নতুন দিল্লি, ১৩ নভেম্বর, ২০২৬
এলারিগু নন্ন নমস্কারগুলু!
কর্ণাটকের রাজ্যপাল শ্রীমতী সুধা যাদবজি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহ তথা আমাদের সকলের পথপ্রদর্শক শ্রী দত্তাত্রেয় হোসবালেজি, এস-ব্যাসার সভাপতি এইচ. আর. নগেন্দ্রজি, সহ-সভাপতি ড. আর. নাগরত্নজি, আচার্য এইচ. আর. দয়ানন্দ স্বামীজি, উপাচার্য মঞ্জুনাথ এন. কে. জি, সাংসদ সি. এন. মঞ্জুনাথজি, দক্ষিণ কোরিয়ার মিরিয়াং শহরের মেয়র, উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!
আজ বেঙ্গালুরুতে যোগের অসাধারণ শক্তি অনুভব করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। কর্ণাটকের এই ভূমি শতাব্দীর পর শতাব্দী ধরে যোগচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত। যোগের সঙ্গে যুক্ত বহু আচার্য ও পণ্ডিত এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন এবং যোগের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। আমরা সকলেই জানি, কন্নড় চলচ্চিত্র জগতের মহান শিল্পী ড. রাজকুমারজির মতো ব্যক্তিত্বও এখানে ছিলেন, যাঁরা শিল্পকলার পাশাপাশি যোগচর্চা ও যোগের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বন্ধুগণ,
কর্ণাটকের এই মহান ঐতিহ্যের মধ্যেই প্রশান্তি কুটীরমের ৫০ বছরের যাত্রা, সেবা ও আত্মনিবেদনের এক অসাধারণ ও অভূতপূর্ব কাহিনি রয়েছে, যা প্রত্যেক ভারতীয়ের জানা উচিত। কীভাবে একটি সাধারণ যোগকেন্দ্র এত বড় আন্দোলনে পরিণত হয়েছে, তা নিজেই এক অনুপ্রেরণার বিষয়।
বন্ধুগণ,
আজ এই উপলক্ষে এখানে বেশ কয়েকটি নতুন পরিষেবারও সূচনা হয়েছে। এই উদ্যোগগুলির জন্য আমি এস-ব্যাসা পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের সকলকে এবং প্রশান্তি কুটীরমের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ সাধককে সুবর্ণজয়ন্তীর আন্তরিক অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
প্রশান্তি কুটীরমের সুবর্ণজয়ন্তীর পাশাপাশি এ বছর আমরা শ্রদ্ধেয় এইচ. ভি. শেষাদ্রিজি’র জন্মশতবার্ষিকীও পালন করছি। আমি তাঁকে শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই। শেষাদ্রিজি তাঁর সমগ্র জীবন ‘ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণ’-এর লক্ষ্যে উৎসর্গ করেছিলেন। তিনি জানতেন, দেশকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে হলে প্রয়োজন নিবেদিতপ্রাণ, দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক। এমন নাগরিক গড়ে তোলার জন্য শেষাদ্রিজি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে তিনি যে লক্ষ্য অর্জনের সাধনা করেছিলেন, আজও কোটি কোটি স্বয়ংসেবক তা থেকে অনুপ্রেরণা লাভ করেন।
বন্ধুগণ,
তাঁর কথা স্মরণ করলেই আমাদের মনে প্রথমে ভেসে ওঠে তাঁর অনাড়ম্বর ও সরল জীবনযাপনের ছবি। কিছুক্ষণ আগেই দত্তাজি অত্যন্ত সুন্দরভাবে তাঁর এই সারল্যের কথা তুলে ধরেছেন। এত বড় ব্যক্তিত্ব, এত বিস্তৃত অভিজ্ঞতা, অথচ আচরণে কী অসাধারণ বিনয়! নিজে পিছনে থেকে অন্যদের এগিয়ে দেওয়া, মানুষকে একসূত্রে বাঁধা এবং দেশসেবার জন্য তাঁদের প্রস্তুত করা—এটাই ছিল তাঁর জীবনের এক মহান সাধনা।
আলাপচারিতার সময় তিনি প্রায়ই একটি উদাহরণ দিতেন। তিনি বলতেন, আমাদের একজন মায়ের আচরণ থেকে শিক্ষা নেওয়া উচিত। একজন মা যেমন সন্তানের জন্য সারা রাত জেগে তার সেবা করেন, তাকে আগলে রাখেন এবং সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তার জন্য কাজ করেন, তেমনই এই মনোভাব যদি আমরা সমাজের সেবায় প্রসারিত করতে পারি, তাহলে সমাজ কতটা উপকৃত হবে!
