নয়াদিল্লি, ১৩ অক্টোবর ২০২৬
সকলকে আমার অভিবাদন!
কর্ণাটকের রাজ্যপাল, সুধা যাদবজি, উপ-মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমারজি, আমার মন্ত্রিসভার সহকর্মী নির্মলা সীতারামনজি, রাজ্য সরকারের মন্ত্রী বাসবরাজ রায়ারের্ডিজি, সংসদে আমার সহকর্মী যদুভীর কৃষ্ণদত্ত চামরাজ ওয়াদিয়ারজি, উপস্থিত সকল বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মাইসোরের আমার প্রিয় ভাই ও বোনেরা।
সর্বপ্রথমে, আমি মা চামুণ্ডেশ্বরীর চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আবারও মাইসোরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মাত্র কয়েক মাস আগেই আমি আপনাদের মাঝে এসেছিলাম ‘বিবেক স্মারক’-এর উদ্বোধনের জন্য। আর আজ, আমরা এখানে সমবেত হয়েছি ‘কসমস প্ল্যানেটোরিয়াম’-কে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। এই দুটি ঘটনাই ভারতের মূল্যবোধ ও সংস্কৃতির এক গভীর বার্তা বহন করে। ‘বিবেক স্মারক’ আমাদের অন্তর্মুখী হতে এবং আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণে অনুপ্রাণিত করে। অন্যদিকে, ‘কসমস’-এ আমাদের দৃষ্টি নিবদ্ধ হয় আকাশের দিকে; আমরা এই বিশাল মহাবিশ্বকে অন্বেষণ করতে এবং এর রহস্য উন্মোচনে অনুপ্রাণিত হই। এটি একটি চমৎকার উদাহরণ যে, কীভাবে ভারতে আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের ঐতিহ্য সর্বদা পাশাপাশি এগিয়ে চলেছে।
বন্ধুগণ,
আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত নিবিড়ভাবে আকাশ পর্যবেক্ষণ করতেন। তাঁরা নক্ষত্র ও গ্রহের গতিবিধি বুঝতেন, পঞ্জিকা তৈরি করতেন এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময়কাল নির্ণয় করতেন। ভারত ছিল আর্যভট্ট, বরাহমিহির, ভাস্করাচার্য এবং নীলকণ্ঠ সোময়াযীর মতো মহান জ্যোতির্বিজ্ঞানীদের আবাসভূমি। সেই সময়ে আজকের মতো উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ছিল না; তা সত্ত্বেও, তাঁরা গুরুত্বপূর্ণ সব আবিষ্কার করেছিলেন এবং অত্যন্ত জটিল সব গাণিতিক হিসাব সম্পন্ন করেছিলেন।
বন্ধুগণ,
মাইসোরে এমন সব প্রতিষ্ঠান গড়ে তোলার ঐতিহ্য রয়েছে, যা জ্ঞানচর্চাকে উৎসাহিত করে। মহারাজা নলওয়াদি কৃষ্ণরাজ ওয়াদিয়ারের শাসনামলে ‘মাইসোর বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়েছিল। বেঙ্গালুরুতে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স’ (আইআইএসসি) প্রতিষ্ঠার ক্ষেত্রেও ওয়াদিয়ার পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই প্রতিষ্ঠানগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার্থী ও গবেষকদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আজ যখন ভারত বিজ্ঞানের ক্ষেত্রে একের পর এক মাইলফলক স্পর্শ করছে, তখন মাইসোরও এই অত্যাধুনিক ‘কসমস প্ল্যানেটোরিয়াম’-এর মাধ্যমে ভারতের বৈজ্ঞানিক যাত্রায় একটি নতুন অধ্যায় যুক্ত করছে। আজ, এই অত্যাধুনিক কসমস প্ল্যানেটোরিয়ামটি দেশের যুবসমাজ ও জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করা হচ্ছে। এটি ভারতের প্রথম এলইডি ডোম প্ল্যানেটোরিয়াম। আমি এইমাত্র এখানে একটি প্রদর্শনী দেখার সুযোগ পেয়েছি; এটি সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমি ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স’, মহীশূর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি বিভাগ এবং এর নির্মাণের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাই। এই বিশেষ মুহূর্তে আমি সমগ্র দেশবাসীকেও অভিনন্দন জানাচ্ছি।
বন্ধুগণ,
দীর্ঘদিন ধরে আমাদের দেশে একটি স্লোগান প্রচলিত আছে — যার কথা নির্মলাজি তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন—’জয় জওয়ান, জয় কিষান’। শ্রদ্ধেয় অটলজি এর সঙ্গে যুক্ত করেছিলেন ‘জয় বিজ্ঞান’, আর পরবর্তীতে আমি এর সঙ্গে যোগ করেছি ‘জয় অনুসন্ধান’। একবিংশ শতাব্দীর ভারত এই দৃষ্টিভঙ্গি নিয়েই এগিয়ে চলেছে। আর আমাদের দেশের যুবসমাজ এক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করছে। গত বছর ভারত মুম্বাইতে ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’-এর আয়োজন করেছিল। আমাদের তরুণরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এতে অংশগ্রহণ করেছিল। আর এ বছর, এই অলিম্পিয়াডের পরবর্তী সংস্করণে অংশ নিতে ভারতের পাঁচজন শিক্ষার্থী ভিয়েতনামে গিয়েছিল। তাদের মধ্যে চারজন স্বর্ণপদক এবং একজন রৌপ্যপদক জয় করেছে। এটি সমগ্র দেশের জন্য গর্বের বিষয়।
