Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্তরপ্রদেশের লখনউতে পঞ্চম কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি

উত্তরপ্রদেশের লখনউতে পঞ্চম কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি


নতুন দিল্লি, ২১ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের লখনউতে আয়োজিত পঞ্চম ‘কৌশল দীক্ষান্ত সমারোহ’-এ অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে সম্বোধন করার সময় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন যে, দক্ষতা উন্নয়নের মতো এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য লখনউকে বেছে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে, উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত সাংসদ হিসেবে এটি তাঁর কাছেও অত্যন্ত গর্বের বিষয়।

 

প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণরা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে এবং এখন তারা সরাসরি দেশ গড়ার প্রক্রিয়ায় যুক্ত হতে চলেছে। তিনি জোর দিয়ে বলেন, আইটিআই-তে তারা যে দক্ষতা ও কারিগরি জ্ঞান অর্জন করেছে, তা ‘বিকশিত(উন্নত) ভারত’ গড়ার ক্ষেত্রে একটি বড় চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, কোনো জাতি তার তরুণদের দক্ষতার মাধ্যমেই প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারে। ভারতের দীর্ঘদিনের কারুশিল্প ঐতিহ্যের কথা তুলে ধরতে গিয়ে তিনি লখনউয়ের চিকনকারি, মিহি মসলিন, বেনারসি ও কাঞ্জিভরম সিল্ক, কাশ্মীরের পশমিনা, সুতির বস্ত্র, কলমকারি, বিশ্বসেরা তলোয়ার তৈরির ইস্পাত, এবং ব্রোঞ্জ ও পঞ্চধাতুর মূর্তির মতো শত শত ঐতিহ্যবাহী শিল্পের উল্লেখ করেন, যা একসময় সমাজের ভিত্তি হিসেবে কাজ করত। প্রধানমন্ত্রী মোদী বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে ভারতের পরিচিতি গড়ে উঠেছে এই ধরনের দক্ষতার মাধ্যমেই।”

 

প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেন যে, ভারতের প্রাচীন সামাজিক কাঠামোটি দক্ষতার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। তিনি গুজরাটের ‘বাসাভায়া’ ঐতিহ্যের উদাহরণ দিয়ে বলেন, সেখানে গ্রাম প্রতিষ্ঠার সময় দক্ষ কারিগররাও সেই গ্রামে বসতি স্থাপন করতেন, যারা গ্রামীণ জীবনযাত্রাকে সচল রাখতেন। শ্রী মোদী বলেন, “এঁরা এতটাই দক্ষ ছিলেন যে, তাঁদের ছাড়া গ্রামীণ জীবনের কথা কল্পনা করাও কঠিন ছিল।”

 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, প্রাচীনকাল থেকেই ভারতের প্রতিটি অঞ্চলে এমন একটি ব্যবস্থা প্রচলিত ছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে তার গুরুত্ব হারিয়ে ফেলে। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন কর্মকর্তাদের একটি কাজের দায়িত্ব দিয়েছিলেন – একজন মানুষের ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত, এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত – প্রতিটি পর্যায়ে যে ধরনের কাজ বা পরিষেবার প্রয়োজন হয়, তার একটি তালিকা তৈরি করতে। এই প্রক্রিয়ায় প্রায় এক হাজার প্রয়োজনীয় দক্ষতার সন্ধান পাওয়া যায়, যা সমাজকে সচল রাখত। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি কর্মকর্তাদের এই বিষয়টির ওপরই মনোযোগ দিতে বলেছিলাম, আর তার ফলেই গুজরাটে দক্ষতা উন্নয়নের একটি আধুনিক ইকোসিস্টেম বা পরিকাঠামো গড়ে উঠেছিল।” ভারতের দক্ষতা পরিকাঠামোর অবনতির জন্য ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা একটি দক্ষতা-ভিত্তিক সমাজকে কেবল ‘কাগজ-কলম চালানো করণিক’ তৈরির সমাজে পরিণত করেছিল, অথচ সেই সময়ে ব্রিটিশরা তাদের নিজেদের শিল্প ও উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তিনি উল্লেখ করেন যে, স্বাধীনতার পরেও করণিক চাকরির প্রতি এক ধরনের বিশেষ সম্মান বজায় ছিল, যার ফলে দক্ষ কারিগররা হীনম্মন্যতায় ভুগে নিজেদের পেশা থেকে দূরে সরে যেতে শুরু করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন, “দাসত্বের এই মানসিকতার কারণে আমাদের দেশকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।”

