নয়াদিল্লি, ২৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ১১,০০০ কোটি টাকা ব্যয়ে “নির্মাণ ও পরিকাঠামো সরঞ্জাম (CIE) উৎপাদন ইকোসিস্টেমের উন্নয়ন বিষয়ক প্রকল্প”-এ অনুমোদন দিয়েছে। ভারী শিল্প মন্ত্রকের মাধ্যমে তা বাস্তবায়িত হবে। গতি আসবে দেশীয় যন্ত্রাংশ উৎপাদনে।
বর্তমানে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম CIE বাজারের অধিকারী ।২০২৪-২৫ অর্থবছরে এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়য়েছে প্রায় ৯৭,৫০০ কোটি টাকা। পরিকাঠামো (সড়ক ও বন্দর) এবং আবাসন খাতে দ্রুত বৃদ্ধির কারণে, ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে এই পরিসরে লেনদেন প্রায় ২,২৮,১০০ কোটি টাকায় পৌঁছাবে বলে অনুমান।
নির্মাণ ও পরিকাঠামো খাতের দ্রুত প্রসারের প্রেক্ষাপটে, এই প্রকল্পের উদ্দেশ্য হলো—’শিপ-টু-শোর ক্রেন’ (জাহাজ থেকে তীরে পণ্য ওঠানোর ক্রেন), টানেল বোরিং মেশিন, হাইড্রোলিক এক্সকাভেটর এবং অফ-হাইওয়ে ট্রাকের মতো প্রযুক্তিগতভাবে উন্নত সরঞ্জামগুলোর উৎপাদনকে উৎসাহিত করা। এছাড়া, দেশে অত্যাধুনিক ও বিশেষায়িত CIE পরীক্ষাকেন্দ্র স্থাপনের ব্যবস্থাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।
আট বছর মেয়াদী এই প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছর থেকে শুরু হবে। এর প্রথম পর্যায়ে (২০২৬-২৭ থেকে ২০২৭-২৮ অর্থবছর পর্যন্ত) উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য দুই বছরের প্রস্তুতিমূলক সময় থাকবে। এরপর পাঁচ বছর (২০২৮-২৯ থেকে ২০৩২-৩৩ অর্থবছর পর্যন্ত) উৎসাহ ভাতা প্রদানের সময়কাল নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ বছরে (২০৩৩-৩৪ অর্থবছর) আগের বছরের (২০৩২-৩৩ অর্থবছর) বর্ধিত বিক্রয়মূল্যের ওপর ভিত্তি করে চূড়ান্ত উৎসাহ ভাতা প্রদান করা হবে।
এই প্রকল্পের দুটি প্রধান অংশ রয়েছে বিক্রয়-ভিত্তিক উৎসাহ ভাতা এবং যাচাইয়ের সুবিধার জন্য অনুদান।
ভারত সরকারের এই পদক্ষেপ কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং প্রকল্পটি ‘আত্মনির্ভর ভারত’ ও‘বিকশিত ভারত @২০৪৭’-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
SC/AC/NS…