নতুন দিল্লি, ১২ নভেম্বর, ২০২৬
দীপাবলির এই পবিত্র উৎসব উপলক্ষে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সামনেই ছটী মাইয়ার পুজো। সেই উপলক্ষেও আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভকামনা। আপনাদের সবাইকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা।
ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফ শ্রী অরুণ পুরী, কৃষিবিজ্ঞানী, কৃষি-উদ্যোক্তা, কৃষকবন্ধু এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ,
প্রথমেই এই অভিনব উদ্যোগের জন্য আমি ইন্ডিয়া টুডে গোষ্ঠীকে আন্তরিক অভিনন্দন জানাই। দেশ যখন স্বচ্ছতা অভিযান শুরু করেছিল, তখন ইন্ডিয়া টুডে গোষ্ঠী অত্যন্ত উৎসাহের সঙ্গে সেই অভিযানে অংশ নিয়েছিল। আর এখন আপনারা এই কিষান মেলার আয়োজন করেছেন এবং এর জন্য পুরো দু’টি দিন উৎসর্গ করেছেন। এটি অত্যন্ত ইতিবাচক একটি সূচনা। আপনাদের সকলকে আমার অভিনন্দন। আর অরুণজি এত সুন্দর হিন্দি বলেন যে, তার জন্য তাঁকে দ্বিগুণ অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
দেশ যখন উৎসবের আবহে মেতে রয়েছে, ঠিক সেই সময়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দু’-তিন দিন আগেই আমরা দীপাবলির উৎসব উদ্যাপন করেছি। আর এখন চারদিকে ছট মহাপর্বের আবহ। ছট উৎসবের সঙ্গে কৃষিজীবনের গভীর সম্পর্ক রয়েছে। আমাদের দেশে অধিকাংশ উৎসবই কৃষি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত। বিহু, পোঙ্গল, ওনাম, বৈশাখী, সরহুল, পোলা—এমন বহু উৎসব কৃষির সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ কৃষিকাজ আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের সামাজিক জীবনের ভিত্তি।
বন্ধুগণ,
লালকেল্লা থেকে আমি বিকশিত ভারতের সাতটি শক্তির কথা বলেছিলাম। সেই সাতটি শক্তির মধ্যে কৃষি অন্যতম প্রধান একটি শক্তি। কৃষির উন্নয়ন না করে, কৃষিকাজকে আরও আধুনিক ও বুদ্ধিদীপ্ত করে না তুলে এবং কৃষকদের ক্ষমতায়ন না করে বিকশিত ভারত গড়ে তোলা কোনওভাবেই সম্ভব নয়। সেই কারণেই এই ধরনের কৃষক সম্মেলনের গুরুত্ব আরও অনেক বেশি।
বন্ধুগণ,
কৃষি এবং দেশের অগ্রগতির মধ্যে সম্পর্ক কতটা গভীর, তা আপনারা দুটি গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে বুঝতে পারবেন। সম্প্রতি দারিদ্র্য নিয়ে বিশ্বব্যাঙ্কের একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। সারা বিশ্বে সেই সমীক্ষা নিয়ে আলোচনা চলছে। সেখানে বলা হয়েছে, মাত্র ১২-১৩ বছরের মধ্যে ভারতের ৫০ কোটি দরিদ্র মানুষ দারিদ্র্যকে পরাস্ত করেছেন। সমীক্ষায় আরও বলা হয়েছে, গ্রামাঞ্চলে দারিদ্র্য হ্রাসের হার অত্যন্ত দ্রুত। এর অর্থ, বিপুল সংখ্যক ক্ষুদ্র কৃষক এবং কৃষিশ্রমিক দারিদ্র্যের কবল থেকে বেরিয়ে আসতে পেরেছেন।
এবার এই দুটি ঘটনার মধ্যে মিল খুঁজে দেখুন। গত এক দশকে ভারতের কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ৪ শতাংশেরও বেশি থেকেছে। স্বাধীনতার পর এই প্রথম কোনও দশকে কৃষিক্ষেত্রে গড় বৃদ্ধির হার ৪ শতাংশের গণ্ডি অতিক্রম করলো। আর এই একই সময়ে গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক দরিদ্র মানুষ দারিদ্র্যকে পরাস্ত করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সংবাদ পরিবেশনের নানা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও স্বার্থের আবর্তে আটকে থাকা মানুষ দেশের এই সাফল্য দেখতে পান না।