বন্ধুগণ,
মায়ের মতো নির্মল ও নিঃস্বার্থ মনোভাব নিয়ে শেষাদ্রিজি সমাজসেবায় নিয়োজিত ছিলেন। আর আমার সৌভাগ্য যে, আমি নিরন্তর তাঁর স্নেহ ও দিকনির্দেশনা পেয়েছি। তাঁর সঙ্গে কাটানো সময়ের স্মৃতি এবং তাঁর বলা কথাগুলি আজও আমার কাছে অত্যন্ত মূল্যবান।
বন্ধুগণ,
শেষাদ্রিজির আরও একটি কথা আমি কখনও ভুলতে পারব না। তিনি বলতেন, আমরা যদি দু’হাত ভরে সমাজকে দিই, তাহলে সমাজ আমাদের লক্ষ লক্ষ হাত দিয়ে তা ফিরিয়ে দেয়। আমি নিজের জীবনেও বারবার এই কথার বাস্তব প্রতিফলন দেখেছি। জনসাধারণের সেবা করতে গিয়ে মানুষ সর্বদা আমাকে তাঁদের আশীর্বাদ দিয়েছেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।
বন্ধুগণ,
শেষাদ্রিজির পরিবারেও আমরা এই একই সেবার মনোভাব দেখতে পাই। ড. নগেন্দ্রজি এবং ড. নাগরত্নাজি তাঁদের কাজের মধ্য দিয়ে তাঁর সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। তাঁদের প্রতিটি উদ্যোগের আমি প্রশংসা করি এবং তাঁদের অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
দেশ যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, তখন একদিকে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী দেশের স্বাধীনতার জন্য লড়াই করছিলেন, অন্যদিকে স্বামী বিবেকানন্দের মতো ঋষিরা ভারতের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করছিলেন এবং দেশের যুবসমাজকে যোগের পথ দেখাচ্ছিলেন।
বন্ধুগণ,
স্বামী বিবেকানন্দের মতো ঋষিদের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণাই প্রশান্তি কুটীরমের মতো প্রতিষ্ঠানগুলির জন্ম দিয়েছে। এখানে শুধু যোগকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অভিযানই পরিচালিত হয়নি, আধুনিক বিজ্ঞানের নিরিখে নতুন নতুন গবেষণাও হয়েছে। এখানে শুধু যোগচর্চাকারী তৈরি করা হয়নি, সমাজের জন্য প্রশিক্ষক ও দার্শনিকও গড়ে তোলা হয়েছে। এই শিক্ষক, চিকিৎসক ও গবেষকরা আজ দেশ-বিদেশে যোগের মাধ্যমে মানুষের সেবা করছেন।
প্রশান্তি কুটীরম থেকে বিকশিত এস-ব্যাসা যোগশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যোগের পাশাপাশি আয়ুর্বেদ, প্রাকৃতিক চিকিৎসা এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পরিষেবার সমন্বয়ে আপনারা একটি সামগ্রিক সুস্থতা-ব্যবস্থা গড়ে তুলেছেন। মানসিক চাপজনিত সমস্যা এবং জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন রোগের মোকাবিলায় আপনাদের গবেষণামূলক কাজ সমগ্র বিশ্বের মানুষের উপকারে এসেছে। এই উদ্যোগগুলির জন্য আমি প্রশান্তি কুটীরমের প্রশংসা করি।
বন্ধুগণ,
গত ১২ বছরে ভারত নিজের সংস্কৃতি, পরিচয় এবং জ্ঞান-বিজ্ঞানকে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বের সামনে তুলে ধরছে। আর এই কথাটি আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি। এরই ফলস্বরূপ, ভারতের উদ্যোগে এখন সমগ্র বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে। যোগ দিবসে অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা, আমেরিকা পর্যন্ত বিভিন্ন স্থানে যোগসংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোটি কোটি মানুষ এতে অংশগ্রহণ করেন।
