পিএমইন্ডিয়া
সাইবার নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও জাপানের সঙ্গে ভারতর স্বাক্ষরিত মউ বা বিভিন্ন চুক্তি সম্পর্কে আজ বিশদভাবে আলোচনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অবহিত করা হয় ঐ চুক্তিগুলির খুঁটিনাটি বিষয়ে।
সাইবার নিরাপত্তা ক্ষেত্রে ভারত ও মালয়েশিয়ার মধ্যে মউটি স্বাক্ষরিত হয় ভারতের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরকালে। ২০১৫-র ২৩ নভেম্বর মউ সম্পাদিত হয় কুয়ালালামপুরে।
সিঙ্গাপুরের সঙ্গে সাইবার নিরাপত্তা সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয় ২৪ নভেম্বর, ২০১৫ তারিখে। ভারতের প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর সফরকালে এই চুক্তিটি সম্পাদন করা হয়।
সাইবার নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত ও জাপান চুক্তিবদ্ধ হয় ২০১৫ সালের ৭ ডিসেম্বর কূটনৈতিক পর্যায়ে বিনিময়ের মাধ্যমে। পরে, দু’পক্ষ এই চুক্তি সম্পাদনের কাজ সম্পূর্ণ করে ২০১৫-র ২২ ডিসেম্বর।
মালয়েশিয়া, সিঙ্গাপুর ও জাপানের সঙ্গে ভারতের সাইবার নিরাপত্তা সম্পর্কিত এই চুক্তি সম্পাদনের ফলে সংশ্লিষ্ট দেশগুলির সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনা সম্পর্কে সম্যক জ্ঞান, অভিজ্ঞতা, প্রস্তাব গ্রহণ ও প্রতিরোধের ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার বাতাবরণ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
PG/SKD/DM/