বন্ধুগণ,
যাঁরা কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং কৃষিক্ষেত্রের বিশেষজ্ঞ, তাঁরা জানেন, কৃষিনীতি ও কৃষিপদ্ধতিতে নিরন্তর পরিবর্তন কতটা জরুরি। যাঁরা কয়েক দশক ধরে দেশ পরিচালনা করেছেন, তাঁরা শুধু এই ভেবেই সন্তুষ্ট থেকেছেন যে দেশের কৃষকরা খাদ্যশস্যের ভাণ্ডার ভরিয়ে দিয়েছেন। কিন্তু তার পরে কৃষকরা কী পেলেন? শুধু খাদ্যশস্যের ভাণ্ডার ভরিয়ে রাখাই যথেষ্ট নয়।
সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী বদলেছে, বাজারের চরিত্র বদলেছে, মানুষের চাহিদা বদলেছে, খাদ্যাভ্যাস বদলেছে, আবহাওয়া বদলেছে, প্রযুক্তিরও পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনগুলির সঙ্গে তাল মিলিয়ে আমাদের কৃষকদের নতুনভাবে শক্তিশালী করে তোলা প্রয়োজন ছিল। কিন্তু অতীতে এই বিষয়টির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
বন্ধুগণ,
গত এক দশকে দেশ এই পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তার ফলাফল আজ আমাদের সামনে স্পষ্ট। আজ ভারত প্রতি বছর ৪ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের কৃষিপণ্য রপ্তানি করছে। এই রপ্তানি থেকে অর্জিত অর্থ আমাদের কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করছে।
আজ দুধ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম। ডাল উৎপাদনেও ভারত প্রথম। পাট উৎপাদনেও ভারত প্রথম। চাল উৎপাদনেও ভারত এখন প্রথম স্থানে পৌঁছে গিয়েছে। গম উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। তুলো, ফল ও সবজি উৎপাদনেও দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মাছ উৎপাদনে ভারত দ্বিতীয়। আর মিলেট বা শ্রীঅন্ন উৎপাদনে ভারত বিশ্বের বৃহত্তম উৎপাদক।
এগুলি শুধু কিছু পরিসংখ্যান নয়। এই পরিসংখ্যানগুলি প্রমাণ করে, ভারতের কৃষকদের সক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছে।
বন্ধুগণ,
ভারতের কৃষকদের সমৃদ্ধির জন্য আরও একটি বিষয় অত্যন্ত জরুরি। কৃষকরা যেন শুধু গম, চাল ও আখের মতো প্রচলিত ফসলের উপর নির্ভরশীল হয়ে না থাকেন। আমি আবারও বলছি, কৃষক ভাইদের শুধু গম, চাল ও আখের উপর নির্ভর করে থাকলে চলবে না। সেই কারণেই সরকার অন্যান্য ফসল এবং কৃষির সঙ্গে সম্পর্কিত বিকল্প কর্মকাণ্ডের উপরেও বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ইন্ডিয়া টুডে গোষ্ঠীকে একটি কথা মনে করিয়ে দিতে চাই। ‘বিপ্লব’ বা ‘ক্রান্তি’ শব্দটির প্রতি ইন্ডিয়া টুডে গোষ্ঠীর বিশেষ অনুরাগ রয়েছে। তাই এবার আমি কয়েকটি বিপ্লবের কথা বলতে চাই।
বন্ধুগণ,
একসময় খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে দেশ সবুজ বিপ্লবের মাধ্যমে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিল। এরপর শ্বেত বিপ্লব ভারতকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে পরিণত করে। আজ আমি আপনাদের আরও কয়েকটি পরিসংখ্যান জানাব, যা থেকে বোঝা যাবে, এই অগ্রযাত্রা এখন কতটা দ্রুতগতিতে চলেছে।
গত এক দশকে ভারতে দুধ উৎপাদন প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে—৭০ শতাংশ! ডিম উৎপাদনও প্রায় ৯০ শতাংশ বেড়েছে—৯০ শতাংশ! আর নীল বিপ্লবের কথা বলতে গেলে, গত এক দশকে ভারতে মাছের উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে।
