Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মোজাম্বিক সফরকালে ভোজসভায় প্রদত্ত ভারতের প্রধানমন্ত্রীর ভাষণ (০৭ জুলাই, ২০১৬)

মোজাম্বিক সফরকালে ভোজসভায় প্রদত্ত ভারতের প্রধানমন্ত্রীর ভাষণ (০৭ জুলাই, ২০১৬)


মহামান্য প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি,

ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ,

মাননীয় প্রেসিডেন্ট, আপনার সুন্দর কথাগুলি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। ভারত-মোজাম্বিক সম্পর্ককে শক্তিশালী করে তোলার লক্ষ্যে আপনার চিন্তাভাবনার জন্য অশেষ ধন্যবাদ। একই সঙ্গে আমি ধন্যবাদ জানাই মোজাম্বিকের সরকার ও জনসাধারণকে তাঁদের আন্তরিক অভ্যর্থনা ও সাদর আপ্যায়নের জন্য।


মাননীয় প্রেসিডেন্ট,
আমাদের এই দুটি দেশের সম্পর্ক নতুন কিছু নয়। এদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মানুষ মোজাম্বিককেই তাঁদের স্বদেশভূমি বলে মনে করে। আমি শুনেছি যে, ভারতের বিভিন্ন প্রান্তে সিদ্দি সম্প্রদায়ের যে সমস্ত মানুষ বসবাস করেন, তাঁদের অনেকেরই পূর্বপুরুষ মোজাম্বিকের অধিবাসী ছিলেন। এই সম্প্রদায় আমাদের দুটি দেশের যুগ যুগ সম্পর্কের এক উজ্জ্বল সাক্ষ্য বহন করে চলেছে। আর এইভাবেই তাঁদের ঐতিহ্য, চিন্তাভাবনা, সংস্কৃতি ও বাণিজ্যিক লেনদেনের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশের জনসাধারণ।


মাননীয় প্রেসিডেন্ট,
আমাদের দুটি দেশই ঔপনিবেশিক শাসনকালে দুঃখ-কষ্ট সহ্য করে এসেছে। মোজাম্বিকের ক্ষেত্রে এই সংগ্রাম ছিল দীর্ঘতর। স্বাধীনতা লাভের পর ঔপনিবেশিক শাসন থেকে মোজাম্বিকের মুক্তির সমর্থনে যে সমস্ত প্রথম দেশ এগিয়ে এসেছিল, ভারত ছিল তার অন্যতম। আমরা গর্বিত যে, ১৯৭৫ সালে এক স্বাধীন জাতির মর্যাদা লাভ করেছে মোজাম্বিক।

বর্তমানে সাম্প্রতিক দশকগুলিতে বিশ্বে দ্রুত অর্থনীতিতে গড়ে ওঠা একটি দেশ হিসাবে আমরা মোজাম্বিকের সপ্রশংস উল্লেখ করি। মাননীয় প্রেসিডেন্ট, কতকগুলি সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখী আমাদের এই দুটি উন্নয়নশীল দেশ। তাই, উন্নয়ন ও অর্থনীতির ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব আমাদের দু’দেশের সম্পর্কের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে।

আমাদের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও বেশি করে নিবিড় হয়ে উঠেছে সাম্প্রতিক বছরগুলিতে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। এই লক্ষ্যে মোজাম্বিকের সঙ্গে অভিজ্ঞতা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং আপনাদের অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধাজনক হারে ঋণ সহায়তা প্রসারের জন্য ভারত প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

মোজাম্বিকের স্বাধীনতা লাভের ৪০তম বার্ষিকী উদযাপিত হয়েছে গত বছর। একইসঙ্গে ঐ বছরটি ছিল আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও ৪০তম বার্ষিকী। ঐ সময়ে দুটি দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে অতীতের থেকে অনেক অনেক বেশি। এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, ২০১৫ সালের আগস্ট মাসে ভারতে আপনার রাষ্ট্রীয় সফর। পরবর্তীকালে ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ বৈঠকে এদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর আমাদের বিশেষভাবে সম্মানিত করেছে। মাননীয় প্রেসিডেন্ট, আমি জানি যে, আমিই হলাম ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি গত ৩৪ বছরের মধ্যে মোজাম্বিক সফরে এসেছেন। সময়ের এই দীর্ঘ ফারাক বা ব্যবধান থাকা কখনই উচিৎ ছিল না। তবে, ভবিষ্যতে যে এর পুনরাবৃত্তি ঘটবে না, সে সম্পর্কে আমি দৃঢ় বিশ্বাসী


শুধুমাত্র এই কথাক’টি বলে, মাননীয় ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ,
আসুন আমরা সকলে মিলে মহামান্য প্রেসিডেন্ট ফিলিপ জ্যাসিন্টো ন্যুসির সুখ, স্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। আমরা কামনা করি, মোজাম্বিকের জনসাধারণের স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি। একই সঙ্গে আমরা কামনা করি ভারত ও মোজাম্বিকের মধ্যে মৈত্রী ও সহযোগিতার এক নিবিড় বন্ধন।

PG/SKD/SB/S