Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা, সিসিএস-এর বৈঠকে সভাপতিত্ব প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৬ 

 

পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন মন্ত্রক ও বিভাগের গৃহীত পদক্ষেপগুলি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির (সিসিএস)  বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ক্যাবিনেট সচিব বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি এলএনজি/এলপিজি ও সার সহ পেট্রোলিয়ামজাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য গৃহীত উদ্যোগগুলি নিয়ে আলোচনা করেন। তিনি জানান যে, এলপিজি সংগ্রহের উৎসগুলিতে ইতিমধ্যেই বৈচিত্র্য আনা হয়েছে এবং প্রধান পেট্রোলিয়ামজাত পণ্যগুলির সামগ্রিক মজুত ও সরবরাহের পরিস্থিতি সন্তোষজনক। অপরিশোধিত তেলের পর্যাপ্ত জোগান কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রের সংস্থাগুলির শোধনাগারগুলিকে ১০০ শতাংশেরও বেশি সক্ষমতায় কাজ করার সুযোগ করে দিয়েছে। এর ফলে পেট্রোল, ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন অব্যাহত রয়েছে। পাইপ-বাহিত প্রাকৃতিক গ্যাস সংযোগ সম্প্রসারণেরও উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে পিএনজি সংযোগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 

বৈঠকে আসন্ন রবি মরসুমের জন্য সারের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হয় এবং সারের বিকল্প উৎসগুলি নিয়েও আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে, সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সংঘাতপূর্ণ এলাকায় দেশীয় ও বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত নাবিকদের অবস্থা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী নাবিক ও তাঁদের পরিবারবর্গকে সময়মতো তথ্য প্রদান, জরুরি সহায়তা ও পরামর্শ প্রদানের জন্য একটি ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, এই সংঘাতের প্রভাব থেকে দেশের নাগরিক এবং বিদেশে বসবাসরত ভারতীয়দের  সুরক্ষায় সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সৌরশক্তি ও জীবাশ্ম-জ্বালানি বহির্ভূত অন্যান্য উৎস-সহ নবীকরণযোগ্য শক্তির উৎসের ওপর জোর দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের স্বার্থ রক্ষায় উপযুক্ত পদক্ষেপগুলি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারির জন্য একটি ঐক্যবদ্ধ ও সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে।

 

SC/MP/SB