মিষ্টি বিপ্লবের মাধ্যমে মৌমাছি পালন ও মধু উৎপাদনের ক্ষেত্রেও নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে গিয়েছে। দেশে মধু উৎপাদন প্রায় ৮০ হাজার টন থেকে বেড়ে ১ লক্ষ ৫০ হাজার টনে পৌঁছেছে। উদ্যানপালন ক্ষেত্রেও ভারতের উৎপাদন ২৮ কোটি টন থেকে বেড়ে ৩৫ কোটি টনেরও বেশি হয়েছে।
বন্ধুগণ,
এই সমস্ত বিপ্লবকে যখন আমরা একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত করি, তখন দেশের কৃষকদের আয়ের একাধিক উৎস তৈরি হয়। কৃষির ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়।
আরও একটি উদাহরণ দিই। সেটি হল সৌরশক্তি বিপ্লব। এই বিপ্লব অন্নদাতাকে শক্তিদাতায় রূপান্তরিত করেছে। পিএম-কুসুম প্রকল্পের আওতায় ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ সৌরচালিত পাম্প বিতরণ করা হয়েছে। এর ফলে কৃষকদের বিদ্যুতের খরচ কমছে। পাশাপাশি, নিজেদের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে কৃষকরা আয়ও করতে শুরু করেছেন।
শুধু উৎপাদন নয়, আমরা উৎপাদনশীলতা এবং কৃষকদের মুনাফা বৃদ্ধির উপরেও গুরুত্ব দিয়েছি।
বন্ধুগণ,
সম্প্রতি সরকারপ্রধান হিসেবে আমার ২৫ বছর পূর্ণ হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও আমি কৃষির আধুনিকীকরণের লক্ষ্যে নিরন্তর কাজ করে গিয়েছি।
সেই সময় আমি বৃহৎ পরিসরে কৃষি মহোৎসবের সূচনা করেছিলাম। আমার মনে আছে, মে-জুন মাসে যখন তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত, তখন শত শত কৃষিবিজ্ঞানী, কৃষি বিশেষজ্ঞ এবং প্রগতিশীল কৃষক এক জায়গায় সমবেত হতেন। আমরা কিষান রথ তৈরি করতাম এবং সেই রথে চেপে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতাম। গ্রামে গ্রামে, মাঠে মাঠে যেতাম। কৃষকদের জমিতে গিয়ে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলতাম।
কোনও এলাকার মাটির প্রকৃতি কেমন, সেখানে জলের যোগান কতটা, কোন ফসল সেখানে ভালো ফলতে পারে, কী ধরনের কৃষিপদ্ধতি অনুসরণ করা প্রয়োজন—এই সমস্ত বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি আলোচনা হত।
আমাদের উদ্দেশ্য ছিল, বিজ্ঞানীদের গবেষণাগারে যে জ্ঞান রয়েছে, তা যেন সরাসরি কৃষকদের মাঠে পৌঁছে যায়। অর্থাৎ আমরা ‘ল্যাব টু ল্যান্ড’ বা গবেষণাগার থেকে কৃষিজমিতে জ্ঞান পৌঁছে দেওয়ার ধারণা নিয়ে এগিয়েছিলাম। এর ফলে গুজরাটের কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হয়েছিলেন।
বন্ধুগণ,
গুজরাটে কাজ করার সময় যে অভিজ্ঞতা অর্জন করেছিলাম, কেন্দ্রীয় সরকারের দায়িত্বে আসার পর তা অত্যন্ত কাজে লেগেছে।
২০১৪ সালে দেশে মাটি পরীক্ষার পরীক্ষাগারের সংখ্যা ছিল মাত্র কয়েকশো। আজ সেই সংখ্যা বেড়ে ৮,৪০০-রও বেশি হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে যেমন প্যাথলজি ল্যাবরেটরির সংখ্যা বাড়ছে, তেমনই আজ মাটি পরীক্ষার পরীক্ষাগারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
আজ সারা দেশে ৭৫০টিরও বেশি কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে। পশুসম্পদের রোগ প্রতিরোধের ক্ষেত্রেও আমরা অগ্রাধিকার দিচ্ছি। ক্ষুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ থেকে গবাদি পশুদের রক্ষা করতে ৮ কোটিরও বেশি কৃষকের পশুকে বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে।
কোভিডের সময় আমরা বিনামূল্যে টিকা দিয়েছিলাম। সেই কথা সকলেরই মনে আছে। কিন্তু এ হল মোদী—তিনি পশুদেরও বিনামূল্যে টিকা দেন!
