আমি যা যা করতে আগ্রহী, তার তালিকা দীর্ঘ ও উচ্চাকাঙ্খামূলক। এই তালিকায় রয়েছে বলিষ্ঠ কৃষিক্ষেত্র সহ এক উজ্জ্বল গ্রামীণ অর্থনীতি, প্রতিটি পরিবারের জন্য মাথার ওপর ছাদ, সবকটি গৃহস্থ পরিবারে বিদ্যুৎ সংযোগের সুযোগ, কোটি কোটি দক্ষ যুবশক্তি, ১০০টির মতো স্মার্টনগরী, কোটি কোটি মানুষের জন্য ব্রডব্র্যান্ডের সুযোগ, প্রত্যেকটি গ্রামের সঙ্গে বহির্বিশ্বের ডিজিটাল সংযোগ এবং একবিংশ শতাব্দীর উপযোগী রেল, সড়ক ও বন্দর পরিকাঠামো। এই সমস্ত কিছু আমাদের আশা-আকাঙ্খা মাত্র নয়, এ হল আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সুনির্দিষ্ট সময়কালের মধ্যেই এই লক্ষ্যে উপনীত হতে চাই আমি। আমি চাই, কার্বন নির্গমনের মাত্রা কমে আসুক নিয়ন্ত্রণের মধ্যে, বৃদ্ধি পাক পুনর্নবীকরণযোগ্য জ্বালানি শক্তির ওপর গুরুত্ব ও নির্ভরতা।