নতুন দিল্লি, ২১ নভেম্বর, ২০২৬
উত্তরপ্রদেশের কর্মঠ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার প্রবীণ সহকর্মী এবং এই সংসদীয় কেন্দ্রের প্রতিনিধি শ্রী রাজনাথ সিং জি, শ্রী জয়ন্ত চৌধুরী জি, সংসদে আমার সহকর্মী পঙ্কজ চৌধুরী জি, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জি ও ব্রজেশ পাঠক জি, অন্যান্য জনপ্রতিনিধি এবং
আমার তরুণ বন্ধুগণ,
আমি আনন্দিত যে আমাদের বন্ধু জয়ন্ত চৌধুরী জি এই ধরনের একটি বড় দক্ষতা উন্নয়ন কর্মসূচির জন্য লখনউকে বেছে নিয়েছেন। আপনারা ইতিমধ্যেই হাততালি দিয়েছেন, কিন্তু আমি কেন আনন্দিত তা এখনও বলিনি। আমি আনন্দিত কারণ, উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত একজন সাংসদ হিসেবে, এটি আমার জন্য গর্বের ও সৌভাগ্যের বিষয় যে, আজ সারা দেশ থেকে আগত আমার তরুণ বন্ধুদের স্বাগত জানানোর সুযোগ আমি পেয়েছি।
বন্ধুগণ,
আজ আপনারা আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছেন। এখন আপনারা সরাসরি দেশ গড়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চলেছেন। আজকের দিনটি আমার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সকালে দিল্লি থেকে আমি পশ্চিমবঙ্গে গিয়েছিলাম, সেখানে আমার দিনের প্রথম কর্মসূচিটি ছিল একটি আইআইটি-তে। খড়গপুরে দেশের প্রথম আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল, যা আজ তার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। যে উদ্যম, স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমি আইআইটি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ঠিক সেই একই উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আজ আমি এখানে আইটিআই-এর শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে এসেছি। আইআইটি হোক বা আইটিআই – আমার কাছে উভয়ই দেশের সম্পদ, জাতির শক্তি এবং ভারতের ভবিষ্যৎ। আইটিআই-তে পড়াশোনার সময় আপনারা যে দক্ষতা ও পারদর্শিতা অর্জন করেছেন, তা এখন ‘বিকশিত(উন্নত)ভারত’-এর জন্য শক্তির এক বড় উৎস। আপনাদের হাত ধরেই, আপনাদের দক্ষতার মাধ্যমেই গড়ে উঠবে এই ‘বিকশিত ভারত’। প্রতিটি জাতি তার তরুণদের দক্ষতার মাধ্যমেই এগিয়ে যায়; আর আমাদের দেশ সবসময়ই দক্ষতা ও কারুশিল্পকে সম্মান জানিয়ে এসেছে। লখনউয়ের দিকেই তাকান – এখানে কত চমৎকার ‘চিকন’ কারুকাজ করা হয়! দীর্ঘকাল ধরে ভারত বিশ্বজুড়ে এই ধরনের দক্ষতার জন্যই পরিচিত ছিল। সূক্ষ্ম মসলিন, বেনারস ও কাঞ্চীপুরমের রেশমি বস্ত্র, কাশ্মীরের পশমিনা, আমাদের সুতির কাপড়, কলমকারি শিল্প, বিশ্বের অন্যতম সেরা তলোয়ার তৈরির ইস্পাত, ব্রোঞ্জ ও পঞ্চধাতুর ভাস্কর্য – এমন অসংখ্য কারুশিল্প রয়েছে। কোনও একজন ব্যক্তির পক্ষে হয়তো এগুলোর সবকটির তালিকা দেওয়া সম্ভব নয়। একসময় এগুলোই ছিল আমাদের সমাজের ভিত্তি।
বন্ধুগণ,
অতীতে আমাদের সামাজিক কাঠামোটিই গড়ে উঠেছিল বিভিন্ন দক্ষতার ওপর ভিত্তি করে। আমার জন্ম গুজরাটে, তাই গুজরাটের একটি অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। গুজরাটে ‘ভাসভায়া’ বলে একটি ধারণা প্রচলিত আছে। এই প্রথা অনুযায়ী, যেখানেই কোনো গ্রাম গড়ে উঠত, সেখানে এমন দক্ষ কারিগর বা পেশাজীবীরাও এসে বসতি স্থাপন করতেন, যাদের কাজ ছাড়া গ্রামীণ জীবন সচল রাখা অসম্ভব ছিল। তাদের উপস্থিতি ছাড়া একটি গ্রামের অস্তিত্বই কল্পনা করা যেত না।
