পিএমইন্ডিয়া
সুবাহ উদেসানাক ভেভা, আয়ুবোয়ান
গত বছর মার্চে আমি জাফনায় গিয়েছিলাম।
জাফনার অধিবাসীদের কাছ থেকে আমি যে আন্তরিক ভালোবাসা লাভ করেছিলাম তার স্মৃতি এখনও জাগরূক আমার মানসপটে।
ঐদিনটি ছিল বিশেষ অর্থেই ঐতিহাসিক। কারণ, এই প্রথম একজন ভারতীয় প্রধানমন্ত্রী জাফনা সফরে গিয়েছিলেন।
আজ আবার আরেকটি স্মরণীয় দিন।
আজ আরও একবার শ্রীলঙ্কা এবং জাফনায় বসবাসকারী অধিবাসীদের সঙ্গে আমাদের অংশীদারিত্বের সম্পর্ক উদযাপন করছি আমরা।
প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে শ্রীলঙ্কাবাসীর উদ্দেশে আজ আমরা উৎসর্গ করছি নতুন করে গড়ে তোলা দুরাইয়াপ্পা স্টেডিয়ামটি।
উদযাপনের এই দিনটিতে আমরা কিন্তু কেউই একা নই।
আধুনিক যোগাযোগ প্রযুক্তির আশীর্বাদে ভারতের ১২৫ কোটি মানুষ এবং শ্রীলঙ্কার মৈত্রীপ্রিয় জনসাধারণ যোগ দিয়েছেন আমাদের এই উদযাপনের মুহূর্তে।
বন্ধুগণ,
প্রায় ২০ বছর প্রতীক্ষার পর আপনাদের উল্লাস ও আনন্দধ্বনিতে আরও একবার জেগে উঠবে দুরাইয়াপ্পা স্টেডিয়ামের প্রাণকেন্দ্রটি।
হাজার হাজার কিলোমিটার দূরে দিল্লিতে অবস্থান করলেও জাফনায় পরিবর্তনের আবহাওয়ায় যে আনন্দ ও কলরব আবার জেগে উঠেছে, তার স্পন্দন অনুভব করতে পারছি আমরা।
দুরাইয়াপ্পা স্টেডিয়াম শুধুমাত্র ইট, বালি, সিমেন্ট দিয়ে গড়ে ওঠেনি।
এ হল আমাদের অর্থনৈতিক বিকাশ ও আশা-আকাঙ্ক্ষার এক বিশেষ প্রতীক।
এ হল জাফনার যুবসমাজের সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যতের একটি কেন্দ্রস্থল।
হিংসার পথ বর্জন করে অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে যে সঙ্কল্প গ্রহণ করেছেন আপনারা, এ হল তারই একটি প্রকাশ মাধ্যম।
এই স্টেডিয়ামের ভিত গড়ে উঠেছে আপনাদের সাহসিকতা ও মহান উৎসর্গের মধ্য দিয়ে।
এর সফল রূপায়ণ এই বার্তাই বহন করে যে অতীতকে পেছনে ফেলে এক সমৃদ্ধ ভবিষ্যতের সম্ভাবনার দিকে তাকিয়ে রয়েছেন আপনারা।
মাননীয় সিরিসেনা,
আপনার এবং প্রধানমন্ত্রী বিক্রমসিংঘের চিন্তাভাবনা ও নেতৃত্ব, উত্তরাঞ্চলের প্রশাসক ও মুখ্যমন্ত্রীর উদ্যোগ এই প্রকল্পের সফল রূপায়ণ নিশ্চিত করে তোলার কাজে সাহায্য করেছে। এজন্য আপনাদের সকলকেই আমি অভিবাদন জানাই।
বন্ধুগণ,
আমাদের সম্পর্ক শুধুমাত্র দুটি দেশের সরকারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই সম্পর্ক গড়ে উঠেছে আমাদের দু’দেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, শিল্পকলা এবং ভৌগোলিক অবস্থানগত ঘনিষ্ঠ সংযোগ ও যোগাযোগের মধ্য দিয়ে।
ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তার নিজের অর্থনৈতিক বিকাশ ও উন্নয়ন প্রতিবেশী রাষ্ট্রগুলির কল্যাণেও এক চালিকাশক্তির কাজ করবে।
আমাদের দু’দেশের শক্তি ও সহযোগিতা মূর্ত হয়ে উঠেছে দুরাইয়াপ্পা স্টেডিয়ামটির মধ্য দিয়ে। শ্রীলঙ্কার উন্নয়নে ভারতের সহযোগিতা হল প্রকৃতপক্ষে আমাদের মৈত্রী সম্পর্কের এক বিশেষ প্রতিশ্রুতি।
