ডাক দপ্তরে কর্মরত গ্রামীণ ডাক সেবকদের পারিশ্রমিকের কাঠামো ও ভাতা সংশোধনের একটি প্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। ফলে উপকৃত হবেন ৩ লক্ষ ৭ হাজার গ্রামীণ ডাক সেবক।
পারিশ্রমিকের কাঠামো সংশোধনের ফলে ২০১৮-১৯ অর্থ বছরে সরকারের ব্যয় হবে ১,২৫৭ কোটি ৭৫ লক্ষ টাকা। সংশোধন অনুসারে, টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাওয়েন্স (টিআরসিএ)-এর ধাপ ও কাঠামোকে আরও বাস্তবসম্মত করে তোলা হয়েছে। মোট গ্রামীণ ডাক সেবকদের নিয়ে আসা হয়েছে দুটি শ্রেণীতে – শাখা পোস্ট মাস্টার এবং সহায়ক শাখা পোস্ট মাস্টার। চার ঘন্টা এবং পাঁচ ঘন্টা কাজের জন্য শাখা পোস্ট মাস্টাররা টিআরসিএ বাবদ পাবেন যথাক্রমে ১২,০০০ টাকা ও ১৪,৫০০ টাকা। অন্যদিকে, চার ঘন্টা ও পাঁচ ঘন্টা কাজের জন্য সহায়ক শাখা পোস্ট মাস্টাদের টিআরসিএ বাবদ দেওয়া হবে যথাক্রমে ১০,০০০ টাকা এবং ১২,০০০ টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সময়ে সময়ে সংশোধিত মহার্ঘ ভাতা পাওয়ারও তাঁরা অধিকারী হবেন। এছাড়াও, এক্সগ্রাশিয়া বোনাসেরও ব্যবস্থা রাখা হয়েছে গ্রামীণ ডাক সেবকদের জন্য। স্থির হয়েছে যে ১লা জানুয়ারি, ২০১৬ থেকে সংশোধন প্রস্তাব কার্যকর হওয়ার দিন পর্যন্ত প্রাপ্য বকেয়া মোট অর্থও তাঁদের একটিমাত্র কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে। এছাড়াও, বার্ষিক ৩ শতাংশ হারে বর্ধিত পারিশ্রমিক পাওয়ার তাঁরা সুযোগ পাবেন প্রতি বছর ১লা জানুয়ারি অথবা ১লা জুলাইতে।
সংশোধন প্রস্তাব অনুযায়ী, গ্রামীণ ডাক সেবকদের ঝুঁকিপূর্ণ কাজের জন্য একটি নতুন ভাতাও চালু করা হয়েছে।
CG/SKD/DM/…