পিএমইন্ডিয়া
ভারত সফরে আসা সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী শেখ আব্দুল্লা বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি| আর্থিক ও কারিগরী সহযোগিতা বিষয়ক ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর যৌথ কমিশনের একাদশতম বৈঠকে বিদেশমন্ত্রী সহ-সভাপতিত্ব করবেন|
প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর তাঁর সাম্প্রতিক সফরকে বিশেষভাবে সফল বলে আখ্যায়িত করে বলেন, এই সফর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন পথের দিশা চিহ্নিত করেছে | এটা শুধুমাত্র দু’দেশের জন্যই লাভজনক হবে না, সমগ্র এশিয়া ও তার বাইরেও শান্তি ও সম্প্রীতির ক্ষেত্রে প্রভাব ফেলবে| বিজ্ঞান, নতুনত্বের প্রবর্তন ও মানবিক উদ্যমের সম্ভাবনার পরিচর্যার মধ্য দিয়ে দেশকে রুপান্তরের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহীর নেতৃত্বের লক্ষ্য ও দূরদৃষ্টির গভীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী|
প্রধানমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরশাহীতে তাঁর সফরের পরিপ্রেক্ষিতে সে দেশের বিদেশমন্ত্রীর বর্তমান সফর দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুনভাবে খুঁজে পাওয়া গতিমানতাকে প্রতিফলিত করে| তাঁর সফরকালে যে সব সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেগুলোর বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলে তিনি গভীর সন্তোষ ব্যক্ত করেন |
সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী জানান, দু’দেশের মধ্যে ব্যাপক সামরিক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রটিকে তাঁরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছেন| তিনি পুনর্বার একথা বলেন যে, গত আগস্ট মাসে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় বানিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, শক্তি, মহাকাশ, পুনর্নবীকরণ শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, পর্যটন এবং দু’দেশের জনগনের মধ্যে যোগাযোগ সহ যে সব ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছিল সেগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে সংযুক্ত আরব আমিরশাহী প্রতিশ্রুতিবদ্ধ|
উভয়ের মধ্যে এই আলোচনায় অন্যান্য বিষয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রণী ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়ন, ভারতে নির্মান শিল্প স্থাপনে সংযুক্ত আরব আমিরশাহীর বিনিয়োগ এবং তৃতীয় কোন দেশে সহযোগিতার ক্ষেত্রকে শক্তিশালী করা ইত্যাদি সহ দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনার বিভিন্ন বিষয়ও উঠে আসে|
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আবু-ধাবির ক্রাউন প্রিন্সের সুবিধাজনক সময়ে ভারত সফরে আসার উদ্দেশ্যে তাঁর আমন্ত্রনের প্রসঙ্গটি পুনরায় উল্লেখ করেন|
SC/AD/AGT/S
Had productive discussions with His Highness Sheikh Abdullah Bin Zayed Al Nahyan, UAE's Foreign Minister. http://t.co/iq2POf6630
— Narendra Modi (@narendramodi) September 3, 2015