Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদকে ঢেলে সাজানোর প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের এক্স-অফিসিও চেয়ারম্যান পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী্কে মনোনীত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে আজ (১৩ জুন, ২০১৮) এই মর্মে কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চলীয় বিকাশ মন্ত্রকের একটি প্রস্তাব অনুমোদিত হয়। উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদ হল উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিত একটি বিধিবদ্ধ সংস্থা। পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে উত্তর-পূর্বাঞ্চলীয় বিকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রীর (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অন্তর্ভুক্তির একটি প্রস্তাবও গৃহীত হয় মন্ত্রিসভার আজকের বৈঠকে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্প রূপায়িত হয় উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের উদ্যোগে। মন্ত্রিসভার আজকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, উত্তর-পূর্বাঞ্চলীয় বিকাশ মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা মিলিতভাবে একটি মঞ্চ গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট আন্তঃরাজ্য বিষয়গুলি সম্পর্কে আলাপ-আলোচনাক্রমে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়াও, বিভিন্ন আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে নেওয়া উদ্যোগগুলি সম্পর্কেও উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদ চিন্তাভাবনা করতে পারবে। এই ধরণের বিষয়গুলির মধ্যে রয়েছে – মাদক পাচার, অস্ত্রশস্ত্রের চোরাচালান, সীমানা বিতর্ক ইত্যাদি।

নতুনভাবে গড়ে তোলার ফলে সংশ্লিষ্ট অঞ্চলের একটি বিশেষ প্রতিষ্ঠান হিসাবে উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদ আরও কার্যকরভাবে বিভিন্ন প্রকল্প রূপায়ণের দায়িত্ব পালন করবে। বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি রূপায়ণ সম্পর্কে সময়ে সময়ে পর্যালোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি, রাজ্য সরকারগুলির মধ্যে সমন্বয়সাধনের কাজও করে যাবে পরিষদ।

***

CG/SKD/DM/