বন্ধুগণ,
পুরনো ধ্যানধারণায় বিশ্বাসী কিছু মানুষ মনে করেন, গ্রামাঞ্চলে আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার সম্ভব নয়। নমো ড্রোন দিদিরা তাঁদের সেই ধারণা ভুল প্রমাণ করেছেন।
একবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত ড্রোন দিদির সঙ্গে কথা বলছিলাম। তখন একটি গ্রামের এক মেয়ের সঙ্গে কথা হচ্ছিল। সম্ভবত সে ঝাড়খণ্ডের কোনও গ্রামের বাসিন্দা। সে আমাকে বলেছিল, “এখন আমার সামাজিক মর্যাদা বদলে গিয়েছে।”
আমি জিজ্ঞাসা করেছিলাম, “কেন?”
সে বলেছিল, “এখন গোটা গ্রামের মানুষ আমাকে পাইলট বলে ডাকে। এমনকী আমার ছোট দেওররাও আমাকে ‘পাইলট ভাবি’ বলে ডাকে।”
একবার ভেবে দেখুন, এতে একজন মহিলার আত্মসম্মান কতটা বেড়ে যায়!
বর্তমানে নমো ড্রোন দিদিরা সার ও কীটনাশক ছড়ানোর কাজে ড্রোন ব্যবহার করছেন। এখন এই ড্রোনের ব্যবহার আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বন্ধুগণ,
আজকের ভারত কৃষিক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকাও ক্রমশ বাড়িয়ে চলেছে। আমাদের কৃষিবিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এবং যুবসমাজ একসঙ্গে এমন সব যন্ত্রপাতি ও সরঞ্জাম তৈরি করছেন, যার ফলে কৃষিকাজের খরচ কমছে।
কিছু জায়গায় এমন যন্ত্র তৈরি হচ্ছে, যা বীজ বপন ও ফসল কাটার কাজকে আরও সহজ করে তুলছে।
এখানে উপস্থিত শিল্পমহলের প্রতিনিধিদের, কৃষকদের জন্য কৃষিযন্ত্র ও সরঞ্জাম নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এবং আমাদের স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের কাছে আমি বিশেষভাবে একটি আবেদন জানাতে চাই। আপনারা এখন থেকে যে সমস্ত কৃষিযন্ত্র তৈরি করবেন, সেগুলি যেন সৌরশক্তিচালিত হয়। কারণ আমরা প্রতিটি কৃষিজমিতে সৌরশক্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।
যেভাবে গোটা বিশ্ব এখন বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকেছে, তেমনই আমি চাই সব ধরনের কৃষিযন্ত্র সৌরশক্তিচালিত হোক। এই লক্ষ্যে আমিও যথেষ্ট উদ্যোগ নিচ্ছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং ছোট শিল্পসংস্থাগুলির কাছেও আমার আবেদন, আপনারা এই ক্ষেত্রটির উপর বিশেষ গুরুত্ব দিন। আগামী দিনে এটি এক বিরাট বিপ্লবের ক্ষেত্র হয়ে উঠতে চলেছে।
শুধু তাই নয়, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং সেন্সরভিত্তিক এমন সব যন্ত্র তৈরি হচ্ছে, যা কৃষকদের নির্ভুল তথ্য দিতে পারবে এবং প্রান্তিক কৃষকদের পক্ষেও সেগুলি ব্যবহার করা সম্ভব হবে।
এখন মোবাইল ফোনের মাধ্যমেই মাটি পরীক্ষার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। একটি মোবাইলভিত্তিক যন্ত্রে সামান্য মাটি রাখলেই সঙ্গে সঙ্গে আপনার ফোনে রিপোর্ট চলে আসবে। সেই রিপোর্টে জানা যাবে, আপনার জমির মাটি কোন ফসলের জন্য উপযুক্ত, কতটা সার প্রয়োজন এবং কী ধরনের সার ব্যবহার করা উচিত।
অর্থাৎ, একবার ভেবে দেখুন, কত দ্রুত পরিবর্তন ঘটছে! আজ কৃষি ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে কৃষিভিত্তিক স্টার্টআপ—সব ক্ষেত্রেই ভারত বিপুল সম্ভাবনায় পরিপূর্ণ।