বন্ধুগণ,
প্রাচীনকাল থেকেই দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থার গুরুত্ব ক্রমশ কমে যায়। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম, তখন আমার মনে একটি প্রশ্ন জেগেছিল – এমন কত ধরনের দক্ষতা বা পেশা রয়েছে, যা ছাড়া আমাদের জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়বে? আমি আমার কর্মকর্তাদের এই বিষয়টি নিয়ে কাজ করতে বললাম। তাঁরা ফিরে এসে ৩০-৩৫টি বিভাগের একটি তালিকা দিলেন। আমি তাঁদেরকে বললাম, এভাবে দেখলে হবে না; বরং অন্যভাবে চিন্তা করতে হবে। আমি তাঁদেরকে বললাম, একজন মানুষ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত – এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত – তার নিজের, পরিবারের এবং সমাজের কী কী পরিষেবার প্রয়োজন হয়, তা নিয়ে ভাবতে। কোন কোন পরিষেবা একান্ত অপরিহার্য? আমি তাঁদের নিজেদের অভিজ্ঞতার আলোকে একটি তালিকা তৈরি করতে বললাম। আগে তাঁরা মাত্র ৩০-৩৫টি বিভাগের তালিকা দিয়েছিলেন, কিন্তু এক সপ্তাহ গভীরভাবে চিন্তাভাবনা করার পর তাঁরা প্রায় এক হাজার ধরনের পেশা বা কাজের একটি তালিকা নিয়ে এলেন। তাঁরা বুঝতে পারলেন যে, আমাদের এমন অনেক মানুষের প্রয়োজন – যারা ফুলের তোড়া তৈরি করেন, খেলনা বানান, মেহেন্দি পরান – এমন আরও অসংখ্য পরিষেবা প্রদানকারী। এই দক্ষতা ও কারুশিল্পগুলোই আমাদের সমাজকে সচল রেখেছিল। আমি কর্মকর্তাদের এই বিষয়টির ওপর গুরুত্ব দিতে বললাম, আর শেষ পর্যন্ত এর মাধ্যমেই গুজরাটে একটি আধুনিক দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম বা পরিকাঠামো গড়ে উঠল।
বন্ধুগণ,
ভারতের দক্ষতা পরিকাঠামো ধ্বংস হওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে। যখন আক্রমণকারীরা আমাদের দেশে এসেছিল, তখন ভারত ছিল এক স্বর্ণালি সভ্যতা – যা বিশ্বজুড়ে প্রশংসিত ছিল এবং অনেকেই একে ঈর্ষা করত। সেই আক্রমণকারীরা কী করেছিল? তারা প্রথমেই আঘাত হেনেছিল আমাদের দক্ষতা ও কারুশিল্পের ওপর। আপনারা অনেকেই ইতিহাসে পড়েছেন যে, আমাদের দক্ষ কারিগররা যখনই অসাধারণ গুণমানসম্পন্ন কোনো পণ্য তৈরি করতেন, তখন তাঁদের বুড়ো আঙুল কেটে ফেলা হতো। কেন? কারণ, সেই আক্রমণকারীরা বুঝতে পেরেছিল যে, ভারতের সমৃদ্ধি ও মহত্ত্ব নিহিত রয়েছে এ দেশের মানুষের হাতের দক্ষতায়। তারা জানত, যদি এই দক্ষতাগুলোকে ধ্বংস করে দেওয়া যায়, তবে ভারত নিজেই দুর্বল হয়ে পড়বে। পরবর্তীকালে এল ব্রিটিশরা। তাদের পদ্ধতি ছিল আরও সুকৌশলী। ম্যাকলের শিক্ষাব্যবস্থার মাধ্যমে তারা এমন এক মডেল চাপিয়ে দিল, যেখানে আমাদের দক্ষতা-ভিত্তিক ঐতিহ্যগুলো কেবল ‘কাগজ-কলম নির্ভর কেরানি’ তৈরির কারখানায় পরিণত হলো। এমন এক সামগ্রিক ব্যবস্থা গড়ে উঠল, যার মূল লক্ষ্যই ছিল কেরানি তৈরি করা। ব্রিটিশরা ভারতের দক্ষতাগুলোকে ধ্বংস করে নিজেদের শিল্পকে এগিয়ে নিয়ে গেল। তারা আমাদের সম্পদ নিয়ে গেল এবং নিজেদের উৎপাদন ব্যবস্থাকে প্রসারিত করল। সময়ের সঙ্গে সঙ্গে, কেবল কাগজ-কলম নির্ভর কেরানি হওয়াটাকেই এক মর্যাদাপূর্ণ বিষয় হিসেবে গণ্য করা হতে লাগল। আজও যদি কোনো সন্তান আইটিআই-তে ভর্তি হয়, তবে অনেক অভিভাবকই