বন্ধুগণ,
আমাদের তরুণ শিক্ষার্থীরা বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রেও অসাধারণ সাফল্য দেখাচ্ছে। এ বছর আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলোতেও ভারতীয় শিক্ষার্থীরা বড় ধরনের সাফল্য অর্জন করেছে। এর মধ্যে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞানের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। শিক্ষার্থীরা হয় স্বর্ণপদক অথবা রৌপ্যপদক জয় করেছে। এটি ভারতের জন্য একটি রেকর্ড সাফল্য। এর অর্থ হলো, আমাদের যুবসমাজ যখন সুযোগ পায়, শেখার জন্য প্রয়োজনীয় সম্পদ লাভ করে এবং প্রযুক্তি, বিভিন্ন সরঞ্জাম ও প্রতিষ্ঠানের সমর্থন পায়, তখন তারা যে কোনো বড় লক্ষ্য অর্জনের সক্ষমতা প্রমাণ করতে পারে। এই কসমস প্ল্যানেটোরিয়ামটিও এখন তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দারুণভাবে সাহায্য করবে।
বন্ধুগণ,
আজ প্রযুক্তি বিশ্বকে অত্যন্ত দ্রুতগতিতে বদলে দিচ্ছে। আর এই ক্ষেত্রে ধীরগতিতে এগিয়ে চলার ঝুঁকি নেওয়ার সামর্থ্য কোনো দেশেরই নেই। গত এক দশকে ভারত জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্পদার্থবিজ্ঞান এবং মহাকাশ খাতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। আমরা দেশে নতুন নতুন টেলিস্কোপ স্থাপন করেছি। মহাকাশ গবেষণার বেশ কিছু চ্যালেঞ্জিং ক্ষেত্রে ভারত আজ বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে অন্যতম হয়ে উঠেছে। চন্দ্রযান-৩ অভিযানের মাধ্যমে ইসরো ভারতকে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণ করিয়েছে। আদিত্য-এল১-এর মাধ্যমে ভারত মহাকাশে তার প্রথম সৌর মানমন্দির পেয়েছে। ঠিক গত বছরই, মহাকাশে ডকিং ও আনডকিং করার সক্ষমতা প্রদর্শনকারী বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠেছে ভারত।
বন্ধুগণ,
ইতিমধ্যেই একজন ভারতীয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন এবং সেখানে বেশ কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এই মিশন থেকে অর্জিত অভিজ্ঞতা আমাদের নিজস্ব মানববাহী মহাকাশ মিশন ‘গগনযান’-এর জন্যও অত্যন্ত কার্যকর প্রমাণিত হচ্ছে।
বন্ধুগণ,
আমাদের সরকার মহাকাশ খাতকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এর ফলে বেসরকারি খাতের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। ভারতের স্টার্টআপগুলোও তাদের সক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়েছে। আজ আমাদের তরুণরা নিজেরাই রকেট উৎক্ষেপণ করছে, উপগ্রহকে কক্ষপথে স্থাপন করছে এবং মহাকাশ খাতে এমন সব কাজ করছে যা আগে ভারতে কখনো হয়নি। এটিই হলো ‘নতুন ভারত’-এর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি—যেখানে নতুন আবিষ্কারকে উৎসাহিত করা হচ্ছে, নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে এবং আমাদের তরুণদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
বন্ধুগণ,
ভারত সবসময়ই ‘মানবতাই সবার আগে’—এই মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে। ভারতের মহাকাশ মিশনগুলোও মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত। উদাহরণস্বরূপ, ইসরো আমাদের মৎস্যজীবী ভাইদের জন্য একটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে।এই ব্যবস্থার মাধ্যমে, সমুদ্রে থাকা যেসব নৌকায় রিসিভার রয়েছে, সেগুলোতে ঝড়ের সময় সময়মতো সতর্কবার্তা পাঠানো সম্ভব হয়। এছাড়া, তারা নিরাপদে তীরে ফিরে আসছে কি না, তাও ট্র্যাক করা যায়।
বন্ধুগণ,
আপনারা অনেকেই হয়তো ট্রেনের লাইভ লোকেশন চেক করেন। এর মাধ্যমে জানা যায়, ট্রেনটি এখন কোথায় আছে এবং কখন স্টেশনে পৌঁছাবে। এই তথ্যটি প্রদান করে ‘রিয়েল-টাইম ট্রেন ট্র্যাকিং সিস্টেম’, যা ভারতীয় রেল ও ইসরো যৌথভাবে তৈরি করেছে। একইভাবে, ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’-তেও স্যাটেলাইট ডেটা ব্যবহার করা হয়। এর আওতায়, মাঠ থেকে সংগ্রহ করা তথ্যের পাশাপাশি স্যাটেলাইট ডেটা ব্যবহার করে ফসলের ফলন অনুমান করা হয়। এই অনুমানের ভিত্তিতেই কৃষকদের বিমা দাবি নিষ্পত্তি করা হয়। এর অর্থ হলো, আমাদের উপগ্রহগুলো যেমন মহাকাশের উচ্চতায় পৌঁছেছে, ঠিক তেমনই সেগুলো পৃথিবীতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও ব্যবহৃত হচ্ছে।
