Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী

সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৮ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোথেনবার্গে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সুইডেনের যুবরানি ভিক্টোরিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। রাজা কার্ল ষোড়শ গুস্তাফ এবং রানি সিলভিয়ার তরফ থেকে প্রধানমন্ত্রীকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। সুইডেনের রাজার ৮০তম জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

ভারত-সুইডেন সম্পর্কের বিস্তারিত দিক নিয়ে উভয় নেতা পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও বিনিয়োগ, উদ্ভাবন, পরিবেশ-বান্ধব রূপান্তর, উদ্ভূত প্রযুক্তি, প্রতিরক্ষা ও সুরক্ষা, ডিজিটাইজেশন, এসএমই ক্ষেত্রসমূহ, মহাকাশ, গবেষণা, শিক্ষা, সংস্কৃতি এবং জনসম্পর্ক বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্কে বর্ধিত গতিশীলতার কথা উল্লেখ করেন তাঁরা। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে উদ্ভাবন, সুস্থায়িত্ব এবং গবেষণা ও উন্নয়ন সম্পর্কিত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ব্যাপারে তাঁরা যৌথ দায়বদ্ধতা ব্যক্ত করেছেন। উচ্চপর্যায়ে নিয়মিত রাজনৈতিক আলোচনা ও প্রাতিষ্ঠানিক মতবিনিময় বর্ধিত অংশীদারিত্বে দিশা রচনা করতে পারে বলে তাঁরা মনে করেন।

উভয় নেতা ভারত-সুইডেন সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সহমত হয়েছেন। এই কৌশলগত অংশীদারিত্ব চারটি মূল ভিত্তিতে চালিত হবে। এগুলি হল – সুস্থায়িত্ব ও সুরক্ষার স্বার্থে কৌশলগত আলোচনা, পরবর্তী প্রজন্মের অর্থনৈতিক অংশীদারিত্ব, উদ্ভূত প্রযুক্তি, নির্ভরযোগ্য সংযোগ এবং জনগণ, ধরিত্রী, স্বাস্থ্য এবং স্থিতিশীলতার দিকে তাকিয়ে ভবিষ্যৎকে যৌথভাবে রূপ দেওয়া। উভয় নেতা ভারত-সুইডেন যৌথ কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, প্রতিরক্ষা, জলবায়ু এবং জনসম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার এক সর্বাত্মক নকশা প্রদান করা হয়েছে। 

উভয় নেতা সদ্যসমাপ্ত ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে তা এক নতুন অধ্যায় রচনা করেছে। বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সম্পর্ককে আরও গভীরতা দিতে সিদ্ধান্তগত দ্রুত রূপায়ণের ওপর জোর দিয়েছেন দুই প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী উদ্ভাবন, পরিবেশ-বান্ধব জ্বালানি, অত্যাধুনিক নির্মাণ, পরিবেশ-বান্ধব পরিবহণ এবং ডিজিটাল রূপান্তরের মতো কৌশলগত ক্ষেত্রগুলিতে ভারতের সঙ্গে সুইডেনের নিরবচ্ছিন্ন সম্পর্কের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের গৃহীত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, সুইডেনের অর্থনীতি ও উদ্ভাবন পরিমণ্ডলে ভারতীয় সম্প্রদায়ের সদর্থক অবদান রয়েছে। ভারতের বিকাশ যাত্রায় আরও বেশি করে সুইডেনের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে শ্রী মোদী।

দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক এবং বৈশ্বিক নানা বিষয়ে উভয় নেতা পরস্পরিক মতবিনিময় করেছেন। রাষ্ট্রসঙ্ঘ এবং অন্য বহুরাষ্ট্রীয় সংগঠনগুলির দ্রুত সংস্কারের ওপর তাঁরা জোর দিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সুইডেনের দৃঢ় সমর্থনকে ধন্যবাদ জানান শ্রী মোদী। শান্তি, সুস্থায়িত্ব ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল এবং সুস্থায়ী অর্থনৈতিক বিকাশে উভয় নেতা তাঁদের পারস্পরিক দায়বদ্ধতার কথা পুনরায় ব্যক্ত করেছেন।

 

SC/AB/DM…