তা গর্বের সঙ্গে বন্ধু-বান্ধব বা আত্মীয়দের কাছে প্রকাশ করেন না; বরং তাঁরা বিষয়টি লুকিয়ে রাখেন। তাঁরা লজ্জা বোধ করেন, কারণ সন্তানটি কোনও বিশ্ববিদ্যালয় বা কলেজে যাচ্ছে না – বরং সে নীল রঙের ইউনিফর্ম পরে নিজের হাতের কাজ করছে। এই মানসিকতা সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে। আমি এটি পরিবর্তনের সংকল্প নিয়েছি। আইআইটি-এর স্নাতকদের যে সম্মান দেওয়া হয়, আমার আইটিআই-এর শিক্ষার্থীদেরও ঠিক সেই সম্মানই প্রাপ্য। এমনকি সবচেয়ে বড় কোনো কোম্পানির কথা ধরলেও দেখা যাবে, সেখানে হয়তো ডিগ্রি বা সার্টিফিকেটধারী দু-একজন মানুষ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোম্পানিটি টিকে আছে মূলত সেই ২০০ থেকে ৩০০ জন আইটিআই-প্রশিক্ষিত কর্মীর ওপর, যাঁরা সেখানে কাজ করছেন।
আর তাই, বন্ধুগণ,
আমাদের সামাজিক জীবনে এক গভীর মানসিক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আমি জয়ন্ত চৌধুরীজি এবং এই উদ্যোগের সঙ্গে যুক্ত সকল আধিকারিককে অভিনন্দন জানাই। আজ যারা সার্টিফিকেট নিতে এসেছিল, সেই তরুণ-তরুণীদের আমি লক্ষ্য করছিলাম। তাদের ভঙ্গি, তাদের পোশাক-পরিচ্ছদ – সবই আমি দেখেছি। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও হয়তো সেই গর্ব ও মর্যাদার ছাপ দেখা যায় না, যা আমি আমার আইটিআই-এর শিক্ষার্থীদের মধ্যে দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাস, এই গর্ব – সত্যিই এক বিশেষ বিষয়। ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের একটি আইআইটি-র কর্মসূচি সেরে ছুটে এসে এখানে লখনউতে দাঁড়িয়ে আইটিআই শিক্ষার্থীদের হাতে গর্বের সঙ্গে সনদপত্র তুলে দিয়েছেন।
বন্ধুগণ,
এটি ছিল এক ধরনের ঔপনিবেশিক মানসিকতা, যা থেকে স্বাধীনতা লাভের পরেও দেশ পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। স্বাধীনতার পরেও কেরানি-সুলভ চাকরির ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর দক্ষতা উন্নয়নের বিষয়টি ক্রমশ পিছিয়ে পড়েছে। একবার আমি দাদা ধর্মাধিকারী জির লেখা একটি বই পড়ছিলাম। এক স্নাতকোত্তর ডিগ্রিধারী যুবক চাকরির সন্ধানে তাঁর কাছে এসে সাহায্য চাইল। দাদা ধর্মাধিকারী তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কী কী কাজ করতে পারো?” যুবকটি উত্তর দিল, “আমি স্নাতকোত্তর ডিগ্রিধারী।” দাদা ধর্মাধিকারী আবার জিজ্ঞেস করলেন, “কিন্তু আসলে তুমি কী করতে পারো?” যুবকটি বলল, “আমার কাছে স্বর্ণপদক আছে, আমার কাছে অনেক শংসাপত্র আছে। আমি স্নাতকোত্তর ডিগ্রিধারী।” দাদা ধর্মাধিকারী আবারও জিজ্ঞেস করলেন, “তুমি কি গাড়ি চালাতে পারো?” “না।” “তুমি কি রান্না করতে পারো?” “না।” তাহলে তুমি কী করতে পারো? যুবকটি বারবার একই কথা বলতে লাগল যে সে একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী। এক সময় এমন ছিল যখন কেবল কাগজের শংসাপত্রগুলোরই মূল্য ছিল। কিন্তু সময় পাল্টাচ্ছে, আর আজ আমি আপনাদের একটি কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই আজকাল সংবাদমাধ্যমে বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা দেখে থাকবেন। মানুষ বলছে যে, ২০২৩ সালে আমি সংসদে পরামর্শ দিয়েছিলাম যেন মানুষ ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে (পিএসইউ) বিনিয়োগ করে এবং সমৃদ্ধি অর্জন করে। তখন অনেকে আমাকে নিয়ে উপহাস করেছিলেন। