নয়াদিল্লি, ২৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী গুরু নানক দেব জির পবিত্র প্রকাশ পরব উপলক্ষে আয়োজিত শবদ কীর্তনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ওয়াহগুরু জী কা খালসা, ওয়াহগুরু জী কী ফতেহ!’—এই বলে উপস্থিত ভক্তবৃন্দদের অভিবাদন জানান। গুরু নানক দেব জির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
ও শবদ কীর্তনে অংশগ্রহণের সুযোগ পাওয়ার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীকে এই উৎসবের শুভেচ্ছা জানান।
গুরবানির প্রতিটি শব্দ এবং কীর্তনের প্রতিটি সুরকে কেবল সঙ্গীত হিসেবে না দেখে, প্রধানমন্ত্রী সেগুলিকে এক আধ্যাত্মিক সাধনা এবং জ্ঞানের মহাসাগরে অবগাহনের সমতুল্য বলে অভিহিত করেন। তিনি বলেন,যখনই এই জাতীয় কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ বা যোগদানের সুযোগ আসে,তিনি সঙ্গত ও কীর্তনে অংশগ্রহণ করেন।
তিনি বলেন,গুরু নানক দেব জির শিক্ষা—‘কিরাত করো, বন্দ ছকো, নাম জপো’ অর্থাৎ সততার সঙ্গে কাজ করো, উপার্জিত সম্পদ ভাগ করে ভোগ করো এবং ঈশ্বরের নাম জপ করো—এই মর্মধারা তাঁর শৈশব থেকেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। প্রধানমন্ত্রী গুরুদ্বারে মাথা নত করা, গুরবানিতে নিমগ্ন হওয়া, সেবার আনন্দ অনুভব করা, লঙ্গরে অংশগ্রহণ করা এবং বহুবার শ্রী হরমন্দির সাহিবে গিয়ে শ্রদ্ধা নিবেদনের স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন,তাঁর পুরনো সহকর্মীরা জানেন তিনি পাঞ্জাবে অনেকটা সময় কাটিয়েছেন এবং সেই সময় তাঁর জীবনের অন্যতম বিশেষ স্মৃতি হয়ে আছে।
গুরুর কৃপায় শিখ সন্তদের সান্নিধ্য পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে বহু সন্ত ও বিদ্বান ব্যক্তিদের আতিথ্য লাভের সৌভাগ্যের কথাও উল্লেখ করেন তিনি।
শ্রী মোদী এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতিতে অনুভূত এক বিশেষ আধ্যাত্মিক শক্তির কথা উল্লেখ করে সকল শিখ ভাইদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, এ বছরের প্রকাশ পরব শ্রী গুরু তেগ বাহাদুর জির শহীদত্ব বরণের ৩৫০তম বার্ষিকীর সাথে একই সময়ে পড়েছে। তিনি রাষ্ট্রের পরিচিতি, বিশ্বাস, আস্থা ও মূল্যবোধ রক্ষার জন্য দিল্লির মাটিতেই নিজের জীবন উৎসর্গ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ৩৫০ বছর পরেও সেই আত্মত্যাগের অনুপ্রেরণা এই দেশের মাটি ও প্রতিটি কোণায় গভীরভাবে মিশে আছে। এ’জন্য দেশের প্রতিটি নাগরিক তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সমগ্র শিখ ঐতিহ্যই হলো রাষ্ট্র ও সংস্কৃতির জন্য সবকিছু উৎসর্গ করার সমার্থক। ভাই মতি দাস জি, ভাই সতী দাস জি এবং ভাই দয়াল জির আত্মত্যাগ—পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে শিখদের অবিচল নিষ্ঠা এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি গুরুদ্বার সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এবং আজীবন সেবায় উৎসর্গীকৃত সরদার তেজা সিং সামুন্দ্রি জির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন,এ বছর তাঁর শহীদত্ব বরণেরও শতবর্ষ পূর্ণ হচ্ছে।
ভারত শতাব্দীর পর শতাব্দী যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, তা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের সবচেয়ে কঠিন সময়েও গুরুগণই রাষ্ট্রকে রক্ষার শিখাটিকে প্রজ্বলিত রেখেছিলেন। তিনি জোরের সঙ্গে বলেন,আজকের মহান জাতীয় সংকল্প এবং ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য কেবল তাঁদের অনুপ্রেরণা ও আদর্শের মাধ্যমেই অর্জন করা সম্ভব। শ্রী মোদী বলেন,এই কারণেই শিখ ঐতিহ্য এবং শিখ সংস্কৃতির উত্তরাধিকারকে আলোকবর্তিকা হিসেবে এগিয়ে নিয়ে যাওয়া সকলের দায়িত্ব।
বিগত ১২ বছর ধরে সরকার কীভাবে পূর্ণ নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করে আসছে, তা বিস্তারিত তুলে ধরেন তিনি। ভারত ও বিদেশে গুরু গোবিন্দ সিং জির ৩৫০তম প্রকাশ পূরব এবং গুরু নানক দেব জির ৫৫০তম প্রকাশ পূরব উদযাপনের কথা উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এই উপলক্ষে স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করা হয়েছে, বিশেষ ট্রেন চালানো হয়েছে, দেশজুড়ে গুরবানি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং গুরু তেগ বাহাদুর জির ৪০০তম প্রকাশ পরব উপলক্ষে লাল কেল্লায় একটি জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, একই ভাবনায় বর্তমানে গুরু তেগ বাহাদুর জির শহীদত্ব বরণের ৩৫০তম দিবসও পালন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান,২৬শে ডিসেম্বর দেশজুড়ে বীর বাল দিবস পালন করা হবে। সাহসী সাহিবজাদাদের আত্মত্যাগ এবং মাতা গুজরির দৃঢ় সংকল্পের অমর গাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই জাতীয় দিবস পালনের সূচনা করা হয়েছে। শ্রী মোদী জোর দিয়ে বলেন, আমাদের শিশুরা যখন সেই সময়ের পরিস্থিতি সম্পর্কে জানবে—কীভাবে সাহিবজাদা ও গুরুরা শহীদত্ব বরণ করেছিলেন এবং কীভাবে আমাদের ধর্ম ও বিশ্বাস সুরক্ষিত ছিল—তখন এই জ্ঞান ও অনুপ্রেরণা তাদের এমন এক তরুণ প্রজন্মে গড়ে তুলবে, যারা দেশের সেবায় নিবেদিত থাকবেন।