বন্ধুগণ,
‘সমাজের জন্য বিজ্ঞান’—এটিই আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা দেশে নিরন্তর গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করে চলেছি। দেশের ১০,০০০-এরও বেশি ‘অটল টিঙ্কারিং ল্যাব’ থেকে এখন পর্যন্ত এক কোটিরও বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে। এই গবেষণাগারগুলো শিশুদের তাদের নিজস্ব ধারণা নিয়ে কাজ করার, নতুন পরীক্ষা-নিরীক্ষা চালানোর এবং উদ্ভাবনী কিছু করার সুযোগ করে দেয়।
বন্ধুগণ,
গবেষণাকে এগিয়ে নিতে হলে আমাদের শিক্ষার্থী ও গবেষকদের বিশ্বের সেরা গবেষণাকর্মগুলোর নাগাল পাওয়া অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই আমরা ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’ (এক দেশ, এক সাবস্ক্রিপশন) ব্যবস্থা চালু করেছি। এটি এখন দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক জার্নালগুলোর সুবিধা পেতে দারুণভাবে সহায়তা করছে। আমরা ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে আমরা অনেক বিশ্ববিদ্যালয়কে নতুন নতুন গবেষণায় যুক্ত হতে সাহায্য করছি।
বন্ধুগণ,
গত বছর আমরা ১ লক্ষ কোটি টাকার একটি ‘গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্প’ চালু করেছি, যাতে আমাদের দেশের গবেষকরা পর্যাপ্ত অর্থায়ন পেতে থাকেন। এটি গবেষণাগারে উদ্ভাবিত নতুন প্রযুক্তিগুলোকে বাস্তবে প্রয়োগের পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করছে।
বন্ধুগণ,
আজ আমাদের দেশে বিজ্ঞান ও গবেষণার জন্য একটি শক্তিশালী পরিবেশ গড়ে উঠছে। বিজ্ঞানের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মের মধ্যে কৌতূহল থাকাটা খুব জরুরি। এই কৌতূহলকে লালন করার ক্ষেত্রে প্ল্যানেটোরিয়াম (তারামণ্ডল কেন্দ্র) ও বিজ্ঞান কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি ‘কসমস’-এর সঙ্গে যুক্ত সবার প্রতি আহ্বান জানাব, আপনারা এমনভাবে কাজ করুন যাতে এখানকার স্কুল-কলেজগুলো থেকে যথাসম্ভব বেশি শিক্ষার্থী এখানে আসতে পারে এবং তাদের নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থাও করা যায়। যে শিশুরা আজ এখানে মহাবিশ্ব সম্পর্কে জানতে আসছে, তাদের মধ্য থেকেই হয়তো কেউ একদিন ফিরে আসবে এবং আমাদের জানাবে যে, তারা মহাবিশ্ব সম্পর্কে নতুন কী কী আবিষ্কার করেছে! আর সেটিই হবে এই ‘কসমস প্ল্যানেটোরিয়াম’-এর সবচেয়ে বড় অর্জন। এই আত্মবিশ্বাস নিয়ে, আপনাদের আগামী যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আপনাদের সবার প্রতি আমার শুভকামনা রইল। অনেক ধন্যবাদ।
বি. দ্র.: এটি প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি আনুমানিক অনুবাদ। মূল বক্তব্যটি তিনি হিন্দিতে বলেছেন।
SC/SB/NS
The new COSMOS Planetarium in Mysuru brings the wonders of the universe closer to young minds. https://t.co/AhdAkpkSGF
— Narendra Modi (@narendramodi) November 13, 2026
भारत में आर्यभट्ट, वराहमिहिर, भास्कराचार्य और नीलकंठ सोमयाजी जैसे अनेक महान astronomers हुए। आज जैसे advanced instruments और technology उस समय नहीं थे। इसके बावजूद उन्होंने बड़ी-बड़ी खोजें कीं, मुश्किल calculations किए: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
आज जब भारत science के क्षेत्र में एक के बाद एक नई उपलब्धियां हासिल कर रहा है, तब इस अत्याधुनिक COSMOS Planetarium के रूप में मैसूरु भी भारत की scientific journey में एक नया chapter जोड़ रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
हमारी सरकार ने space sector को open किया। इससे private sector के लिए नई संभावनाएं बनी हैं। भारत के startups को भी अपनी क्षमता दिखाने का अवसर मिला है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026