আপনাদের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতেই গড়ে উঠেছে আমাদের এই সম্পর্ক। এই সম্পর্কে আপনারা যে আস্থা ও বিশ্বাস রাখেন তাও প্রতিফলিত আমাদের পরস্পরের কাজের মধ্য দিয়ে।
আমাদের বহুদিনের এই সম্পর্ক শুধুমাত্র বর্তমান যুগেই প্রাসঙ্গিক নয়, এর প্রাসঙ্গিকতা অক্ষুণ্ণ থাকবে ভবিষ্যতেও।
বন্ধুগণ,
অর্থনৈতিক দিক থেকে এক সমৃদ্ধ শ্রীলঙ্কা গড়ে উঠুক এটাই ভারতকামনা করে।
ভারত চায় এমন এক শ্রীলঙ্কার উত্থান যেখানে ঐক্য ও সংহতি, শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা এবং সমান সুযোগ ও মর্যাদার সহাবস্থান ঘটবে।
ঐ দেশের সমস্ত নাগরিকই এর ফলে উপকৃত হবেন।
মাননীয় সিরিসেনা এবং বন্ধুগণ,
এখন থেকে আর মাত্র ৭২ ঘন্টা পরেই আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের দ্বিতীয় বর্ষ উদযাপন করবে সমগ্র বিশ্ব।
২০১৪ সালে রাষ্ট্রসঙ্ঘের এ সম্পর্কিত একটি প্রস্তাব যাঁরা প্রথম সমর্থন করেছিলেন, শ্রীলঙ্কা ছিল তাঁদের মধ্যে অন্যতম।
আজ আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালনের এক বিশেষ প্রাক্-মুহূর্ত উদযাপন করলাম জাফনার দুরাইয়াপ্পা স্টেডিয়াম থেকে।
কিছুক্ষণ আগে যে ‘সূর্য নমস্কার’ প্রদর্শিত হল তা সার্বিক স্বাস্থ্যচর্চা এবং প্রকৃতির সঙ্গে বিশ্বের মিলন ও সম্প্রীতির বার্তাই বহন করে।
আন্তর্জাতিক যোগ দিবস পালনের সূচনা পর্ব এর থেকে ভালো আর কি হতে পারে।
মাননীয় প্রেসিডেন্ট সিরিসেনা,
আরও একবার ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ জানাই আপনার সঙ্গে উপস্থিত নেতৃস্থানীয় সকলকেই এবং জাফনার প্রিয় মানুষদের।
আমাদের স্থায়ী মৈত্রী সম্পর্কের একটি প্রতীকচিহ্ন হয়ে থাকবে এই দুরাইয়াপ্পা স্টেডিয়াম।
শ্রীলঙ্কার নাগরিকদের অগ্রগতি ও সমৃদ্ধির পথে সর্বদাই সঙ্গী হবে ভারত।
১২৫ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি আরও একবার অভিনন্দন জানাই শ্রীলঙ্কার নাগরিকদের উদ্দেশে।
বহমা স্তুতি, মিক্কা নান্দ্রি, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
PG/SKD/DM/
Renovated Durraiappah Stadium in Jaffna embodies the spirit of India-SL cooperation & is a symbol of optimism. https://t.co/waGtndsWYk
— Narendra Modi (@narendramodi) June 18, 2016
I salute the visionary leadership of President @MaithripalaS, PM @RW_UNP & CM of Northern Province in ensuring the success of this project.
— Narendra Modi (@narendramodi) June 18, 2016
Also witnessed ‘Surya Namaskar’ being performed in Jaffna, a perfect curtain raiser to #IDY2016 celebrations across the world.
— Narendra Modi (@narendramodi) June 18, 2016