পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১০ ডিসেম্বর ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১১ ডিসেম্বর সুপ্রসিদ্ধ তামিল কবি ও স্বাধীনতা সংগ্রামী সুব্রমানিয়া ভারতীর রচনার সম্পূর্ণ সংকলন প্রকাশ করবেন। নতুন দিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে দুপুর ১টা নাগাদ এই অনুষ্ঠান হবে।
সুব্রমানিয়া ভারতীর রচনা মানুষের মধ্যে দেশপ্রেমের ভাব জাগিয়ে তুলতো। ভারতীয় সংস্কৃতি এবং দেশের আধ্যাত্মিক ঐতিহ্যের সারমর্মকে তিনি এমন এক ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন, যার সঙ্গে মানুষ একাত্ম হতে পারতো। ২৩ খন্ডে তাঁর রচনার সম্পূর্ণ সংকলনের সম্পাদনা করেছেন সিনি বিশ্বনাথন, এটি প্রকাশ করেছে অ্যালায়েন্স প্রকাশন সংস্থা। এতে সুব্রমানিয়া ভারতীর রচনার বিভিন্ন সংস্করণ, তাঁর রচনার ব্যখ্যা, দার্শনিক ভাবনা, প্রেক্ষাপট, এই সংক্রান্ত নথিপত্র সবই রয়েছে।
PG/SD/AS