Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

১৫ অক্টোবর এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াদলের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৫ অক্টোবর, ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিটে নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ২০২৬ সালের এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াদলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এই উপলক্ষে তিনি উপস্থিত সমাবেশে ভাষণ দেবেন।
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের এশিয়ান গেমসে ভারত পদক তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে। ভারতীয় ক্রীড়াবিদরা মোট ৮৫টি পদক জয় করেছেন। এর মধ্যে রয়েছে ২১টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ৩৭টি ব্রোঞ্জ পদক। এশিয়ান গেমসে পরপর দ্বিতীয়বার প্রথম পাঁচটি দেশের মধ্যে স্থান অর্জনের মাধ্যমে ভারত বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে তার ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক সক্ষমতার পরিচয় দিয়েছে।
এই প্রতিযোগিতায় ভারত একাধিক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। রিকার্ভ তিরন্দাজিতে ঐতিহাসিক সাফল্যের পাশাপাশি একই আসরে পুরুষ ও মহিলা – উভয় হকি দল স্বর্ণপদক জয় করেছে। সফট টেনিস ও মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)-এ ভারত প্রথমবার পদক অর্জন করেছে। মহিলাদের ট্র্যাপ ইভেন্টেও ভারত প্রথমবার স্বর্ণপদক জয় করেছে। এ ছাড়া, এশিয়ান গেমসে ২৮ বছর পর ভারোত্তোলনে রৌপ্যপদক অর্জন এবং গ্রেকো-রোমান কুস্তিতে ৬৪ বছর পর কোনও ভারতীয় ক্রীড়াবিদের ফাইনালে পৌঁছে রৌপ্যপদক জয় বিশেষ তাৎপর্যপূর্ণ।

এই অনুষ্ঠানে ভারতীয় ক্রীড়াদলের সদস্যদের পাশাপাশি তাঁদের প্রশিক্ষক ও সহায়ক কর্মীরা উপস্থিত থাকবেন। এ ছাড়া, ভারতীয় অলিম্পিক সংস্থার আধিকারিক, জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলির প্রতিনিধিবৃন্দ এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

SC/PM/SB…