূ-বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্র উপকৃত হবে কংগ্রেসে অংশগ্রহণকারী বিশিষ্ট বিজ্ঞানীদের মতামত ও পরামর্শ থেকে।
PG/SKD/SB