Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কর্মীদের জন্য উন্নত স্বেচ্ছা অবসর প্রকল্প এবং যৌথ উদ্যোগের মাধ্যমে সংস্থার পুনর্গঠনে অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ কলকাতার হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এইচ.ডি.পি.ই.এল.) সংস্থার জন্য একটি উন্নত স্বেচ্ছা অবসর প্রকল্পের অনুমোদনের পাশাপাশি যৌথ উদ্যোগের মাধ্যমে ঐ সংস্থার পুনর্গঠনের প্রস্তাব মঞ্জুর করেছে। উন্নত ঐ স্বেচ্ছা অবসর প্রকল্পটি আই.ডি.এ. ২০০৭-এর সঙ্গে যুক্ত বেতন হারের ভিত্তিতে করা। এই প্রকল্পটি তিন মাসের জন্য উন্মুক্ত থাকবে আর এক্ষেত্রে এক মাস মেয়াদ সম্প্রসারণের সুযোগ আছে। উন্নত স্বেচ্ছা অবসর প্রকল্প রূপায়ণের পর, বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যৌথ উদ্যোগে সংস্থাটির পুনর্গঠনের চেষ্টা হবে আর তা ব্যর্থ হলে এই সংস্থার বিলগ্নীকরণ করা হবে।

উন্নত এই স্বেচ্ছা অবসর প্রকল্প রূপায়ণের ফলে এইচ.ডি.পি.ই.এল. – এর জনবল যথেষ্ট হ্রাস পাবে এবং সংস্থার আকার কমাতে সাহায্য করবে। এরপর, এইচ.ডি.পি.ই.এল. পুনর্গঠনের উপযোগী হয়ে উঠবে।

বর্তমান স্বেচ্ছা অবসর প্রকল্পটি পুরোনো প্রাক্ সংশোধিত হারের ভিত্তিতে করা আর তাই উন্নত স্বেচ্ছা অবসর প্রকল্প চালু করার ফলে এইচ.ডি.পি.ই.এল. – এর কর্মীদের মধ্যে যাঁরা এটি বেছে নেবেন তাঁদের ক্ষেত্রে অবসরকালীন সুযোগ-সুবিধা আরও বেশি প্রাপ্য হবে। মন্ত্রিসভার এই সিদ্ধান্ত কর্মীদের কল্যাণ ও তার সঙ্গে সঙ্গে রাজকোষে নিয়মিত হারে ঘাটতি কমাতে সাহায্য করবে।

উল্লেখ করা যেতে পারে যে, ১৮১৯ সালে গড়ে ওঠা এইচ.ডি.পি.ই.এল. ১৯৭৩ সালের পোর্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস – এর সঙ্গে মিশে যায় আর এটি অ্যান্ড্রু ইয়ুল সংস্থার নিয়ন্ত্রণে আসে। ১৯৮৪ সালে এই সংস্থার জাতীয়করণ হয় এবং এর নাম হয় হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এই সংস্থার দুটি ইউনিট-ই হুগলি নদীর তীরে সালকিয়া ও নাজিরগঞ্জে অবস্থিত এবং দুটি-ই প্রচুর লোকসানে চলছে।

PG/SB/S