Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভোপাল মেট্রো রেল প্রকল্প রূপায়ণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে বুধবার (তেসরা অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভোপাল মেট্রো রেল প্রকল্প রূপায়ণের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের আওতায় কারোন্দ সার্কেল এইম্‌স পর্যন্ত এবং ভাড়ভাড়া স্কোয়ার থেকে রত্নগিরি তিরাহা পর্যন্ত দুটি রেল করিডর নির্মাণ করা হবে, যার মোট দৈর্ঘ্য ২৭.৮৭ কিলোমিটার। এর মধ্যে কারোন্দ সার্কেল থেকে এইম্‌স পর্যন্ত করিডরের দৈর্ঘ্য ১৪.৯৯ কিলোমিটার এবং ভাড়ভাড়া থেকে রত্নগিরি তিরাহা পর্যন্ত করিডরের দৈর্ঘ্য ১২.৮৮ কিলোমিটার। এই প্রকল্প রূপায়িত হলে ভোপাল শহরের প্রধান ও ব্যস্ত জায়গাগুলির সঙ্গে মেট্রো যোগাযোগ স্থাপিত হবে।

কারোন্দ সার্কেল থেকে এইম্‌স পর্যন্ত মেট্রো লাইনের অধিকাংশ অংশই মাটির ওপরে থাকবে। এই অংশে মোট ১৬টি স্টেশনের মধ্যে ১৪টিই মাটির ওপরে এবং দুটি ভূগর্ভস্থ হবে।

ভাড়ভাড়া স্কোয়ার থেকে রত্নগিরি তিরাহা পর্যন্ত করিডরে মেট্রো লাইনের ১৪টি স্টেশনই মাটির ওপরে নির্মাণ করা হবে।

এই মেট্রো প্রকল্পের ফলে শহরবাসীরা সুলভে ও নিরাপদে এক বিশ্বাসযোগ্য পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারবেন। সেইসঙ্গে, দুর্ঘটনার সংখ্যা যেমন কমবে, তেমনই দূষণ, সফরের সময়, বিদ্যুতের খরচ এবং অসামাজিক ঘটনার সংখ্যা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প রূপায়ণে আনুমানিক খরচ ধরা হয়েছে ৬,৯৪১ কোটি ৪০ লক্ষ টাকা। চার বছরে প্রকল্পটির কাজ সম্পূর্ণ হবে। প্রকল্প রূপায়ণের জন্য মধ্যপ্রদেশ মেট্রো রেল কোম্পানি লিমিটেড নামে একটি সংস্থা গঠন করা হয়েছে। প্রকল্প রূপায়ণের খরচ কেন্দ্রীয় সরকার এবং মধ্যপ্রদেশ সরকার সমানভাবে বহন করবে। খরচের কিছু অংশ ইউরোপীয় বিনিয়োগ ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে। এই প্রকল্পের প্রাথমিক কাজকর্ম শুরু জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে এবং শীঘ্রই এর কাজ শুরু হবে।

 

CG/BD/DM/