Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২০২৫ ব্যাচের প্রশিক্ষণরত আইএফএস আধিকারিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন

২০২৫ ব্যাচের প্রশিক্ষণরত আইএফএস আধিকারিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন


নতুন দিল্লি, ২৪ অগাস্ট, ২০২৬

 

ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)-এর ২০২৫ ব্যাচের প্রশিক্ষণরত আধিকারিকরা আজ সকালে সেবা তীর্থে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। এই দলে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা ৫০ জন আইএফএস আধিকারিক শিক্ষার্থী ছিলেন।

প্রধানমন্ত্রী এই তরুণ কূটনীতিকদের তাদের যে দেশে পোস্টিং হবে, সেখানে তৃণমূল স্তরে জোরালো যোগাযোগ গড়ে তুলতে এবং সেখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে ভারতের সংযোগ আরও গভীর করে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, কোন দেশের সরকার ও প্রতিষ্ঠানগুলির সঙ্গেই শুধু নয়, ভারতীয় দূতাবাসগুলির উচিত সেখানকার স্থানীয় মানুষের সঙ্গেও অর্থবহ সম্পর্ক গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের প্রচলিত কূটনৈতিক পরিমণ্ডলের বাইরে তাদের নেটওয়ার্ক প্রসারিত করতে এবং মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করতে উৎসাহিত করেন। ভারতীয় সভ্যতাগত শক্তিকে প্রযুক্তি, উদ্ভাবন এবং সক্রিয় যোগাযোগের সঙ্গে একত্রিত করে ভারতের বিশ্বব্যাপী সংযোগ আরো শক্তিশালী করে তোলার আহবান জানান তিনি।  

বিশ্বের সঙ্গে ভারতের অর্থনৈতিক সংযোগের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করতে প্রধানমন্ত্রী প্রশিক্ষণরত আইএফএস আধিকারিকদের আহ্বান জানান। তিনি ভারতীয় মিশনগুলির ডিজিটাল উপস্থিতি শক্তিশালী করার গুরুত্বের উপরও জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, ওয়েবসাইট প্রায়শই সেই প্রথম প্রবেশদ্বার হয়ে ওঠে, যার মাধ্যমে মানুষ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। দূতাবাস সংক্রান্ত এবং অন্যান্য পরিষেবা প্রদানকে আরও নির্বিঘ্ন, দ্রুত ও নাগরিক-কেন্দ্রিক করে তুলতে প্রযুক্তির বৃহত্তর ব্যবহারের আহ্বান জানান তিনি।

ভারতের সভ্যতাগত, সাংস্কৃতিক এবং ভৌগোলিক শক্তি প্রদর্শন করে একে আরও আকর্ষণীয় বিশ্ব পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য প্রধানমন্ত্রী প্রশিক্ষণরত আইএফএস আধিকারিকদের অনুরোধ জানান। তিনি বিশ্বজুড়ে তরুণদের মধ্যে ভারত সম্পর্কে আরও আগ্রহ তৈরি করতে “ভারত কো জানিয়ে” ক্যুইজকে কাজে লাগানোর পরামর্শ দেন এবং এই ধরনের উদ্যোগগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গেমিং ব্যবহারের জন্য উৎসাহিত করেন।

শিক্ষার্থীরা তাঁদের প্রশিক্ষণ এবং ভারত দর্শনের অভিজ্ঞতা ভাগ করে নেন। তারা বিশ্বের সঙ্গে ভারতের সভ্যতাগত ও সাংস্কৃতিক সংযোগ বোঝার গুরুত্ব সম্পর্কেও কথা বলেন।

 

SC/SD/SKD