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যে, যারা বিনিয়োগ করেছিলেন, তাঁরা দারুণভাবে লাভবান হয়েছেন। এক বছর আগে আমি আরও একটি কথা বলেছিলাম। আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, খুব প্রয়োজন ছাড়া যেন অন্তত এক বছর কেউ সোনা না কেনেন। আমি আনন্দিত যে, যেভাবে একসময় মানুষ লাল বাহাদুর শাস্ত্রি জির অনুরোধে দেশের স্বার্থে এক বেলা খাবার ত্যাগ করেছিলেন, ঠিক সেভাবেই আমাদের নাগরিকরা আমার কথা শুনেছেন। এই জাতির চরিত্রই এমন। আমার মতো একজন সাধারণ মানুষ অনুরোধ করলাম যে মানুষ যেন কম সোনা কেনেন, আর তাঁরা তা-ই করলেন। সোনার দাম কমে গেল। আজ মানুষ আমাকে এসে বলেন যে, তাঁরা আমার পরামর্শ মেনে চলেছেন এবং অর্থ সাশ্রয় করেছেন। আজ আমি আরও একটি কথা বলতে চাই। এটি মনে রাখবেন- সময় পাল্টাচ্ছে। এখন কেবল কাগজের শংসাপত্রধারী, কোট-প্যান্ট-টাই পরা ব্যক্তিদের চেয়ে দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন মানুষের চাহিদা অনেক বেশি বাড়বে। যাঁদের প্রকৃত দক্ষতা আছে, তাঁদের চাহিদাই হবে সবচেয়ে বেশি। আমি যখনই সৌদি আরব, দুবাই, আবুধাবি, কাতার বা কুয়েতে যাই, সেখানকার রাজপরিবারের সদস্যরা আমাকে একটি কথা বলেন। বলা হয়ে থাকে যে, সেখানে যে চমৎকার আধুনিক শহরগুলো দেখা যায়, সেগুলো কেবল তাঁদের অর্থের জোরেই গড়ে ওঠেনি; বরং এর পেছনে রয়েছে ভারতীয় কর্মীদের কঠোর পরিশ্রম ও দক্ষতা। দুবাইয়ের জাঁকজমক, আবুধাবির উজ্জ্বল আকাশচুম্বী অট্টালিকা কিংবা সৌদি আরবের উন্নয়ন – এ সবই ভারতীয় কারিগরদের দক্ষতা ও শ্রমের ফসল। প্রতিটি রাজপরিবারই ভারতের মানবসম্পদ বা প্রতিভার প্রশংসা করে। আজ বিশ্বের বিভিন্ন সরকার আমাদের সঙ্গে চুক্তি করার সময় বারবার বলছে যে, তাঁদের প্রতি বছর ৯০ হাজার, দেড় লাখ বা ১ লাখ কর্মীর প্রয়োজন। পুরো বিশ্বই এখন ভারতীয় প্রতিভার খোঁজ করছে। আর তাঁরা কেবল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্র্যাজুয়েটদেরই খুঁজছেন না, তাঁরা খুঁজছেন আইটিআই থেকে উঠে আসা দক্ষ কর্মীদেরও। যাঁদের দক্ষতা ও বিশেষ জ্ঞান রয়েছে, বিশ্বজুড়ে তাঁদের চাহিদা ক্রমাগত বাড়ছে। আর তাই আমি বলছি, বন্ধুগণ, আগামী বিশ বছর – এখানে আমি কোনও সিনেমার কথা বলছি না – এই আগামী বিশ বছর হলো ‘বিকশিত ভারত’-এর সময়।
বন্ধুগণ,
একবিংশ শতাব্দীতে ভারত কেবল তখনই এগিয়ে যেতে পারে, যখন আমরা দক্ষতাকে যথাযথ সম্মান দেব। আর তাই, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সরকার ‘শ্রমেব জয়তে’ (শ্রমের জয়)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা প্রথমেই দক্ষতা উন্নয়নের জন্য একটি আলাদা মন্ত্রক গঠন করেছি। আগে সমাবর্তন অনুষ্ঠান কেবল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের জন্যই আয়োজন করা হতো; তারা বিশেষ টুপি ও গাউন পরতেন। আমি বললাম, না, এমনটা হবে না। যদি বড় কোনো সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়, তবে তা আমার আইটিআই শিক্ষার্থীদের জন্যও হতে হবে। আমি তাদের আঙুলের কারুকাজে ভারতের ভবিষ্যৎ দেখতে পাই। তাদের দক্ষতার মধ্যেই আমি ভারতের শক্তি খুঁজে পাই। আর যখন আমরা নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করলাম, তখন আমরা দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি।
