পিএমইন্ডিয়া
ভারত ও মরিশাসের মধ্যে আন্তঃসরকারি পর্যায়ে সমবায় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে একটি চুক্তি সম্পাদনের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। বৃহস্পতিবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দু-দেশের মধ্যে এই চুক্তিটির মেয়াদ হবে প্রাথমিকভাবে ৫ বছর। মেয়াদ শেষে তা আরও ৫ বছরের জন্য বাড়ানোরও সংস্হান রয়েছে চুক্তির শর্তাবলীতে। চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্যগুলি সফল করে তুলতে দ্বি-পাক্ষিক সম্মতিতে ছকে ফেলা হবে একটি কর্মপরিকল্পনা। স্বল্প এবং মধ্য মেয়াদি কর্মসূচীর ভিত্তিতে সহযোগিতা সম্প্রসারণের কথা বলা হয়েছে চুক্তিটির আওতায়।
প্রসঙ্গত উল্লেখ্য, মরিশাসের সমবায় উন্নয়ন তহবিল (CDF ) এবং ভারতের জাতীয় সমবায় ইউনিয়ন(NCUI)-এর মধ্যে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্হা গড়ে তুলতে বিশেষ আগ্রহী মরিশাস সরকার। কারণ ওই দেশের সমবায়ের বিকাশ ও উন্নয়নে ভারতের সমবায় সংস্হাটির জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে ইচ্ছুক মরিশাস প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে দু-দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ও আলোচনার পর এই সহযোগিতা চুক্তি সম্পাদনের বিষয়টিতে দু-দেশই সম্মতি প্রকাশ করে।
PG/SKD/NS/SS