আমাদের অন্নদাতাদের কৃষি-উদ্যোক্তা বা ‘অ্যাগ্রি-প্রেনার’-এ রূপান্তরিত করতে হবে। উৎপাদন যেখানে হচ্ছে, সেখানেই কীভাবে ফসলের মূল্য সংযোজন করা যায়, তা নিয়ে সারা দেশে দ্রুত কাজ এগিয়ে চলেছে।
বন্ধুগণ,
গত কয়েক বছরে ক্ষুদ্র কৃষকরা সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে ১০ হাজার কৃষক উৎপাদক সংগঠন বা এফপিও-র একটি বৃহৎ নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এই সংগঠনগুলি ক্ষুদ্র কৃষকদের সম্মিলিতভাবে মূল্য সংযোজনকারী হিসেবে গড়ে তুলছে এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে তাঁদের যুক্ত করছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন একটি ঘটনার কথা আমার স্পষ্ট মনে আছে।
গুজরাটে আমরা জ্যোতিগ্রাম যোজনা চালু করেছিলাম। কৃষিকাজের জন্য ব্যবহৃত বিদ্যুতের ফিডার এবং গৃহস্থালির বিদ্যুতের ফিডার আলাদা করে দিয়েছিলাম। কৃষকদের যতটা সম্ভব বেশি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছিলাম। এর ফলে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হয়েছিলেন।
গান্ধীনগরের কাছে কয়েকটি গ্রাম রয়েছে, যেখানে অধিকাংশ মানুষ লঙ্কা চাষ করেন। কিন্তু সেখানকার কৃষকদের একটি সমস্যা ছিল। উৎপাদন বেশি হলে দাম পড়ে যেত, আর উৎপাদন কম হলে আয় কমে যেত। অর্থাৎ, দুই পরিস্থিতিতেই তাঁদের ক্ষতির মুখে পড়তে হত।
লঙ্কার উৎপাদন বেশি হলে তাঁরা সবটা বিক্রি করতে পারতেন না। কিন্তু জ্যোতিগ্রাম যোজনার মাধ্যমে বিদ্যুৎ পৌঁছনোর পর তাঁরা লঙ্কা থেকে লাল লঙ্কার গুঁড়ো তৈরি করতে শুরু করেন। সেই গুঁড়ো প্যাকেটজাত করলেন, বিজ্ঞাপন তৈরি করালেন, প্যাকেটের গায়ে বিশিষ্ট ব্যক্তিদের ছবি ছাপালেন এবং বড় পরিসরে লঙ্কার গুঁড়ো বিক্রি করতে শুরু করলেন।
এই মূল্য সংযোজনের মাধ্যমে তাঁরা যথেষ্ট সফলভাবে আয় করতে সক্ষম হলেন। আগে যেখানে নিজেদের উৎপাদিত লঙ্কার ন্যায্য দামটুকুও তাঁরা পেতেন না, সেখানে তাঁদের উৎপাদিত পণ্যই এক একটি ব্র্যান্ডে পরিণত হল।
এই ঘটনা প্রমাণ করে, প্রতিটি ছোটখাটো বিষয়ের উপর গুরুত্ব দিলে কত কিছুই না সম্ভব হয়ে ওঠে! ক্ষুদ্র কৃষকদের রপ্তানি বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগও দ্রুত এগিয়ে চলেছে।
বন্ধুগণ,
আমাদের নীতি এবং উদ্দেশ্য একেবারে স্পষ্ট। কৃষিকাজ যেন কৃষকদের কাছে বোঝা হয়ে না দাঁড়ায়, সেটাই আমাদের অগ্রাধিকার।
কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে গত ১২ বছরে দেশ ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। বন্ধুগণ, এই অঙ্কটি বিপুল! ১৬ লক্ষ কোটি টাকা বহু দেশের বার্ষিক বাজেটের থেকেও বেশি।
বর্তমানে ইরান ও উপসাগরীয় দেশগুলিকে ঘিরে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যেও আন্তর্জাতিক বাজারে যে ডিএপি সারের এক একটি বস্তার দাম ৫,০০০ টাকা, তা ভারতীয় কৃষকদের মাত্র ১,৩০০ টাকায় দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে এক বস্তা ইউরিয়া সারের দাম যেখানে ৩,০০০ টাকা, সেখানে ভারতীয় কৃষকরা তা ৩০০ টাকারও কম দামে পাচ্ছেন।
বন্ধুগণ,
আরও একটি বিষয় উল্লেখ করতে চাই। এর আগে এ বিষয়ে আমি কথা বলেছি। তবে আজ আমি যে কথাটি বলতে চলেছি, তা আপনাদের সংবাদমাধ্যমের জন্য একেবারে এক্সক্লুসিভ।
বন্ধুগণ,