বন্ধুগণ,
আজকের এই আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেকে বলছেন, এআই অনেক কিছু করে ফেলবে; এআই হয়তো একজনের চাকরি বা জীবিকা কেড়ে নেবে। কিন্তু বিষয়টি ভালোভাবে বুঝে নিন-একজন দক্ষ ব্যক্তির জীবিকা কেউ কেড়ে নিতে পারে না। কোভিড মহামারীর সময় আমরা দেখেছি পরিস্থিতি কতটা কঠিন হয়ে পড়েছিল। মানুষ অসহায় হয়ে পড়েছিল। সমাজের যেসব মানুষের সেবার ওপর সবাই নির্ভরশীল ছিলেন, তাঁরাও মৃত্যুর ভয়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। এরপর মানুষ বুঝতে পারল যে, তারা যতই ধনী হোক না কেন, দক্ষ জনশক্তি ছাড়া তাঁদের পক্ষে চলা সম্ভব নয়। সেই সময়ে দক্ষ কর্মীরাই জীবনের নানা দিক সচল রেখেছিলেন।
বন্ধুগণ,
আপনারা যখন কোনো দক্ষতা অর্জন করেন, তখন আপনারা কেবল যন্ত্র নিয়ে কাজ করেন না; বরং আপনারা মানুষের জীবনকে সহজ করে তোলেন। আপনারা জাতির শক্তি বৃদ্ধি করেন। একসময় ভারত মোবাইল ফোন আমদানি করত। আজ ভারতেরই ছেলেমেয়েরা সেই ফোন তৈরি করছে এবং ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। আপনাদের কারণেই ভারতের উৎপাদন সক্ষমতা বাড়ছে। আর সে কারণেই আজ আইটিআই-গুলোর ওপর এত গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০১৪ সাল থেকে আমাদের সরকার এক দশকের মধ্যে প্রায় ৫,০০০ নতুন আইটিআই স্থাপন করেছে। আইটিআই-তে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখেরও বেশি বেড়েছে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা আড়াই গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
বন্ধুগণ,
আইটিআই-গুলোতে প্রশিক্ষণের গুণমান, প্রশিক্ষকবৃন্দ এবং পরিকাঠামোর উন্নয়ন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। একসময় আইটিআই নেটওয়ার্ক বেশ পিছিয়ে ছিল; তখন দক্ষতা বা বৃত্তিমূলক শিক্ষার নামে কেবল পুরোনো ধাঁচের বিষয়গুলোই শেখানো হতো। আজ আইটিআই-গুলোতে ৩০টিরও বেশি আধুনিক যুগের বিষয় শেখানো হচ্ছে। ‘জেন জেড’ (Gen Z) বা বর্তমান প্রজন্মের প্রতিনিধিরা যেমনটি উল্লেখ করেছেন, এখনকার পাঠ্যক্রমের মধ্যে রয়েছে অ্যারোনটিক্যাল স্ট্রাকচার, এআই অ্যাসিস্ট্যান্ট, সাইবার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, ড্রোন টেকনিশিয়ান, গ্রিন হাইড্রোজেন টেকনিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স, ইলেকট্রিক ভেহিকল, অ্যানিমেশন ও স্পেশাল ইফেক্টস, সেমিকন্ডাক্টর টেকনিশিয়ান এবং আরও অনেক কিছু। বর্তমান ও ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখেই এই কোর্সগুলো চালু করা হয়েছে। হাসপাতাল যতই বড় হোক বা চিকিৎসকরা যতই উচ্চশিক্ষিত হোন না কেন, যদি যন্ত্রপাতি পরিচালনার জন্য আইটিআই-প্রশিক্ষিত টেকনিশিয়ান না থাকেন, তবে একজন রোগীরও চিকিৎসা সম্ভব নয়। এটাই আপনাদের শক্তি। আমি এখানে এসেছি আপনাদের এই শক্তির কথা মনে করিয়ে দিতে, আপনাদের সক্ষমতাকে সম্মান জানাতে। কারণ আমি জানি, ভবিষ্যতে আইটিআই-গুলো এক গৌরবময় অধ্যায় রচনা করতে চলেছে।
আর বন্ধুগণ,
