Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রেল ক্ষেত্রে ভারত ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে স্বাক্ষরিত মউ সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে অবহিত করা হল


 

রেল ব্যবস্থায় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রকে আরও মজবুত ও প্রসারিত করার জন্য ভারত ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যে গত ১০ জুলাই যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়েছে সে ব্যাপারে বুধবার (২৯ আগস্ট, ২০১৮) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অবহিত করা হয়। উল্লেখ করা যেতে পারে, ভারতের রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (আরডিএসও) এবং কোরিয়ার রেলরোড রিসার্চ ইনস্টিটিউট (কেআরআরআই)-এর মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।

এই মউ স্বাক্ষরের ফলে ভারতীয় রেল সে দেশের রেল সংস্থার সঙ্গে সর্বশেষ অগ্রগতি ও সর্বাধুনিক জ্ঞান নিয়ে মতবিনিময় ও আলাপ-আলোচনা করতে পারবে। একইসঙ্গে, দুই দেশের রেল সংস্থার মধ্যে বিশেষজ্ঞ, রিপোর্ট ও প্রযুক্তিগত নথিপত্র বিনিময়ের পাশাপাশি বিশেষ প্রযুক্তিগত ক্ষেত্রে গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ শিবির, আলোচনাসভা বা কর্মশিবির আয়োজনের ক্ষেত্রেও সমঝোতাপত্রটি সহায়ক হবে। জ্ঞান আদান-প্রদানের ব্যাপারেও এই সমঝোতাপত্রের বিশেষ ভূমিকা থাকবে।

একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে একটি কাঠামো গঠনেও এই সমঝোতা বড় ভূমিকা নেবে। এই ক্ষেত্রগুলি হল –

·         পারস্পরিক স্বার্থে যৌথ গবেষণার পরিকল্পনা রচনা ও তার সম্পাদন;

·         ভারতে সর্বাধুনিক গবেষণা ও উন্নয়নকেন্দ্র স্থাপনে সহযোগিতা,

·         প্রযুক্তিগত বিষয়ে সেমিনার আয়োজনের পরিকল্পনা ও তা কার্যকর করা,

·         ভারতের আরডিএসও কর্মীদের জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি,

·         নির্দিষ্ট প্রকল্পগুলির জন্য আরডিএসও এবং সে দেশের কেআরআরআই-এর কর্মী বিনিময় কর্মসূচি,

·         দুই দেশে রেল শিল্পের সার্বিক উন্নয়নে শলা-পরামর্শ এবং

·         উভয় পক্ষের সহমতের ভিত্তিতে অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি।

CG/BD/DM