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি যখন ক্রমশ ঘনীভূত হচ্ছিল, তখন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে গিয়েছিল।
সেই সময় ভারতও এক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। পরিস্থিতি এমন ছিল যে, ভারতে ডিজেলের দাম লিটারপ্রতি অন্তত ৫০ টাকা বাড়ানোর প্রয়োজন ছিল। লিটারপ্রতি ৫০ টাকা দাম বাড়ানো তখন অনিবার্য হয়ে উঠেছিল।
কিন্তু সেই সময় সরকার কৃষকদের স্বার্থে একটি সিদ্ধান্ত নিয়েছিল। আমরা স্থির করেছিলাম, আন্তর্জাতিক বাজারের এই মূল্যবৃদ্ধির সম্পূর্ণ বোঝা দেশের নাগরিক এবং কৃষকদের উপর চাপিয়ে দেওয়া হবে না।
সরকার ডিজেলের দাম লিটারপ্রতি মাত্র ৭ টাকা বাড়িয়েছিল, অথচ প্রয়োজন ছিল ৫০ টাকা বাড়ানোর। অর্থাৎ, লিটারপ্রতি ৪৩ টাকার বোঝা সরকার নিজেই বহন করেছিল।
প্রতিবেশী দেশগুলিতেও ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। কিন্তু ভারতে তা হতে দেওয়া হয়নি।
সেই সময় থেকে আজ পর্যন্ত প্রতি মাসে সরকার ১৪,০০০ কোটি টাকার ক্ষতি বহন করে চলেছে। প্রতি মাসে!
তা সত্ত্বেও আমরা দেশের কৃষকদের কোনও ক্ষতি হতে দিইনি। যখন কৃষকদের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে ওঠে, যখন ‘নাগরিক দেবো ভব’—এই ভাবনা কাজ করে, তখনই এই ধরনের সংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়।
বন্ধুগণ,
জাতীয় স্বার্থ নিয়ে এতক্ষণ ধরে এত কথা বলার পর আমি নিশ্চিত, আজতকের বন্ধুরা ভাবছেন, এখনও পর্যন্ত তো কোনও নেতিবাচক শিরোনাম তৈরি হল না! তাই হয়তো এবার এমন কিছু আলোচনা করা যাক, যা শিরোনাম হতে পারে।
এতক্ষণ পর্যন্ত আমি দেশ এবং দেশের উন্নয়নের কথা বলছিলাম। হয়তো তাতে সংবাদমাধ্যমের তেমন মনোযোগ আকৃষ্ট হয়নি। তাই এবার আসুন, একটু বিতর্কের প্রসঙ্গে কথা বলা যাক।
বন্ধুগণ,
আজকাল কিছু মানুষ নিজেদের পকেট থেকে সংবিধান বের করে দেখান। তাঁরা কী করছেন, তা দেশের মানুষ খুব ভালোভাবেই বোঝেন। তাঁদের যেন মনে হয়, দেশের সংবিধান এবং গণতন্ত্র তাঁদের পকেটেই রয়েছে। ক্ষমতায় না থেকেও তাঁরা ক্ষমতার মানসিকতায় আচ্ছন্ন হয়ে থাকেন।
কিন্তু এই মানুষগুলিই যখন ক্ষমতায় ছিলেন, তখন তাঁদের আচরণ কেমন ছিল? আপনাদের একটি ছোট ঘটনা বলি।
বন্ধুগণ,
আপনাদের নিশ্চয়ই মনে আছে, একসময় সংবাদমাধ্যমে বিভিন্ন রাজ্যের কর্মদক্ষতার মূল্যায়ন করে তালিকা প্রকাশ করা হত। অর্থনীতি সংক্রান্ত এমনই একটি মূল্যায়নে গুজরাটকে প্রথম স্থান দেওয়া হয়েছিল। আর সেই সময় আমি ছিলাম গুজরাটের মুখ্যমন্ত্রী।
যে প্রতিষ্ঠান গুজরাটকে প্রথম স্থান দিয়েছিল, সেই প্রতিষ্ঠানের নামকরণ হয়েছিল ভারতের এক প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে। ইঙ্গিতটুকুই যথেষ্ট, আপনারা নিজেরাই নামটি খুঁজে নিতে পারবেন।
দেশের কয়েকজন অত্যন্ত সম্মানিত অর্থনীতিবিদের গবেষণার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছিল। কিন্তু দিল্লিতে ক্ষমতায় থাকা মানুষদের গুজরাটের এই স্বীকৃতি পছন্দ হয়নি।
তাঁরা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছিলেন, এরপর থেকে তাঁদের অনুমোদন ছাড়া কোনও রিপোর্ট প্রকাশ করা যাবে না।
বন্ধুগণ,
তখন পরিস্থিতি এমনই ছিল। আর আজ সেই মানুষগুলিই সহিষ্ণুতা ও গণতন্ত্র নিয়ে জ্ঞান দিয়ে বেড়ান!