এই সবকিছু কেবল ভারতের প্রয়োজনেই নয়, বরং সমগ্র বিশ্বের চাহিদার কথা মাথায় রেখেই করা হচ্ছে। আপনারা প্রায়শই শোনেন যে, ভারত কোনও না কোনও দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে অথবা অন্য কোনও দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চালাচ্ছে। এসবই আপনাদের মতো তরুণ-তরুণীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে।
বন্ধুগণ,
আমাদের লক্ষ্য হলো – আইটিআই-এর পাঠ্যক্রমে পরিবর্তন আনা, যন্ত্রপাতি আধুনিকীকরণ করা, প্রশিক্ষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তোলা এবং প্রশিক্ষণের সঙ্গে শিল্পের সরাসরি সংযোগ স্থাপন করা। আর সেই কারণেই ‘পিএম সেতু’ প্রকল্পের মাধ্যমে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এটি আপনাদের মতো তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত লাভজনক হবে।
বন্ধুগণ,
ভারত দ্রুত এগিয়ে চলেছে, আর এর ফলে দক্ষ কর্মীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। আপনারা আগেই শুনেছেন যে, গত ১২-১৩ বছরে ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন। এটি একটি ঐতিহাসিক অর্জন। আমার মতে, স্বাধীনতার পর ভারতের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হলো এই ৫০ কোটি মানুষের দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া। আর ‘বিকশিত ভারত’-এর পথটি এই অর্জনের মধ্য দিয়েই এগিয়ে যায়। সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছে, দরিদ্র মানুষকে ক্ষমতায়িত করেছে এবং তাঁদের মনে এই আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে যে, তাঁরা দারিদ্র্য কাটিয়ে উঠে এগিয়ে যেতে পারে। এই বিশাল কর্মযজ্ঞে দক্ষ কর্মীদের জন্য লক্ষ লক্ষ নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। দরিদ্র পরিবারগুলোর জন্য যখন চার কোটি বাড়ি নির্মাণ করা হলো, তখন ইলেকট্রিশিয়ান ও কাঠমিস্ত্রিরা কাজের সুযোগ পেলেন। যখন পাইপলাইন বসানো হলো এবং গ্রামে প্রথমবারের মতো বিদ্যুৎ পৌঁছাল, তখন আপনাদের মতো তরুণরাই সেই উদ্যোগগুলোকে সফল করে তুলেছিলেন।
বন্ধুগণ,
আজ অনেক নতুন ক্ষেত্রে বিভিন্ন ধরনের দক্ষতার চাহিদা বাড়ছে। আপনাদের আরেকটি উদাহরণ দিই। কয়েক মাস আগে পশ্চিম এশিয়ায় যখন যুদ্ধ শুরু হলো, তখন গ্যাস সরবরাহ ব্যাহত হয়। এলপিজি পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে আসে। যারা আতঙ্ক ছড়াতে ভালোবাসে, তারা বেশ উত্তেজিত হয়ে পড়েছিল। তারা বলতে শুরু করল যে, গ্যাস ফুরিয়ে যাবে, চুলা জ্বলবে না, মানুষ না খেয়ে থাকবে এবং পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন পড়ে যাবে। আপনারা পুরনো খবরের কাগজগুলো ঘাঁটলে দেখতে পাবেন, তখন কী কী ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। কিন্তু তার কিছুই ঘটেনি। একই সময়ে, হরমুজ প্রণালীতে যখন সংকট দেখা দিল, তখন আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারিনি। আমাদের পদক্ষেপ নিতেই হতো। সরকার সিদ্ধান্ত নিল যে, শহরাঞ্চলে প্রতিদিন অন্তত এক লক্ষ পিএনজি গ্যাস সংযোগ দেওয়া হবে। আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেন পাইপলাইনের মাধ্যমে প্রতিটি ঘরে গ্যাস পৌঁছায়, যাতে ভবিষ্যতে কোনো সরবরাহ বিঘ্নিত হলেও আমরা তা সামাল দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে এই কর্মসূচিটি