আপনাদের এমন একজন প্রধানমন্ত্রী রয়েছেন যিনি তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং কর্মদক্ষতার জন্য বিপুল জনপ্রিয়। তিনি প্রকৃতপক্ষে নিজেকে দুর্নীতির বাইরে রাখতে পারবেন। ১০০ কোটির বেশি জনসংখ্যার দেশে শেষ পর্যন্ত এমন একজন নেতা এসেছেন যিনি নিজে তো কোন অর্থ নেন-ই না, তাঁর চারপাশের কোন মানুষও যেন টাকা-পয়সা না নেন সেটা তিনি নিশ্চিত করেছেন। তাঁর নীতির প্রধান অভিমুখ হচ্ছে দেশের সহায়সম্পদ এমন মানুষের কাছে নিয়ে যাওয়া যাঁদের সেটা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি আমলাতন্ত্রের কুৎসিত স্তরকে অতিক্রম করার উদ্যোগ নিয়েছেন। এইসব উদ্যোগের ফলে তিনি রাজনৈতিকভাবে এমন পুঁজি সংগ্রহ করতে পেরেছেন যার ফলে, পরিকাঠামো নির্মাণ এবং জাতীয় পর্যায়ে অভিন্ন পণ্য ও পরিষেবা কর-এর মতো কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি ভারতীয় ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করার কাজে হাত দিয়েছেন যার ফলে, বৃদ্ধির হার আরও বাড়ার সুযোগ তৈরি হবে।