Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মধ্যপ্রদেশের খরা ও জলসঙ্কট পরিস্থিতি : পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর

মধ্যপ্রদেশের খরা ও জলসঙ্কট পরিস্থিতি : পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর


মধ্যপ্রদেশের খরা ও জলসঙ্কট পরিস্থিতির বিষয়টি পর্যালোচনার লক্ষ্যে উচ্চ পর্যায়ের এক বৈঠকেঐ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র ও রাজ্যস্তরের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী স্বয়ং।

বৈঠকের সূচনায় প্রধানমন্ত্রী জানান যে খরা কবলিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি পৃথক পৃথক বৈঠকে মিলিত হচ্ছেন। প্রতিটি রাজ্যের সুনির্দিষ্ট চাহিদা ও প্রয়োজন খতিয়ে দেখতে এবং জরুরীকালীন ভিত্তিতে তথা দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসেবে সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ সম্পর্কে মতবিনিময়ের লক্ষ্যে এই পর্যালোচনা বৈঠকগুলি অনুষ্ঠিত হচ্ছে।

খরা পীড়িত বিভিন্ন রাজ্যে এই ধরনের পর্যালোচনা বৈঠক আহ্বানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর রাজ্যে খরা ত্রাণে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও তিনি সবিস্তারে ব্যাখ্যা করেন এদিনের বৈঠকে। তিনি জানান, ত্রাণ সহায়তা হিসেবে রাজ্যের ৬১ লক্ষকৃষককে দেওয়া হয়েছে মোট ৪,৬৬৪ কোটি টাকা। এযাবৎকালের মধ্যে এটাই মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া সবথেকে বেশি পরিমাণ ত্রাণ সহায়তা বলে তিনি উল্লেখ করেন।

শ্রী চৌহান আরও জানান যে গত ১০ বছরে গৃহীত বিভিন্ন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে খরা মোকাবিলায় তাঁর রাজ্য এখন মোটামুটিভাবে প্রস্তুত। জল সংরক্ষণ ও মজুত করে রাখার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোও গড়ে তোলা হয়েছে। উপর্যুপরি দু’বছর বৃষ্টিপাতে ঘাটতি সত্ত্বেও রাজ্যের মাত্র ১১৩টি গ্রামে জলের যোগানের ব্যবস্থা করতে হয়েছে। এমনকি, জুনের শেষ পর্যন্ত যদি বৃষ্টি নাও হয়, রাজ্যের ৫০ হাজার গ্রামের মধ্যে মাত্র ৪০০ গ্রামে জলসঙ্কট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ‘প্রধানমন্ত্রী কৃষি সিচাঁই যোজনা’ রূপায়ণের বিষয়টিকে তাঁর রাজ্য বিশেষ অগ্রাধিকার দিয়েছে বলেও প্রসঙ্গত উল্লেখ করেন তিনি।

‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ সফল করে তোলার লক্ষ্যে মধ্যপ্রদেশে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে, বৈঠকে তা ব্যাখ্যা করেন শ্রী চৌহান।

ক্ষুদ্র সেচ প্রকল্প, তরল সারের ব্যবহার, মহাকাশ প্রযুক্তির প্রয়োগ এবং কৃষিকাজের জন্য জলের উৎস সন্ধান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে মতবিনিময় করেন শ্রী মোদী ও শ্রী চৌহান।

জল সংরক্ষণ ও মজুত করার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা প্রসারের উদ্যোগ-আয়োজন সম্পর্কেও কথা বলেন তাঁরা। এই কাজে এনসিসি, এনএসএস, এনওয়াইকে এবং স্কাউট্‌স অ্যান্ড গাইড্‌স-এর মতো যুব সংগঠনগুলিকে যুক্ত করার পক্ষে মত প্রকাশ করা হয় আলোচনাকালে। বৃক্ষরোপণ এবং নর্মদা নদীর তটবর্তী এলাকা সুরক্ষিত রাখার ওপরও জোর দেন দুই নেতা।

খরা ও জলসঙ্কট পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করে যাবে বলে সঙ্কল্প গ্রহণ করা হয় এদিনের পর্যালোচনা বৈঠকে।

PG/SKD/DM/S