পর্যালোচনা করেছি, কারণ আমার লক্ষ্য ছিল প্রতিদিন এক লক্ষ সংযোগ দেওয়া। কিন্তু যখনই আমি পর্যালোচনা সভা করেছি, দেখেছি সংখ্যাটা মাত্র ১৫ হাজার, ২০ হাজার, ২২ হাজার বা ২৩ হাজারের ঘরে আটকে আছে। আমরা এক লক্ষের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারিনি। সরকার অর্থ ব্যয়ের জন্য প্রস্তুত ছিল। জানেন, আমি কী উত্তর পেয়েছিলাম? কর্মকর্তারা আমাকে জানালেন যে, তাঁরা সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু পর্যাপ্ত প্লাম্বার খুঁজে পাচ্ছেন না। প্লাম্বারের অভাব ছিল। একবার ভেবে দেখুন, আপনাদের শক্তি কত বড়! দেশ তখন মরিয়া হয়ে প্লাম্বার খুঁজছিল। এটি প্রমাণ করে যে, যদি আপনার দক্ষতা থাকে, তবে কর্মসংস্থানের সুযোগও আপনার জন্য উন্মুক্ত। আজ সৌরশক্তি খাতে আমাদের প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন। ভারতে একটি সম্পূর্ণ নতুন ‘স্পোর্টস ইকোনমি’ বা ক্রীড়া-অর্থনীতি গড়ে উঠছে। আমাদের এমন নির্মাতা প্রয়োজন যারা খেলার সরঞ্জাম এবং খেলাধুলা ও ফিটনেসের সঙ্গে সম্পর্কিত অন্যান্য পণ্য তৈরি করতে পারেন। সহজ কথায়, আপনাদের জন্য সুযোগের পরিধি আকাশের মতোই বিশাল। আমাদের তরুণদের উচিত এই সুযোগগুলোর পূর্ণ সদ্ব্যবহার করা।
বন্ধুগণ,
আজ ভারত বিশ্বের ‘স্কিল ক্যাপিটাল’ বা দক্ষতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে, আর আপনারা সবাই এই লক্ষ্যের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আমি শুধু ভারতের কথা বলছি না, আমি বিশ্বপর্যায়ের কথা বলছি – আর আপনাদের কারণেই আমি এই আত্মবিশ্বাসের সঙ্গে কথাটি বলতে পারছি। তরুণ প্রজন্মের জন্য এবং উত্তর প্রদেশের জন্য আমার কাছে একটি সুখবর আছে। আগামী বছর, ২০২৭ সালে, ভারত ‘ওয়ার্ল্ড স্কিলস এশিয়া’ প্রতিযোগিতার আয়োজন করবে। এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা এখানে আসবেন। এই আয়োজনটি হবে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়। উত্তর প্রদেশ বিভিন্ন দেশের তরুণদের আতিথ্য দেবে। এই আয়োজনের জন্য আমি উত্তর প্রদেশকে আগাম শুভকামনা জানাই।
বন্ধুগণ,
আজ উত্তর প্রদেশ দেশের উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠেছে। এক সময় ছিল যখন এখানকার তরুণদের জন্য সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত ছিল। যোগীজি, মৌর্যজি, ব্রজেশজি, পঙ্কজ চৌধুরীজি এবং অন্যান্যদের নেতৃত্বে, এবং ‘ডাবল ইঞ্জিন’ সরকারের প্রচেষ্টায় এই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। আজ উত্তর প্রদেশের মানুষ গর্বের সঙ্গে বলেন যে, উত্তর প্রদেশ এখন ‘এক্সপ্রেসওয়ে রাজ্য’। এখানে রয়েছে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর। বড় বড় বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। পর্যটন শিল্পের প্রসার ঘটছে। এখানে মোবাইল ফোন তৈরির বড় বড় কারখানা কাজ করছে। উত্তর প্রদেশে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছে। এমনকি ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র – যা ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং আমাদের শত্রুদের রাতের ঘুম কেড়ে নিয়েছে – তাও এখন উত্তর প্রদেশেই তৈরি হচ্ছে। এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আপনাদের মতো তরুণ-তরুণীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে।
