পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১৭ জুন, ২০২৬
রাষ্ট্রপতি ম্যাক্রোঁ,
মহামান্য অতিথিবৃন্দ,
আমি আনন্দিত যে ফ্রান্সের জি-৭ প্রেসিডেন্সি অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি এমন এক সময় যখন বিশ্ব বহু সমস্যা এবং অনিশ্চয়তার সম্মুখীন, তখন এই ফোরাম থেকে উঠে আসা বার্তাটি সমগ্র মানবজাতির কল্যাণ ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
আজ, বৃদ্ধির প্রশ্নটি কেবল জিডিপি বা ব্যবসার সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। আসল প্রশ্নটি হলো: এই বৃদ্ধি থেকে কারা লাভবান হচ্ছে? কারা এর অন্তর্ভুক্ত হয়েছে? এবং এটি কোন দিকে যাচ্ছে?
বন্ধুগণ,
ভারতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, যৌথ উন্নয়নকে একটি আকাঙ্ক্ষা থেকে বাস্তবে রূপান্তরিত করা সম্ভব। যখন ভারত এগোয়, তখন মানবজাতির এক-ষষ্ঠাংশও এর সঙ্গে এগোয়। সেইজন্য, ভারতের বৃদ্ধির গল্পটি কেবল অর্থনৈতিক উন্নয়নের গল্প নয়—এটি সকলের জন্য অন্তর্ভুক্তি, মাত্রা এবং গণতান্ত্রিক ক্ষমতায়নের গল্প।
বিগত বারো বছর ধরে, ভারত “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস” এই পথনির্দেশক নীতির উপর ভিত্তি করে উন্নতি করেছে। এটি আমাদের বিশ্বব্যাপী যোগাযোগের পথনির্দেশক নীতিও।
ভারতের জি-২০ সভাপতিত্বকালে আমরা বিশ্বের কাছে “এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ” এই বার্তাটি পৌঁছে দিয়েছিলাম। এটি কেবল একটি স্লোগান ছিল না; এটি ছিল আমাদের সভ্যতার সেই আদর্শের প্রকাশ, যা সমগ্র বিশ্বকে এক পরিবার হিসেবে দেখে।
এই ভাবনা থেকেই আমরা ঐতিহাসিক ইন্ডিয়া-মিডলইস্ট-ইউরোপ ইকনোমিক করিডোর (আইএমইসি) চালু করেছিলাম। এই কৌশলগত করিডোরটি এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে সংযুক্ত করে এবং অংশীদার দেশগুলোর মধ্যে বাণিজ্যকে ত্বরান্বিত করবে, সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করবে এবং বিনিয়োগ, কর্মসংস্থান ও উদ্ভাবনের নতুন সুযোগ তৈরি করবে। আজ, এই ধরনের উদ্যোগগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে – যেগুলির বৈশিষ্ট্য হবে স্থানীয় মালিকানা, স্বচ্ছ অর্থসাহায্য এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের জন্য একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি।
বন্ধুরা,
পশ্চিম এশিয়ার সংকটের কারণে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ শৃঙ্খলে যে ব্যাঘাত ঘটেছে, তা আরও কিছুকাল ধরে গ্লোবাল সাউথের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। আমরা যদি আন্তর্জাতিক সংহতি জোরদার করতে সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ হই, তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে এই সংকটগুলির বোঝা একা বহন করতে দেওয়া উচিত নয়।
আমাদের আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত এমন সহায়তা ব্যবস্থা গড়ে তোলা, যা উন্নয়নশীল দেশগুলিকে এ ধরনের ধাক্কা সামলাতে এবং তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।
বন্ধুগণ,
আইএমইসি-র ধারনা থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা আফ্রিকা, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ অঞ্চলের দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন প্রকল্পে কাজ করতে পারি।
জি৭-এর মূলধন, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথের দেশগুলির মালিকানাকে একত্রিত করে আমরা ‘ইন্টারন্যাশনাল মোবিলাইজেশন পার্টনারশিপ ফর অ্যাক্সিলারেটিং কানেক্টিভিটি অ্যান্ড ট্রেড’ (আইএমপিএসিটি) প্রতিষ্ঠার কথা বিবেচনা করতে পারি। এর উদ্দেশ্য হওয়া উচিত এমন করিডোর তৈরি করা যা বাণিজ্য, প্রযুক্তি, শক্তি এবং সুযোগকে সংযুক্ত করবে।
বন্ধুগণ,
আজ যখন উন্নত দেশগুলো বার্ধক্যজনিত সমাজের সমস্যার মুখোমুখি, তখন ভারত এবং গ্লোবাল সাউথের অন্য দেশগুলির তরুণ প্রতিভা, উদ্যোগ এবং দক্ষতার পরিপ্রেক্ষিতে বিপুল সম্ভাবনা রয়েছে।
এই স্বাভাবিক পরিপূরকতাকে কাজে লাগাতে আমরা একটি ‘গ্লোবাল স্কিলস পার্টনারশিপ’ প্রতিষ্ঠার কথা বিবেচনা করতে পারি। এই কাঠামোর অধীনে আমরা দক্ষতার মানচিত্র তৈরি এবং নির্ভরযোগ্য দক্ষ গতিশীলতার প্রসারে একসঙ্গে কাজ করতে পারি।
বন্ধুগণ,
বিশ্বের সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার কেবল কথায় সীমাবদ্ধ নয়; এটি আমাদের কাজেও প্রতিফলিত হয়। গত কয়েক বছরে, ভারত এই সভায় উপস্থিত বেশিরভাগ দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে।
এটি ভারতের এই বিশ্বাসকে প্রতিফলিত করে যে, দেশটি বিচ্ছিন্নতায় নয়, বরং একীকরণে; রক্ষণশীলতায় নয়, বরং অংশীদারিত্বে; এবং অনিশ্চয়তায় নয়, বরং যৌথ সমৃদ্ধিতে বিশ্বাসী।
আগামী বছরগুলিতে, ভারত আমাদের যৌথ অর্থনৈতিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করতে এবং আরও স্থিতিশীল, নির্ভরযোগ্য ও সমৃদ্ধ একটি বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে আপনাদের সকলের সঙ্গে একত্রে কাজ করে যাবে।
ধন্যবাদ।
প্রধানমন্ত্রীর মূল বক্তব্যটি হিন্দিতে।
SC/AP/SKD
At the G7 Summit in Evian, addressed the Outreach Session on ‘Reviving a Balanced, Shared and Sustainable Economic Growth for All.’ It is good that the French G7 Presidency has given importance to this topic.
— Narendra Modi (@narendramodi) June 17, 2026
The reality today is- when it comes to growth, the question should… pic.twitter.com/qGQpCLbQPA
Like the vision of IMEC, can we work on connectivity projects with countries in Africa, Latin America and the Pacific Islands?
— Narendra Modi (@narendramodi) June 17, 2026
By combining G7 capital, India’s talent and the ownership of Global South countries, we may also consider establishing an International Mobilisation…
Today, many societies are becoming ageing societies while India and other countries of the Global South have abundance of young talent, entrepreneurship and skills.
— Narendra Modi (@narendramodi) June 17, 2026
To harness this natural complementarity, called for the creation a Global Skills Partnership, where we can work…