Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আসিয়ান-ভারত ২৩-তম শীর্ষ সম্মেলনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ

আসিয়ান-ভারত ২৩-তম শীর্ষ সম্মেলনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ


নয়াদিল্লি,  ১৭ নভেম্বর  ২০২৬

 

সুধী রাষ্ট্রপতি মার্কোস,
সুধীবৃন্দ
নমস্কার।

আপনাদের আসিয়ান পরিবারের সঙ্গে আরও একবার মিলিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। আসিয়ান গোষ্ঠীর সফল সভাপতিত্ব এবং ভারতকে কান্ট্রি কোঅর্ডিনেটার হিসেবে অংশগ্রহণ করার গুরুত্বপূর্ণ সুযোগ দেওয়ার কারনে আমি রাষ্ট্রপতি মার্কোসকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

আজ এই ফরম্যাটে আসিয়ান নেতৃবৃন্দের সঙ্গে আমার এটি ত্রয়োদশ বৈঠক। বিগত বছরগুলিতে আমাদের অ্যাক্ট ইস্ট নীতির মাধ্যমে ভারত ও আসিয়ানের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। আমাদের অংশীদারিত্ব বর্তমানে চিরায়ত সংস্কৃতির সঙ্গে ডিজিটাল পদ্ধতিকে যুক্ত করে প্রতিরক্ষা ও মহাকাশের মতো নতুন নতুন ক্ষেত্রে প্রসারিত হচ্ছে। 

২০১৪ সাল থেকে আজ পর্যন্ত আমাদের জনসাধারণের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করে তুলতে ১০০-র বেশি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ২৫০০-র মতো কুইক ইমপ্যাক্ট প্রজেক্টের সূচনা হয়েছে। এর পাশাপাশি ১০,০০০-এর বেশি দক্ষতা বিকাশ সংক্রান্ত বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ ভারত এবং আসিয়ান গোষ্ঠীভুক্ত ৯টি দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল করছে। এই দেশগুলির সঙ্গে ক্রমবর্ধমান পর্যটনের মাধ্যমে আমাদের নৈকট্য প্রতিফলিত হচ্ছে।

বন্ধুগণ,

বিগত কয়েক বছরে পৃথিবীর সামনে একটির পর একটি সঙ্কট দেখা দিচ্ছে। বর্তমানে বিশ্বের সব থেকে প্রয়োজন শান্তি, স্থিতাবস্থা এবং আগামী সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া। এই লক্ষ্যে এই বছরে আমাদের মূল ভাবনা- “একসঙ্গে আমাদের ভবিষ্যতের পথে এগিয়ে চলা।” বর্তমান সময়ের প্রেক্ষিতে যা বিশেষ তাৎপর্যপূর্ণ।

পৃথিবীর মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ ভারত ও আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতে বসবাস করে। তাই আমাদের ভবিষ্যৎ প্রতিযোগিতামূলক না হয়ে সহযোগিতামূলক করে তোলার বিষয়টি সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমাদের সেই ক্ষমতা রয়েছে, আমাদের কাছে লক্ষ্যও রয়েছে। আমরা একযোগে শান্তি ও স্থিতাবস্থার প্রতীক হয়ে উঠতে পারি।

বন্ধুগণ,

এই বছর আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলিতে এটি আমার তৃতীয় সফর। এর মধ্য দিয়ে আসিয়ান সম্পর্কে ভারতের গুরুত্ব বিশেষভাবে প্রতিফলিত হচ্ছে। আমরা বিশ্বাস করি ভারতের উন্নয়ন এবং আসিয়ানের সমৃদ্ধি একে অন্যের সঙ্গে পারস্পরিক সম্পর্কযুক্ত।

আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫ এবং বিকশিত ভারত ২০৪৭ আগামীদিনে  আমাদের অভিন্ন পরিকল্পনাগুলিকে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ভবিষ্যতে আমরা আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবো। আমরা একসঙ্গে নিজ নিজ ক্ষেত্রের কথা বিবেচনা করে নতুন নতুন পরিকল্পনা করবো। এই অংশীদারিত্বে আসিয়ানের ঐক্যবদ্ধ ও কেন্দ্রীভূত মানসিকতার প্রতি ভারতের অটুট আস্থা রয়েছে, যা ভবিষ্যতেও অটুট থাকবে। 

আমার বিশ্বাস, আজকের এই বৈঠকে আমাদের সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্ব নতুন এক উচ্চতায় পৌঁছাবে, যা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত ও সমৃদ্ধ করে তুলবে। 

আমি আপনাদের প্রত্যেকের চিন্তাভাবনা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

অনেক অনেক ধন্যবাদ।

 

SC/CB/NS….