বন্ধুগণ,
আমাদের এটাও মনে রাখা প্রয়োজন যে, এক সময় উত্তর প্রদেশ কেমন ছিল। কিছুদিন আগে আমি আমার সংসদীয় কেন্দ্র কাশীতে ছিলাম। সেখানে একটি কারখানার উদ্বোধনের সময় এক তরুণী আমাকে জানালেন যে, তিনি এখন রাত ১১টা পর্যন্ত কাজ করেন এবং একাই নিরাপদে বাড়ি ফিরে যান। এটি কোনো সাধারণ বিষয় নয়। উত্তর প্রদেশের মানুষ ভালোভাবেই জানেন যে, এক সময় সূর্যাস্তের পর কোনো মেয়ের বাইরে থাকাটা কী অর্থ বহন করত। তিনি আমাকে বললেন, রাত ১১টায় কারখানা থেকে কাজ শেষ করে তিনি একাই বাড়ি ফেরেন। যোগীজির নেতৃত্বে বিজেপি সরকার নিরাপত্তার এমন এক পরিবেশ তৈরি করেছে। নিরাপত্তাবোধ এবং সমৃদ্ধির প্রতি আত্মবিশ্বাসই একটি ‘বিকশিত ভারত’ গড়ে তুলবে। তাই, দেশের প্রত্যেক তরুণ-তরুণীকে বলছি – পুরো আকাশ আপনাদের সামনে খোলা রয়েছে। বড় স্বপ্ন দেখুন। নিজেদের দক্ষতা গড়ে তুলুন। স্বপ্ন পূরণে আপনাদের সমস্ত শক্তি নিয়োজিত করুন। আর কখনও এমনটা ভাববেন না যে আপনারা একা। যখনই মনে হবে আপনারা একা, তখন মনে রাখবেন – আমি আপনাদের পাশে আছি। এই আত্মবিশ্বাস নিয়ে, জীবনের নতুন পর্যায়ে পা রাখার সময়, আপনারা আপনাদের বাবা-মায়ের সব স্বপ্ন পূরণ করুন। আপনারা যা কিছু অর্জন করেছেন, তা সমাজকে শক্তিশালী করার কাজে উৎসর্গ করুন। আপনারা এগিয়ে যাবেন, দেশ এগিয়ে যাবে এবং আপনাদের পরিবার গর্বিত হবে। এই মনোভাব নিয়ে, এই বিশেষ মুহূর্তে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। কিছুক্ষণ আগেই টেলিভিশনে দেখলাম, সারা দেশের বিভিন্ন আইটিআই-তে অনেক তরুণ-তরুণী একত্রিত হয়েছেন। আমি তাঁদের সবাইকে অভিনন্দন জানাই এবং অনেক অনেক শুভকামনা জানাই।
আমার সঙ্গে বলুন:
ভারত মাতা কি জয়!
ভারত মাতা কি জয়!
ভারত মাতা কি জয়!
ভারত মাতা কি জয়!
আপনাদের অনেক ধন্যবাদ!
(প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে)
SC/SB/AS
Celebrating the hard work and achievements of India's skilled youth at the Kaushal Deekshant Samaroh in Lucknow. https://t.co/HJ8DAt1bpY
— Narendra Modi (@narendramodi) November 21, 2026
21वीं सदी का भारत कौशल को, स्किल को सम्मान देकर ही आगे बढ़ सकता है। इसलिए, बीते वर्षों में हमारी सरकार ने श्रमेव जयते की भावना से एक के बाद एक कई कदम उठाए हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 21, 2026
जब आप कोई हुनर सीखते हैं, तो आप केवल मशीनों पर काम नहीं करते। आप लोगों की जिंदगी को आसान बनाते हैं। आप देश का सामर्थ्य बढ़ाते हैं: PM @narendramodi during Kaushal Deekshant Samaroh in Lucknow
— PMO India (@PMOIndia) November 21, 2026
आज भारत, विश्व की स्किल कैपिटल बनने की तरफ आगे बढ़ रहा है: PM @narendramodi at Kaushal Deekshant Samaroh in Lucknow
— PMO India (@PMOIndia) November 21, 2026
मैं देश के हर युवा से कहता हूं कि आपके सामने इस समय पूरा आसमान है…बड़े सपने देखिए, अपने कौशल का विकास करिए और अपने सपनों को पूरा करने के लिए पूरी ताकत लगा दीजिए: PM @narendramodi at Kaushal Deekshant Samaroh in Lucknow
— PMO India (@PMOIndia) November 21, 2026