Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন্স অ্যাসোশিয়েশন ( জিএসএমএ)-এর বোর্ড সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন্স অ্যাসোশিয়েশন ( জিএসএমএ)-এর বোর্ড সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়


নতুন দিল্লি, ৬ অক্টোবর ২০২৬   

 

ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’-এর প্রাক্কালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘সেবা তীর্থ’-এ ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন’ (জিএসএমএ)-এর বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। জিএসএমএ হলো একটি আন্তর্জাতিক সংস্থা যেটি মোবাইল ফোনের সঙ্গে সংশ্লিষ্ট। এই সংস্থা মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট শিল্পের বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্ব করে।  

 

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। সমাজের কোনো অংশই যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে প্রযুক্তির গণতন্ত্রীকরণ অপরিহার্য। ‘গ্লোবাল সাউথ’-বা দক্ষিনী বিশ্বের জন্য প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাগুলোকে ব্যয়সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। এছাড়া, ডিজিটাল ক্ষেত্রে বৈষম্য হ্রাসের জন্য প্রযুক্তির সুফল একেবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার গুরুত্বও তিনি তুলে ধরেন।  

   

প্রধানমন্ত্রী বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি পরিবর্তনশীল শক্তি হিসেবে সরকারি ডিজিটাল পরিকাঠামোর (ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার- ডিপিআই)-এর সম্ভাবনার কথা উল্লেখ করেন। বিশ্বনেতাদের সঙ্গে ডিপিআই নিয়ে আলোচনার মাধ্যমে এর ক্রমবর্ধমান আন্তর্জাতিক গুরুত্ব স্পষ্ট হয়েছে এবং এ ধরনের মঞ্চ দক্ষিনী বিশ্বের দেশগুলোর জন্য অগ্রগতির ক্ষেত্রে সহায়ক হতে পারে।   

 

ডিজিটাল ও সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান চ্যালেঞ্জের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর নানা উদ্যোগের প্রয়োজন। সম্ভাব্য জালিয়াতির ফোন কল সম্পর্কে সকলকে সতর্ক করতে ব্যবহারকারীদের জন্য নিয়মিত সচেতনতামূলক বার্তা প্রচারের পরামর্শ তিনি দেন।   

 

প্রধানমন্ত্রী অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড ও অভিন্ন নিয়মনীতি প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। ‘ডিপফেক’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি বিষয়বস্তুর ক্রমবর্ধমান ঝুঁকির প্রেক্ষিতে, এমন সব পদ্ধতি বা ব্যবস্থা খতিয়ে দেখার পরামর্শ দেন যার মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে এগুলোর উৎসকে শনাক্ত করতে পারবেন।   

 

জিএসএমএ র বোর্ড সদস্যরা ডিজিটাল ও মোবাইল সংযোগের ক্ষেত্রে ভারতের বিশ্বনেতা হিসেবে আত্মপ্রকাশের বিষয়টি তুলে ধরেন। তাঁরা ফোরজি ও ফাইভজি-র দ্রুত সম্প্রসারণ, সরকারি ডিজিটাল পরিকাঠামোর বিশাল ব্যাপ্তি এবং টেলিযোগাযোগ ও মোবাইল ফোন উৎপাদন ক্ষেত্রের উন্নয়নের প্রশংসা করেন। তাঁরা ভারতের বিনিয়োগ-বান্ধব নীতিসমূহের প্রশংসা করেন এবং ধারাবাহিক ডিজিটাল উন্নয়নের ক্ষেত্রে নিরাপদ, শক্তিশালী ও নির্ভরযোগ্য ডিজিটাল পরিকাঠামোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।   

 

বোর্ড সদস্যরা ফাইভজি, সিক্সজি, এআই, সাইবার নিরাপত্তা, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগের মতো ক্ষেত্রগুলিতে ভারতের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার ক্রমবর্ধমান সুযোগের কথাও তুলে ধরেন। 

 

এই বৈঠকে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দপ্তরের প্রতিমন্ত্রী ড. পেম্মাসানি চন্দ্র শেখর, জিএসএমএ-এর বোর্ড সদস্যরা এবং কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

 

 SC/CB/DM