তিনি বলেন,গুরুদের মহিমা উদযাপনের প্রয়াস ভারতের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত। প্রধানমন্ত্রী ফিলিপিন্সের প্রাচীনতম গুরুদ্বার খালসা দিওয়ান-এ তাঁর সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করেন। এই গুরুদ্বারটির পুনর্নির্মাণে ভারত সরকার সহায়তা করছে। প্রধানমন্ত্রী বলেন, গুরুদের আলো যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছায় এবং তাঁদের আশীর্বাদে ভারত যেন নতুন উচ্চতায় পৌঁছাতে পারে তার প্রয়াস নেওয়া হয়েছে।
‘আরদাস’ প্রার্থনার অংশ—‘নানক নাম চড়দি কলা, তেরে ভানে সর্বত দা ভালা’ অর্থাৎ নানকের নামে সর্বদা জয়ধ্বনি হোক, আর তোমার ইচ্ছায় সকলের কল্যাণ সাধিত হোক—উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন গুরবানি সকলের কল্যাণের জন্য কাজ করার সর্বজনীন শিক্ষা দেয়। শ্রী মোদী বলেন,সবার মঙ্গলের চিন্তা তখনই মনে জাগে, যখন আমরা সবাইকে আপন বলে ভাবতে শুরু করি।
বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রেক্ষাপটে, যেখানে নিরপরাধ মানুষ ও পরিবারগুলি হিংসার শিকার হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শান্তির সর্বজনীন প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি প্রতিটি পরিবারের নিরাপত্তা এবং প্রতিটি ব্যক্তির মর্যাদাপূর্ণ জীবনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এমন সময়ে ‘সর্বত দা ভালা’ অর্থাৎ সবার কল্যাণ-এর চেতনা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
গুরু সাহিবের শেখানো জীবনবোধের প্রকৃত পরীক্ষা যে দৈনন্দিন জীবনেই হয়—তার উল্লেখ করে প্রধানমন্ত্রী মাদকের মতো সামাজিক সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী মোদী বলেন, কোন তরুণ আসক্তির কবলে পড়লে, তার সঙ্গে পুরো পরিবারের স্বপ্নও ভেঙে চুরমার হয়ে যায়।
ভারতের প্রতিটি তরুণকে মাদকমুক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে, নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে এবং পরিবার ও দেশের জন্য গর্ব বয়ে আনতে পারবে। তরুণদের সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে পরিবার, সংগত (ধর্মীয় সমাবেশ), গুরুদুয়ারা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বক্তব্যের শেষে তিনি ‘প্রকাশ পরব’-এর শুভেচ্ছা জানান এবং শিখ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অভিবাদন জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন যে তিনি নিশ্চিত যে, গুরু সাহিবের কৃপা এবং সমাজের সম্মিলিত চেষ্টায় আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো।
SC/AB/NS
Happy to join the Shabad Kirtan marking the Parkash Purab of Sri Guru Nanak Dev Ji. https://t.co/YMDdLpFvot
— Narendra Modi (@narendramodi) November 23, 2026
राष्ट्र और उसकी संस्कृति के लिए सब कुछ न्योछावर करने का जज्बा...पूरी सिख परंपरा इसका पर्याय रही है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 23, 2026
आज दुनिया में कितने ही स्थानों पर संघर्ष चल रहे हैं। कितने ही निर्दोष लोग, कितने परिवार हिंसा और अशांति का सामना कर रहे हैं। ऐसे में, दुनिया के हर हिस्से में शांति हो, हर परिवार सुरक्षित हो, हर व्यक्ति को सम्मान के साथ जीने का अवसर मिले...इसके लिए ‘सरबत दा भला’ की भावना और भी अहम हो जाती है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 23, 2026
देश का हर युवा नशे से आज़ाद हो। वो अपने सपनों को पूरा करे। खूब पढ़ें, आगे बढ़ें, अपने परिवार और देश का गौरव बढ़ाए। इस प्रयास में परिवारों की भूमिका बहुत बड़ी है। हमारी संगत, हमारे गुरुद्वारे, हमारी सामाजिक संस्थाएं, सब मिलकर नौजवानों को दिशा दे सकते हैं, उन्हें सही रास्ता चुनने का हौसला दे सकते हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 23, 2026