 

‘শ্রমেব জয়তে’ (শ্রমের জয়)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারের নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে – কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের পাশাপাশি আইটিআই থেকে দক্ষতা সনদপ্রাপ্তদের জন্যও সমাবর্তন অনুষ্ঠানের প্রথা চালু করা এবং নতুন জাতীয় শিক্ষানীতিতে দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা। প্রধানমন্ত্রী কারুকার্য ও দক্ষতাকে সম্মান জানানোর ওপর জোর দিয়ে বলেন, “একবিংশ শতাব্দীর ভারত কেবল দক্ষতাকে সম্মান জানানোর মাধ্যমেই এগিয়ে যেতে পারে।”

 

আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মসংস্থান কেড়ে নিতে পারে – এমন ব্যাপক আলোচনা ও উদ্বেগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কোভিড অতিমারির সময়ের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, যখন সবাই অসহায় বোধ করছিলেন, তখন দক্ষ কর্মীরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো সামলেছিলেন এবং সবকিছু সচল রেখেছিলেন। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, “আমার এই কথাটি ভালো করে বুঝে নিন: যার কাছে দক্ষতা আছে, তার কর্মসংস্থান কেউ কেড়ে নিতে পারবে না।”

 

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, কোনো শিল্প বা কারিগরি দক্ষতা শেখার অর্থ কেবল যন্ত্র চালানো নয়, বরং এর মাধ্যমে মানুষের জীবন সহজ করা এবং জাতীয় সক্ষমতা ও উৎপাদন ক্ষমতাকে শক্তিশালী করা যায়। ২০১৪ সাল থেকে আইটিআই-গুলোর ওপর অভূতপূর্ব গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, গত এক দশকে প্রায় ৫,০০০ নতুন আইটিআই গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “আইটিআই-তে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষেরও বেশি বেড়েছে এবং এর মধ্যে ছাত্রীদের সংখ্যা আড়াই গুণেরও বেশি হয়েছে।” আইটিআই-গুলোতে প্রশিক্ষণ, গুণমান, শিক্ষক-শিক্ষিকা এবং পরিকাঠামোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, আগে যেখানে পুরোনো ও সেকেলে ট্রেড বা পাঠ্যক্রমের কারণে এগুলি পিছিয়ে ছিল, সেখানে এখন ৩০টিরও বেশি আধুনিক যুগের ট্রেড চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যারোনটিক্যাল স্ট্রাকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট, সাইবার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, ড্রোন টেকনিশিয়ান, গ্রিন হাইড্রোজেন টেকনিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স, ইলেকট্রিক ভেহিকল, অ্যানিমেশন অ্যান্ড স্পেশাল এফেক্টস এবং সেমিকন্ডাক্টর টেকনিশিয়ানের মতো বিষয়। ভারতের বর্তমান বাণিজ্য চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটে, দেশীয় ও আন্তর্জাতিক – উভয় চাহিদাই মাথায় রেখে এই পাঠ্যক্রমগুলি তৈরি করা হয়েছে। শ্রী মোদী জোর দিয়ে বলেন, “এই সবকিছু আপনাদের জন্য, অর্থাৎ যুবসমাজের জন্য করা হচ্ছে; আপনাদের ভবিষ্যতের কথা ভেবেই নতুন নতুন সুযোগ সৃষ্টি করা হচ্ছে।”

 

আইটিআই-এর পাঠ্যক্রম ও যন্ত্রপাতি আধুনিকীকরণ, নতুন প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণের সঙ্গে শিল্পের সরাসরি সংযোগ স্থাপনের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ‘পিএম-সেতু’ প্রকল্পের আওতায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের বিষয়টি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদী নিশ্চিতভাবে বলেন, “এর ফলে আমাদের যুবসমাজ ব্যাপকভাবে উপকৃত হবে।”

 

