Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সাইপ্রাসের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃ

সাইপ্রাসের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃ


নতুন দিল্লি, ২২ মে, ২০২৬

 

মাননীয় সাইপ্রাসের রাষ্ট্রপতি,
দুই দেশের প্রতিনিধিরা,
সংবাদমাধ্যমের বন্ধুরা,

নমস্কার!

কালিমেরা

সাইপ্রাসের রাষ্ট্রপতি এবং তাঁর প্রতিনিধিদলকে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। রাষ্ট্রপতিজি, গত বছর আপনি সাইপ্রাসে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। ভারতের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে, আপনি আমাকে সাইপ্রাসের সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছিলেন।   

পুরো সফরকালে, আমরা আপনার উষ্ণতা, ভালোবাসা এবং ভারতের প্রতি আপনার বিশেষ যোগাযোগ দারুণভাবে অনুভব করেছি। আর আজ, আপনার ভারত সফর আমাদের যৌথ যাত্রাপথে আগামী দিনের গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করছে।

বন্ধুগণ, 

ভারত ও সাইপ্রাসের বন্ধুত্ব শক্তিশালী এবং ভবিষ্যৎ-এর বিভিন্ন চাহিদা পূরণ করবে। গণতন্ত্র এবং আইনের শাসনের মতো মূল্যবোধের প্রতি অভিন্ন আস্থাই আমাদের অংশীদারিত্বের ভিত্তি। আমরা প্রত্যেক দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি। ভারত এই নীতিগুলির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ ছিল,আছে এবং থাকবে।     

এবং আজ, যখন ভারত ও ইউরোপ তাদের সম্পর্কের নতুন এক স্বর্ণযুগে প্রবেশ করছে; ঠিক সেই সময়ই সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব করছে, পাশাপাশি ভারত এবং সমগ্র ইউরোপের মধ্যে বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবেও বিবেচিত হচ্ছে।  

বন্ধুগণ,

সাইপ্রাস ভারতের প্রথম ১০টি বিনিয়োগকারী দেশের মধ্যে অন্যতম; গত এক দশকে সাইপ্রাস থেকে ভারতে বিনিয়োগ প্রায় দ্বিগুণ হয়েছে। দুই দেশের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। ভারত-ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি বহু নতুন নতুন সুযোগে তৈরি করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে, আমরা আগামী পাঁচ বছরে এই বিনিয়োগের পরিমাণকে আবারও দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছি। এবং এই লক্ষ্য পূরণের জন্য, আজ আমরা আমাদের বিশ্বস্ত সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করছি।   
 
বন্ধুগণ,

ভারত ও সাইপ্রাসের মধ্যে এই কৌশলগত অংশীদারিত্ব উভয় দেশের আর্থিক ও পরিষেবা কেন্দ্রগুলোকে যুক্ত করে ব্যবসা বাণিজ্যের জন্য পুঁজি আনতে সহায়ক হবে। এটি সাইপ্রাসের পরিকাঠামো, জ্বালানী এবং কৃষি ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলির জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং ভারতের দ্রুত বর্ধনশীল জাহাজ ও সামুদ্রিক ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসবে।  

সাইপ্রাসের সঙ্গে, আমরা গিফট সিটিকে আন্তর্জাতিক মানের একটি আর্থিক পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্নকে ত্বরান্বিত করব এবং দুই দেশের উদ্ভাবন ও স্টার্ট-আপ ব্যবস্থাপনার মধ্যে সংযোগ বৃদ্ধি করব।  

বন্ধুগণ,

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাও আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিগত কয়েক বছরে দুই দেশের মধ্যে সামরিক তথ্য বিনিময় এবং প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আজ আমরা সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি।  

এছাড়াও, আমরা ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগ এবং ইন্ডিয়া-মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করতে একসঙ্গে কাজ করব।  

বন্ধুগণ,

সাইপ্রাসে বসবাসকারী ভারতীয় পেশাদার ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা আমাদের দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করছেন। এই সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে, আমরা শীঘ্রই একটি অভিবাসন ও এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে অংশীদারিত্ব এবং একটি সামাজিক সুরক্ষা চুক্তি কার্যকর করতে সম্মত হয়েছি।  

আজ আমরা সংস্কৃতি ও উচ্চশিক্ষা বিষয়েও চুক্তি স্বাক্ষর করছি, এর ফলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতা আরও নিবিড় হবে। 

বন্ধুগণ,

আজ আমরা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছি। ইউক্রেন বা পশ্চিম এশিয়া — সর্বত্র আমরা শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের দ্রুত অবসানের উদ্যোগকে সমর্থন করে যাব। আমরা এ বিষয়েও একমত যে, পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান বিভিন্ন সমস্যার মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি ও গুরুত্বপূর্ণ।     
 
সুধী, 

ভারত ও সাইপ্রাসের সম্পর্ক বারবার সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজ, ভারত-সাইপ্রাস কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে নতুন গতি দিতে চলেছি। 

আসুন আমরা একসঙ্গে আমাদের সম্পর্ককে সহযোগিতার মাধ্যমে যৌথ ভাবে নির্মাণে এবং অংশীদারিত্বের মাধ্যমে  সমৃদ্ধশালী হতে উঠতে সাহায্য করি। 

আমরা ভারত ও সাইপ্রাস—একসঙ্গে একটি নিরাপদ, সমৃদ্ধশালী ও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলব।

আপনাদের অনেক অনেক ধন্যবাদ। 

 

SC/CB/SKD