আজ বিশ্বের বহু দেশে আমাদের যোগচর্চা বিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র পর্যন্ত পৌঁছে গিয়েছে। উদাহরণস্বরূপ, সৌদি আরবে যোগকে একটি ক্রীড়ামূলক কার্যকলাপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেখানে যোগের প্রসারে সে দেশের ক্রীড়া মন্ত্রক ভারতের আয়ুষ মন্ত্রকের সঙ্গে একটি চুক্তিও করেছে।
বিদেশি নাগরিকদের উদ্যোগে যোগের প্রসারের বহু উদাহরণ প্রতিনিয়ত সামনে আসছে। আমার নিজেরও এই অভিজ্ঞতা রয়েছে। বিশ্বের যে কোনো দেশেই, মধ্যাহ্নভোজ বা নৈশভোজের সময় আমার সঙ্গে বসা বিদেশি অতিথি কিংবা সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগ নিয়ে আলোচনা হয়নি, এমন ঘটনা খুব কমই ঘটেছে।
প্রথমে অবশ্য আমাকে তাঁদের বোঝাতে হয় যে, আমি যোগবিশেষজ্ঞ নই, আমি একজন যোগচর্চাকারী মাত্র। এরপর যোগের বিভিন্ন উপকারিতা সম্পর্কে তাঁদের জানাই। তাঁরা আমাকে নানা প্রশ্ন করেন।
আমি এমন অনেক বিশ্বনেতাকে দেখেছি, যাঁরা বলেন, তাঁদের স্ত্রী বছরে একবার ভারতে আসেন যোগ শিখতে এবং নিজেও সেখানে যোগ শেখান। কেউ বলেন, তাঁর মেয়ে যোগ শিখছে এবং যোগের জন্য নিজেকে উৎসর্গ করেছে। বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়কদের পরিবারেও এমন কেউ না কেউ রয়েছেন, যিনি যোগের সঙ্গে যুক্ত।
অর্থাৎ, যোগের মাধ্যমে ভারত বিশ্বের কত প্রান্তে পৌঁছে গিয়েছে! মনে হয়, যোগ ভারতকে জানার একটি প্রবেশদ্বারে পরিণত হয়েছে। আমি দেখেছি, কাতারের রাজপরিবারসহ বিভিন্ন দেশের বহু বিদেশি নাগরিক যোগের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত। এমন বহু বিদেশি ব্যক্তিত্বকে ভারত পদ্মশ্রী সম্মানে ভূষিত করে তাঁদের গৌরবও বৃদ্ধি করেছে।
বন্ধুগণ,
বিশ্বের মানুষের মধ্যে যোগ সম্পর্কে পরিচিতি যত বাড়ছে, ভারতকে জানার আগ্রহও তত বৃদ্ধি পাচ্ছে। আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী জ্ঞানভাণ্ডারের প্রতি নতুন আকর্ষণ তৈরি হচ্ছে। এর ফলে ভারত ও বিশ্বের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি নতুন পথ উন্মুক্ত হচ্ছে। আর এই সবকিছুই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
আয়ুর্বেদের কথা বলতে গেলে, বিশ্বের বিভিন্ন দেশে ১৫০টিরও বেশি আয়ুর্বেদ প্রশিক্ষণ কোর্স স্বীকৃতি পেয়েছে। আয়ুর্বেদের প্রসারে সহযোগিতার জন্য বিশ্বের ২৮টি দেশের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
বন্ধুগণ,
আমাদের প্রচেষ্টা হল, আয়ুর্বেদ ও যোগের সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। আজ বিশ্বে সামগ্রিক স্বাস্থ্য পরিচর্যা একটি নতুন আন্দোলনের রূপ নিয়েছে। এর ফলে আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসার প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণও বৃদ্ধি পেয়েছে।
বন্ধুগণ,