আর ঠিক কবে এই ঘটনা ঘটেছিল? তার পরে কী হয়েছিল? আপনারা নিজেরাই সেই তথ্য খুঁজে দেখতে পারেন।
এবার আমি আমার বক্তব্যের উপসংহারের দিকে এগোতে চাই।
বন্ধুগণ,
নিঃসন্দেহে, গত কয়েক বছরে দেশের কৃষকরা যে সাফল্য অর্জন করেছেন, তা অত্যন্ত উল্লেখযোগ্য। বিকশিত ভারত গড়ে তুলতে হলে আমাদের এখন আরও বৃহত্তর পরিসরে প্রচেষ্টা চালাতে হবে।
আমাদের এমন এক ভবিষ্যৎ নির্মাণ করতে হবে, যেখানে কৃষকরা সমৃদ্ধ হবেন, গ্রামগুলি সমৃদ্ধ হবে এবং কৃষিকাজ হবে আধুনিক ও লাভজনক।
আমি নিশ্চিত, এই সম্মেলনে যে আলোচনা ও মতবিনিময় হচ্ছে, তা দেশের পক্ষে অত্যন্ত উপযোগী হবে। এখান থেকে যে সমস্ত উৎকৃষ্ট পরামর্শ ও সমাধান উঠে আসবে, সরকার সেগুলি বাস্তবায়নের জন্যও কাজ করবে।
আর আজ যখন আমি আপনাদের মধ্যে এসেছি, তখন আপনাদের কাছে একটি আবেদন জানাতে চাই।
শুরুতে অঞ্জনা দেবী তাঁর প্রারম্ভিক বক্তব্যে বলেছিলেন, কৃষক দুটি বিষয়ের সঙ্গে যুক্ত—একদিকে অন্নদাতা, অন্যদিকে ধরিত্রী মাতা।
আমি আমার কৃষক ভাই ও বোনদের কাছে জানতে চাই, আমরা কি সত্যিই আমাদের এই ধরিত্রী মাতাকে রক্ষা করছি? নিজের বিবেককে প্রশ্ন করুন।
অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের মাধ্যমে আমরা যেভাবে ধরিত্রী মাতাকে ধ্বংস করছি, তা একবার ভেবে দেখুন। আমরা তাঁরই সন্তান। অথচ নিজেদের চোখের সামনে আমরা এই মাকে ধ্বংস করে চলেছি।
আমরা যদি সময় থাকতে সচেতন না হই, ধরিত্রী মাতাকে রক্ষা করার উদ্যোগ না নিই, তাহলে যিনি আজ আমাদের অন্ন জোগাচ্ছেন, সেই মা একদিন হয়তো আমাদের হাতছাড়া হয়ে যাবেন। এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সেই কারণেই সরকার প্রাকৃতিক কৃষির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। যাঁরা প্রাকৃতিক কৃষি পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তাঁরা যথেষ্ট সাফল্য অর্জন করেছেন।
একটি গরু থেকেই ৩০ একর জমিতে প্রাকৃতিক কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সার পাওয়া সম্ভব। এতে কোনও রাসায়নিক উপকরণের প্রয়োজন হয় না।
আজকের আলোচনায় নিশ্চয়ই এ ধরনের বহু বিষয় উঠে এসেছে। তাই আমি সমস্ত কৃষকের কাছে আবেদন জানাচ্ছি, আসুন, আমরা রাসায়নিকমুক্ত কৃষির দিকে এগিয়ে যাই।
আমি জৈব কৃষির কথা বলছি না, আমি বলছি প্রাকৃতিক কৃষির কথা। প্রত্যেক কৃষক খুব সহজেই এই পদ্ধতি গ্রহণ করতে পারেন। রাসায়নিকের ব্যবহার থেকে মুক্ত হয়ে আমরা আমাদের মাটিকে রক্ষা করার উদ্যোগ নিতে পারি।
আমাদের কৃষক ভাই ও বোনদের একটি বিশেষ প্রবণতা রয়েছে। তাঁরা নিজের চোখে কিছু না দেখা পর্যন্ত সহজে তা বিশ্বাস করতে চান না। যতই দীর্ঘ বক্তৃতা দেওয়া হোক না কেন, কৃষকরা শুধু বক্তৃতা শুনে কোনও কিছু মেনে নেন না। তাঁরা নিজের চোখে দেখে, অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বাস করেন।
