Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়লাভের জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা এখনও আসছে


সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে বিশ্ব নেতৃবৃন্দের শুভেচ্ছাবার্তা এখনও আসছে। প্রধানমন্ত্রী শ্রী মোদীকে টেলিফোনে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন, কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি, জার্মানির চ্যান্সেলর শ্রীমতী আঙ্গেলা মেয়ারকেল, গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী শ্রী থেরেসা মে এবং শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী মাহিন্দা রাজাপাক্সে শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য প্রধানমন্ত্রী সৌদি আরবের যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতবাসীর প্রতি তাঁর নিবিড় বন্ধুত্ব এবং উভয় দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে ব্যক্তিগত আগ্রহের জন্য প্রধানমন্ত্রী সৌদি যুবরাজের প্রশংসা করেন।

কাতারের আমীর প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীরতর করার আহ্বান জানিয়েছেন। সেদেশের আমীরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে মজবুত অংশীদারিত্ব গড়ে তুলতে তাঁর দক্ষতার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জার্মানির চ্যান্সেলর মেয়ারকেল দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা উল্লেখ করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতাকে আরও সম্প্রসারিত করার ব্যাপারে তাঁর আগ্রহ প্রকাশ করেন। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসারে তথা বিশ্ব শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে শ্রীমতী মেয়ারকেল যে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছেন, তার উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী তাঁর ভুয়সী প্রশংসা করেন। জাপানের ওসাকা শহরে আসন্ন জি-২০ শীর্ষ বৈঠকের ফাঁকে মুখোমুখি আলোচনার ব্যাপারেও উভয় নেতা আগ্রহ প্রকাশ করেন। চলতি বছরের শেষ দিকে ভারতে দু’দেশের মধ্যে আন্তঃসরকারি আলোচনায়-ও দুই নেতা সম্মতি প্রকাশ করেন।

গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জনাদেশের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। সাধারণ নির্বাচনকে গণতন্ত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী থেরেসা মে ভারতের সাধারণ নির্বাচন সফলভাবে শেষ হওয়ায় দেশবাসীর বিচক্ষণতার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মোদী তাঁকে ধন্যবাদ জানিয়ে সেদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার লক্ষ্যে একযোগে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।

শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রাজাপাক্সেকে তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ভারত ও শ্রীলঙ্কা দুই প্রতিবেশী দেশের মধ্যে সুস্থায়ী, নিবিড় ও মৈত্রীপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী মোদী আস্থা প্রকাশ করে বলেন, দুই দেশের মধ্যে এই সম্পর্ক উভয় দেশের মানুষের স্বার্থে এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আরও প্রসারিত হবে।

SSS/BD/SB