ভারতের দ্রুত উন্নয়ন যে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি করছে, তা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, গত ১২-১৩ বছরে সরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে, যা মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছে। দরিদ্রদের জন্য ৪ কোটি বাড়ি নির্মাণ, জলের পাইপলাইন বসানো এবং প্রথমবারের মতো বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার মতো বড় বড় কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, এসব প্রকল্পের মাধ্যমে ইলেকট্রিশিয়ান, কাঠমিস্ত্রি ও অন্যান্য দক্ষ যুবকদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। শ্রী মোদী বলেন, “এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে দেশের দক্ষ কর্মীদের জন্য লক্ষ লক্ষ নতুন সুযোগ তৈরি হয়েছে।”

 

উদীয়মান খাতগুলোতে দক্ষ কর্মীর ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কয়েক মাস আগে পশ্চিম এশিয়ায় সংঘাতের সময় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তখন সরকার প্রতিদিন অন্তত এক লক্ষ পিএনজি সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল, কিন্তু নিয়মিত পর্যালোচনা সভায় দেখা যায়, প্লাম্বারের ঘাটতির কারণে সেই লক্ষ্যমাত্রা অর্জনে দেরি হচ্ছে। এছাড়া সৌরশক্তি খাত এবং ক্রীড়া সরঞ্জাম উৎপাদন ও ফিটনেসসহ ক্রমবর্ধমান ক্রীড়া অর্থনীতিতেও প্রচুর দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, “আপনারা যদি দক্ষ হন, তবে কর্মসংস্থান পাওয়ার সুযোগ আপনাদের জন্য অনেক বেড়ে যাবে।”

 

ভারত যে বিশ্বের ‘দক্ষতার রাজধানী’ হওয়ার পথে এগিয়ে চলেছে, তা জানিয়ে প্রধানমন্ত্রী তরুণদের জন্য এবং উত্তর প্রদেশের জন্য একটি সুখবর দেন – ২০২৭ সালে গ্রেটার নয়ডায় ‘ওয়ার্ল্ডস্কিলস এশিয়া’ প্রতিযোগিতার আয়োজন করবে ভারত, যেখানে বিভিন্ন দেশের তরুণরা অংশ নেবে। শ্রী মোদী বলেন, “এজন্য আমি উত্তর প্রদেশকে আগাম শুভকামনা জানাই।”

 

জাতীয় উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য উত্তর প্রদেশের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বর্তমান সরকার রাজ্যটিকে একটি ‘এক্সপ্রেসওয়ে রাজ্য’-এ রূপান্তরিত করেছে। এখানে গড়ে উঠেছে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর, বড় বড় বিশ্ববিদ্যালয়, সমৃদ্ধ পর্যটন শিল্প, বিশাল মোবাইল ফোন তৈরির কারখানা এবং একটি চিপ তৈরির কারখানা। এছাড়া এখানে তৈরি হচ্ছে ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র, যা ‘অপারেশন সিন্দুর’-এর সময় শত্রুপক্ষকে কাঁপিয়ে দিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী বলেন, “উত্তর প্রদেশে এই সমস্ত উন্নয়নমূলক কাজ হওয়ার ফলে আপনাদের মতো তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে।” নিজের সংসদীয় কেন্দ্র বেনারসে একটি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এক তরুণীর সঙ্গে হওয়া কথোপকথনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, ওই তরুণী তাঁকে বলেছিলেন যে এখন তিনি রাত ১১টার সময়েও নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন। প্রধানমন্ত্রী এর কৃতিত্ব দেন যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে, যারা একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, এই নিরাপত্তাবোধ এবং সমৃদ্ধির আত্মবিশ্বাসই একটি ‘বিকশিত ভারত’ গড়ে তুলবে। তিনি সকল যুবসমাজের প্রতি আন্তরিক শুভকামনা জানান। শ্রী মোদী বলেন, “এখন পুরো আকাশ আপনাদের সামনে খোলা রয়েছে; বড় স্বপ্ন দেখুন, নিজেদের দক্ষতা বৃদ্ধি করুন এবং সেই স্বপ্নপূরণে সর্বশক্তি নিয়োগ করুন।” 

 

 

SC/SB/AS