Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে জার্মান চ্যানসেলারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে জার্মান চ্যানসেলারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


নয়াদিল্লি,  ১৭ জুন  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে জার্মান চ্যানসেলার  শ্রী ফ্রিডরিশ মার্ৎজ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতার মধ্যে এ বছর এটি দ্বিতীয় সাক্ষাৎ।

জার্মান চ্যানসেলারের সফল ভারত সফর এবং এ বছরের গোড়ায় ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনার আবহে উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা করেন। ভারত-জার্মান কৌশলগত অংশীদারিত্বের বিষয়েও তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। এ বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছরের বর্ষপূর্তি উদযাপন করছে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সুরক্ষা, পরিবেশ বান্ধব ও সুস্থায়ী উন্নয়ন, প্রযুক্তি, উদ্ভাবন, শিক্ষা এবং দুই দেশের নাগরিকদের মধ্যে যাওয়া-আসা সহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলতে উভয় নেতা তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জার্মানি হয়ে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের এখন আর ট্রানজিট ভিসা নিতে হয় না। এই ব্যবস্থা কার্যকর হওয়া এবং প্রতিরক্ষা শিল্প সহযোগিতার পরিকল্পনা নিয়ে যে সমঝোতাপত্র সাক্ষরিত হয়েছে, তাতে উভয় নেতা স্বাগত জানিয়েছেন। 

পশ্চিম এশিয়া ও রাশিয়া-ইউক্রেন সংঘাত সহ বিভিন্ন পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা মতবিনিময় করেছেন। 

এ বছর শেষের দিকে জার্মানিতে ভারত-জার্মান অষ্টম আন্তঃসরকারি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন জার্মান চ্যান্সেলার। 

 

SC/CB/NS