নইলে তাঁদের মনে শুধু এই ধারণাগুলিই থেকে যায় যে, হলুদ রঙের গুঁড়ো দিতে হবে, সবুজ বোতল ব্যবহার করতে হবে, সবুজ কৌটো আনতে হবে, লাল কৌটো ব্যবহার করতে হবে। আর প্রতিবেশী যদি দু’বস্তা সার ব্যবহার করেন, তাহলে তিনিও দু’বস্তা ব্যবহার করবেন। প্রতিবেশী যদি চার বস্তা ব্যবহার করেন, তাহলে তিনিও চার বস্তা ব্যবহার করবেন।
এই মানসিকতা থেকে কৃষকদের বের করে আনা আমাদের সকলের দায়িত্ব। বিশেষ করে প্রগতিশীল কৃষকদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তাঁদের রাসায়নিকমুক্ত প্রাকৃতিক কৃষির পথে এগিয়ে যেতে সাহায্য করতে হবে।
আমাদের প্রথম কাজ হল ধরিত্রী মাতাকে রক্ষা করা। এই ধরিত্রী মায়ের মধ্যেই আমাদের প্রয়োজনীয় সব কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে। আমরা যদি তাঁকে রক্ষা করি, তাহলে তিনি কখনও আমাদের কোনও অভাব অনুভব করতে দেবেন না।
আমরা ধরিত্রী মাতার সন্তান। তাঁর পুত্র ও কন্যা হিসেবে, তাঁর সন্তান হিসেবে এই দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য।
এই বিশ্বাস নিয়েই আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ইন্ডিয়া টুডে গোষ্ঠীকেও জানাই আমার বিশেষ অভিনন্দন। আপনারা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছেন, যা আগামী দিনে দেশের জন্য অত্যন্ত সহায়ক হয়ে উঠবে।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
বিজ্ঞপ্তি: এটি প্রধানমন্ত্রীর ভাষণের একটি ভাবানুবাদ। মূল ভাষণটি হিন্দিতে।
SC/SD/SG/
Speaking at the Bharat Agriculture Conference. @IndiaToday @aajtak https://t.co/zSM5kaRsvi
— Narendra Modi (@narendramodi) November 12, 2026
Agricultural development, smarter farming and farmer empowerment are key to building a Viksit Bharat. https://t.co/NWTi6lnlww
— PMO India (@PMOIndia) November 12, 2026
Annadatas are becoming Urjadatas. https://t.co/LviAj1ttmG
— PMO India (@PMOIndia) November 12, 2026
From Lab to Land. https://t.co/7eR74emO2n
— PMO India (@PMOIndia) November 12, 2026
Namo Drone Didis are demonstrating how advanced technology can be effectively used in villages. https://t.co/ASbNPzrbvu
— PMO India (@PMOIndia) November 12, 2026
India offers growing opportunities in everything from agri-engineering to agri-startups. The focus is on empowering farmers to become agricultural entrepreneurs. https://t.co/Cr5OuKvPuu
— PMO India (@PMOIndia) November 12, 2026