চারদিকে যখন উৎকর্ষ ও আগ্রহের এমন পরিবেশ তৈরি হয়েছে, তখন যোগের প্রচার ও প্রসারের পাশাপাশি প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন নিয়মেও পরিবর্তন এনেছি। ভারতে যোগাসনকে প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। খেলো ইন্ডিয়া এবং জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার মতো আয়োজনে যোগাসনের জন্যও নতুন সুযোগ তৈরি হয়েছে। ভারতের জন্য এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিছুদিন আগে আহমেদাবাদে একটি আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। উজবেকিস্তানে গিয়ে আমি বিস্মিত হয়েছিলাম। তারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছিল। সেখানে সমস্ত বিজয়ী ও স্বর্ণপদকজয়ী নাগরিকদের একত্রিত করা হয়েছিল। আমি যেখানেই যাই, যাঁদের সঙ্গেই দেখা করি, সর্বত্রই দেখি যোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর ফলে যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য প্রতিযোগিতামূলক ক্রীড়া আসরে অংশগ্রহণের নতুন পথও খুলে গিয়েছে।
বন্ধুগণ,
যোগের মতো আয়ুর্বেদের প্রসারেও ভারত সরকার নিরন্তর উদ্যোগী। আমাদের দেশে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলির প্রতি মানুষের যথেষ্ট মনোযোগ আকৃষ্ট হয় না। এমনকী, এই বিষয়গুলিতে যাঁদের আগ্রহ রয়েছে, তাঁদেরও অনেক সময় সেদিকে নজর যায় না।
স্বাধীনতার এত বছর পর দেশে প্রথমবারের মতো একটি পৃথক আয়ুষ মন্ত্রক গঠন করা হয়েছে। আমরা আয়ুর্বেদসংক্রান্ত গবেষণা এবং আয়ুর্বেদভিত্তিক পেটেন্টের ক্ষেত্রেও উৎসাহ জুগিয়েছি। আজ তার ফলাফলও আমাদের সামনে রয়েছে। ভারত থেকে আয়ুষ ও ভেষজ পণ্যের রপ্তানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আয়ুষ ক্ষেত্রের সঙ্গে যুক্ত অর্থনীতির পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
আমাদের হলুদ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় পরিবারগুলির খাদ্যাভ্যাস ও ঘরোয়া ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, আজ বিশ্বের বাজারেও ক্রমবর্ধমান চাহিদা অর্জন করছে। ভারত থেকে হলুদের রপ্তানির পরিমাণও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। হলুদের উৎপাদন, গুণমান ও রপ্তানিকে নতুন শক্তি জোগাতে আমরা জাতীয় হলুদ পর্ষদও গঠন করেছি।
বন্ধুগণ,
আমাদের প্রাচীন বিজ্ঞান এবং আধুনিক গবেষণার সুফল মানবজাতির কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি, এর সঙ্গে যুক্ত সুযোগগুলিকেও যুবসমাজের জন্য বাস্তবায়িত করতে হবে।
এই উদ্দেশ্যে সরকার ই-আয়ুষ ভিসা পরিষেবা চালু করেছে। এর ফলে বিদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে আসা মানুষের সুবিধা হচ্ছে। জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করা হচ্ছে।
বন্ধুগণ,
আজ ১৪০ কোটি দেশবাসী একটি অভিন্ন লক্ষ্য সামনে রেখে নিরন্তর পরিশ্রম করছেন। আর সেই লক্ষ্য হল—বিকশিত ভারত গড়ে তোলা!
বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক প্রতিবেদন এই অভিযানে নতুন উদ্দীপনা জুগিয়েছে। বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২-১৩ বছরে প্রায় ৫০ কোটি ভারতীয় চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। এই সংখ্যাটি অত্যন্ত বড়। এখন এই কোটি কোটি পরিবারের সামনে উন্নত জীবনযাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে। স্বাস্থ্যকর জীবনযাত্রা গ্রহণ এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার সম্ভাবনাও বেড়েছে।
আমাদের প্রচেষ্টা হল, স্বাস্থ্যকর জীবনযাত্রা যেন প্রতিটি পরিবারের অগ্রাধিকার হয়ে ওঠে। আর এতে যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি সবসময় বলি, যোগের মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায়, আবার ভোগের আসক্তি থেকেও মুক্তি মেলে। শুধু তাই নয়, শূন্য ব্যয়ে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এটি অন্যতম শ্রেষ্ঠ ও কার্যকর উপায়।
প্রশান্তি কুটীরম এই অভিযানেরই একটি অংশ। তাদের পক্ষ থেকেও বেশ কয়েকটি নতুন প্রকল্প শুরু করা হচ্ছে এবং এই কাজে তারা সহযোগিতা করে চলেছে। তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আমি চাই, আপনারা এখন থেকেই নতুন লক্ষ্য অর্জনের জন্য একটি রোডম্যাপ তৈরি করুন। আজ আমি এখানে এসেছি, তাই নগেন্দ্রজিকে কয়েকটি দায়িত্ব দিয়ে যেতে চাই। কিছুদিন আগেই ড. নগেন্দ্রজি তাঁর চিঠিতে আমাকে লিখেছেন যে, তিনি নিজেকে আগের চেয়ে আরও বেশি তরুণ বলে অনুভব করছেন। তাঁর এই তারুণ্যের শক্তি প্রশান্তি কুটীরমের পাশাপাশি দেশকেও উপকৃত করবে।
তবে আমি চাই, যখন প্রশান্তি কুটীরমের ৭৫ বছর পূর্ণ হবে, তখন দেশও বিকশিত ভারতে পরিণত হবে। তাই বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে আপনাদের আগামী ২৫ বছরের পরিকল্পনা এখন থেকেই তৈরি করতে হবে। এই লক্ষ্যে নিজেদের সম্পূর্ণভাবে নিয়োজিত করতে হবে।
আপনাদের এই পথচলা থেকে দেশও শক্তি লাভ করবে। প্রশান্তি কুটীরমের ৭৫ বছরের যাত্রা এবং আগামী ২৫ বছরের কর্মপরিকল্পনা বিকশিত ভারত গড়ার অভিযানে সহায়ক হয়ে উঠবে। আপনারা সেই দৃষ্টিভঙ্গি নিয়েই ভাবনাচিন্তা করুন এবং কাজ শুরু করুন।
এই বিশ্বাসের সঙ্গে আরও একবার আপনাদের সকলকে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আন্তরিক অভিনন্দন জানাই। শ্রদ্ধেয় শেষাদ্রিজি’র চরণেও পুনরায় আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ!
SC
Delighted to join the Golden Jubilee celebrations of Prashanti Kutiram in Bengaluru. Its efforts to integrate modern science with India's spiritual wisdom are commendable. https://t.co/CRe0lrSZZl
— Narendra Modi (@narendramodi) November 13, 2026
प्रशांति कुटीरम की Golden Jubilee के साथ ही... इस वर्ष हम श्रद्धेय एच. वी. शेषाद्रि जी की जन्मशताब्दी भी मना रहे हैं। मैं उन्हें श्रद्धापूर्वक नमन करता हूं। शेषाद्रि जी ने अपना पूरा जीवन ‘व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण’ के मिशन को आगे बढ़ाने में लगाया: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
जब देश गुलामी की बेड़ियों में जकड़ा हुआ था तब एक ओर लाखों स्वतंत्रता सेनानी, आज़ादी की लड़ाई लड़ रहे थे... तो दूसरी ओर, स्वामी विवेकानंद जैसे राष्ट्र ऋषि भी थे जिन्होंने भारत की आध्यात्मिक चेतना को जागृत किया। भारत के युवाओं को योग का मार्ग दिखाया: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
पिछले 12 वर्षों में भारत, अपनी संस्कृति, अपनी पहचान और अपने ज्ञान-विज्ञान को पूरे आत्मविश्वास के साथ दुनिया के सामने रख रहा है। इसी का परिणाम है भारत की पहल पर अब पूरा विश्व अंतर्राष्ट्रीय योग दिवस मनाता है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
भारत में योगासन को प्रतिस्पर्धी खेल के रूप में भी मान्यता दी गई है। खेलो इंडिया और नेशनल गेम्स जैसे आयोजनों में भी योगासन के लिए नई जगह बनी है। ये बदलाव भारत के लिए बहुत महत्वपूर्ण है। इससे योग से जुड़े लोगों के लिए प्रतिस्पर्धी प्रतियोगिताओं में हिस्सा लेने के भी रास्ते खुल गए हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
हमने आयुर्वेद से जुड़ी research और आयुर्वेद आधारित patents को प्रोत्साहन दिया और आज इसका भी परिणाम हमारे सामने है। भारत से आयुष और herbal उत्पादों का निर्यात लगातार बढ़ रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026